নগ্ন দৃশ্য বাদ দিতে চেয়েছিলেন নির্মাতা, নায়িকা নিজেই রাজি হননি

‘ইউফোরিয়া ৩’–তে সিডনি সুইনি। এইচবিও

গত ৩১ মে শেষ হয়েছে এইচবিওর আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’। এদিন প্রচারিত হয় সিরিজটির তৃতীয় ও শেষ মৌসুমের শেষ পর্ব। এবারের কিস্তি মুক্তির পর আগেরগুলোর মতোই আলোচিত হয়েছে, নগ্নতা ও যৌনতার উপস্থাপনা নিয়ে সমালোচনাও হয়েছে। তবে নির্মাতা স্যাম লেভিনসন জানান, তিনি তৃতীয় মৌসুমে অভিনেত্রী সিডনি সুইনির চরিত্র ক্যাসিকে নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। তিনি ভেবেছিলেন, এবার হয়তো চরিত্রটির কোনো নগ্ন দৃশ্য না রাখাই ভালো। কিন্তু সেই প্রস্তাব শুনে অবাক হয়ে যান সুইনি নিজেই। তাঁর সোজাসাপটা জবাব ছিল, ‘মজা করছেন নাকি?’

সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্মাতা স্যাম লেভিনসন এ তথ্য জানান। তিনি জানান, ক্যাসি চরিত্রটি দীর্ঘদিন ধরেই দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দু। অনেক সময় চরিত্রটির অতিরিক্ত যৌনায়ন নিয়েও সমালোচনা হয়েছে। তাই নতুন মৌসুমে তিনি ভিন্নভাবে বিষয়টি উপস্থাপনের কথা ভেবেছিলেন।
লেভিনসনের ভাষায়, ‘আমি প্রথমে ভাবছিলাম, হয়তো পুরো মৌসুমটাই এমনভাবে ধারণ করব, যেখানে কোনো নগ্নতা থাকবে না। কিছু দৃশ্য অন্যভাবে দেখানোর চেষ্টা করা যেতে পারে।’

কিন্তু সিডনি সুইনি এই ধারণার সঙ্গে একমত হননি। লেভিনসন বলেন, ‘সে আমার দিকে তাকিয়ে বলল, “আপনি কি সিরিয়াস? আমি তো একজন অনলিফ্যানসের (প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট) মডেলের চরিত্রে অভিনয় করছি। আর আপনি বলছেন এসব বিষয় এড়িয়ে যাবেন?” তখন আমি বললাম, ঠিক আছে, তোমার কথায় যুক্তি আছে।’

‘ইউফোরিয়া ৩’–এর প্রিমিয়ারে সিডনি সুইনি। এএফপি

২০১৯ সালে শুরু হওয়া ‘ইউফোরিয়া’ তরুণদের জীবন, মাদক, সম্পর্ক, যৌনতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে নির্মিত একটি আলোচিত সিরিজ। শুরু থেকেই এতে থাকা খোলামেলা দৃশ্য ও নগ্নতা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।
বিশেষ করে ক্যাসি চরিত্রে অভিনয় করা সিডনি সুইনি বহুবার সমালোচনার মুখে পড়েছেন। অনেকেই মনে করেছেন, তাঁর চরিত্রে প্রয়োজনের তুলনায় বেশি নগ্ন দৃশ্য রাখা হয়েছে। তবে অভিনেত্রী বরাবরই বলে এসেছেন, তিনি চরিত্রের প্রয়োজন বুঝেই এসব দৃশ্যে অভিনয় করেন।

সাক্ষাৎকারে স্যাম লেভিনসন বলেন, কোনো চরিত্রে কতটা নগ্নতা বা অন্তরঙ্গ দৃশ্য থাকবে, তা অভিনেতারা শুরু থেকেই জানেন।
‘চিত্রনাট্য পড়লেই বোঝা যায়, চরিত্রটির কী প্রয়োজন। অডিশনের সময়ও অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়, তিনি এসব দৃশ্যে স্বাচ্ছন্দ্য বোধ করেন কি না। যদি রাজি থাকেন, তখনই তাঁকে নেওয়া হয়,’ বলেন তিনি।

আরও পড়ুন

লেভিনসন আরও জানান, এখন হলিউডে অন্তরঙ্গ দৃশ্যের জন্য বিশেষ ‘ইনটিমেসি কো-অর্ডিনেটর’ থাকেন, যিনি অভিনেতাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেন।
লেভিনসনের মতে, কোনো অভিনেতা যদি পরে সিদ্ধান্ত নেন যে তিনি একটি নির্দিষ্ট দৃশ্য করতে চান না, তাহলে তাঁকে জোর করা যায় না। অভিনেতা যখন নিরাপদ ও স্বাধীন অনুভব করেন, তখনই তাঁর কাছ থেকে সেরা অভিনয় বেরিয়ে আসে।
সাক্ষাৎকারে সিডনি সুইনির প্রশংসাও করেন লেভিনসন। তিনি বলেন, ‘সিডনি একেবারে নির্ভীক একজন অভিনেত্রী। একই সঙ্গে অত্যন্ত পেশাদার। আমাদের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক রয়েছে।’

‘ইউফোরিয়া ৩’–এর দৃশ্য। ছবি: এইচবিও

নির্মাতার মতে, ‘ইউফোরিয়া’র নতুন মৌসুমে ক্যাসির গল্প এমন এক জগৎকে তুলে ধরবে, যেখানে অনলাইন কনটেন্ট নির্মাতা ও অনলিফ্যান্স সংস্কৃতির বাস্তবতা রয়েছে। সেই বাস্তবতা তুলে ধরতে গিয়ে কখনো হাস্যরস, কখনো নাটকীয়তা, আবার কখনো চরিত্রটির গভীর মানসিক চাওয়া-পাওয়াকে সামনে আনা হবে।
লেভিনসন বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি বিষয়টিকে বাস্তব, মজার, আবেগঘন এবং চরিত্রের যাত্রার সঙ্গে সংগতিপূর্ণ করে তুলতে।’

ভ্যারাইটি অবলম্বনে