ওটিটিতে আলোচিত সেই সিনেমা, আরও যা দেখবেন
এই সপ্তাহে ওটিটিতে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
দ্য হাউসমেইড
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
দ্য হাউসমেইড প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ১৯ ডিসেম্বর। মাত্র ৪৫ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি সেখান থেকে আয় করে ৩০০ মিলিয়নের বেশি। আলোচিত এই ইরোটিক থ্রিলারটি এবার ওটিটিতে এসেছে। গল্পের কেন্দ্রে রয়েছেন মিলি; ভাগ্যবিড়ম্বিত এক তরুণী। যে করেই হোক, চাকরি তাঁকে জোটাতেই হবে। শেষ পর্যন্ত নিউইয়র্কের লং আইল্যান্ডের এক অভিজাত পরিবারে মিলে যায় গৃহকর্মীর চাকরি। আপাতদৃষ্টে সুখী মনে হলেও মিলি ধীরে ধীরে বুঝতে পারেন, বাইরে থেকে যেমনটা দেখায়, এই পরিবার তার চেয়েও জটিল। পল ফিগের ছবিটিতে অভিনয় করেছেন আমান্ডা স্রেফিড, সিডনি সুইনি ও ব্র্যান্ডন স্কলেনার।
দ্য রাজা সাব
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিও হটস্টার
দিনক্ষণ: চলমান
সমালোচকদের কাছে পাত্তা না পেলেও বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছিল প্রভাস অভিনীত ফ্যান্টাসি হরর–কমেডিটি। দাদু ও নাতির মানসিক দ্বন্দ্ব নিয়ে সিনেমার গল্প। মারুতি পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগারওয়াল, মালবিকা মোহনন।
সালভাদর
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
স্প্যানিশ এই সিরিজের গল্প এক অ্যাম্বুলেন্সচালককে ঘিরে। হঠাৎ তিনি জানতে পারেন তাঁর মেয়ে গুরুতর অপরাধীদের সঙ্গে জড়িয়ে পড়েছে! রহস্য জানতে মাঠে নেমে তিনি দ্রুতই বুঝতে পারেন, তিনি যা আশঙ্কা করেছিলেন, পরিস্থিতি তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং। এইতর গ্যাবিলোনদো পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন আলহান্দ্রো ক্যাসাসিকা, লুইস তোসার।
স্প্লিটসভিল
ধরন: সিনেমা
স্ট্রিমিং: হুলু
দিনক্ষণ: চলমান
ক্যারির কাছ থেকে বিচ্ছেদ চান তাঁর স্ত্রী। মর্মাহত ক্যারি বন্ধুর কাছে হাজির হন। উদ্দেশ্য, বন্ধুর দাম্পত্য সুখের রহস্য জেনে নিজের সম্পর্ককে জোড়া লাগানো; কিন্তু ঘটনা জটিল হয়ে ওঠে যখন ক্যারির উপস্থিতি বন্ধুর দাম্পত্যেও ফাটল ধরায়। এমন গল্প নিয়ে কমেডি সিনেমাটি গত বছর মুক্তির পর ব্যাপক প্রশংসিত হয়; এবার দেখা যাচ্ছে ওটিটিতে। মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন ডাকোটা জনসন, কাইল মারভিন, আদ্রিয়া আরজোনা।