ফুটবলের জামাল ভূঁইয়া প্রথমবার অভিনয়ে, বিপরীতে নায়িকা কে

‘ব্রাজেন্টিনা’ সিরিজের শুটিংয়ে জামাল ভূঁইয়াছবি : মীর হোসেন

ফুটবল নিয়ে এবার ক্যামেরার সামনে হাজির হলেন জামাল ভূঁইয়া। ‘ব্রাজেন্টিনা’ নামের একটি সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। ঢাকার কলাবাগানের একটি মাঠে সোমবার থেকে সিরিজটির শুটিং শুরু হয়েছে। ফুটবল বিশ্বকাপকে উপলক্ষ করে সিরিজটি বানাচ্ছেন তারিক মুহাম্মাদ হাসান।

‘ব্রাজেন্টিনা’ সিরিজের শুটিংয়ে জামাল ভূঁইয়া
ছবি : মীর হোসেন

আগেও ফুটবলার ও ক্রিকেটারদের নিয়ে নাটক বানিয়েছেন তারিক মুহাম্মাদ হাসান। ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের সঙ্গে সাদিয়া জাহান প্রভাকে জুটি করে ‘টি-টুয়েন্টি’, ক্রিকেটার জাহানারা আলমের সঙ্গে নিলয় আলমগীরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’ এবং ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে ‘টাইব্রেকার’ বানিয়েছেন। এবার তাসনুভা তিশার সঙ্গে জামাল ভূঁইয়াকে নিয়ে ‘ব্রাজেন্টিনা’।

‘ব্রাজেন্টিনা’ সিরিজের শুটিংয়ে জামাল ভূঁইয়া
ছবি : মীর হোসেন

শুটিং স্পটে প্রথম আলোকে জামাল ভূঁইয়া জানালেন, কয়েক মাস ধরেই কথা হচ্ছিল। তিনি বলেন, ‘শুরুতে না করেছি, বলেছি পারব না। এরপরও পরিচালক বারবার ট্রাই করেছেন। চার বছর আগেও একবার করতে চেয়েছিলেন। কিন্তু ওই সময়ে আমার সময় ছিল না। এবার আবার তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন। আমাকে কনভিন্স করেছেন, সাহসও দিয়েছেন। আমাকে বলেছেন, আমিনুল ভাই, আশরাফুল ভাইকে নিয়ে কাজ করেছেন—এসব শুনে একটু আশ্বস্ত হয়েছি। পরিচালকের আগের কাজগুলো দেখেছি। পরে আশরাফুল ভাইয়ের সঙ্গে আলাপ করেছি—তিনি বলেছেন, করেন করেন। আমিও ভাবলাম, দেখি চেষ্টা করে।’

‘ব্রাজেন্টিনা’ সিরিজের শুটিংয়ের ফাঁকে (বাম থেকে) লামিমা লাম, জামাল ভূঁইয়া ও পরিচালক তারিক মুহাম্মদ হাসান
ছবি : মীর হোসেন

কলাবাগানের যে মাঠে শুটিং হচ্ছিল, সেখানে জামাল ভূঁইয়ার অনেক স্মৃতি, ‘এই মাঠে ক্যারিয়ার শুরু করেছি। সেই মাঠেই শুটিং করছি।’ বললেন জামাল ভূঁইয়া।

‘ব্রাজেন্টিনা’ সিরিজের শুটিংয়ে (বাম থেকে) লামিমা লাম, জামাল ভূঁইয়া ও তাসনুভা তিশা
ছবি : মীর হোসেন

প্রথম দিনের শুটিংয়ে জামাল ভূঁইয়া কেমন করেছেন, জানতে চাইলে পরিচালক তারিক মুহাম্মাদ হাসান বললেন, ‘তাঁর চেষ্টা ছিল। আন্তরিকতার কমতি ছিল না। ফুটবলার জামালকে নতুনভাবে দেখলাম। প্রতিটি দৃশ্য যে আগ্রহ নিয়ে বোঝার চেষ্টা করছেন, এটা দারুণ লেগেছে। আমাদের অভিনয়ের ভাষাটা অল্প সময়ে দারুণভাবে আয়ত্ত করেছেন। বুঝে বুঝে কাজটা করছেন।’

‘ব্রাজেন্টিনা’ সিরিজের শুটিংয়ে জামাল ভূঁইয়া ও লামিমা লাম
ছবি : মীর হোসেন

টুকটাক বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও আগে কখনো অভিনয় করেননি জামাল ভূঁইয়া—করবেন, এমনটাও ভাবেননি, ‘আমার কাছে শুটিংয়ের পুরো ব্যাপারটা ম্যাজিক্যাল মনে হচ্ছে। বিজ্ঞাপনচিত্রে কাজ করছি, সেটা আলাদা। কিন্তু অভিনয়ের ব্যাপারটা একেবারে অন্য রকম, সহজ নয়। নাটকে যাঁদের সঙ্গে অভিনয় করছি, তাঁরা সবাই পেশাদার। এরপরও অভিনয়টা উপভোগ করছি, কিন্তু একটু মুশকিলই মনে হচ্ছে।’ বললেন জামাল ভূঁইয়া।

‘ব্রাজেন্টিনা’ সিরিজের শুটিংয়ে জামাল ভূঁইয়া ও লামিমা লাম
ছবি : মীর হোসেন

তারিক মুহাম্মাদ হাসান বললেন, ‘বিশ্বকাপ ফুটবলের সময় অনেক ধরনের নাটক, সিরিজ হয়। গল্পের বেশির ভাগজুড়ে ব্রাজিল-আর্জেন্টিনা থাকে। আমার গল্পটাও যে খুব বেশি ব্যতিক্রম, তা না। তবে উপস্থাপনটা আলাদা করার চেষ্টা করেছি। দর্শক যেন নতুন কিছু পান, সে কারণে প্রতিটি চরিত্রের উপযোগী শিল্পীকে এখানে কাস্ট করা হয়েছে।

‘ব্রাজেন্টিনা’ সিরিজের শুটিংয়ের ফাঁকে লামিমা লাম ও শরাফ আহমেদ জীবন
ছবি : মীর হোসেন

কেউ কেউ হয়তো ভাবতে পারেন, চমকে দেওয়ার জন্য জামাল ভূঁইয়াকে নেওয়া হয়েছে, মোটেও তা নয়। আমার মনে হয়েছে, একটা চরিত্র এমন রাখা উচিত, যেন আগ্রহের জায়গা ও ভাবনার জায়গা একটু আলাদা হয়। সেই ভাবনা থেকে জামাল ভূঁইয়াকে প্রস্তাব দেওয়া। গল্পের প্রয়োজনেই তিনি এসেছেন।’

‘ব্রাজেন্টিনা’ সিরিজে অভিনয় করেছেন লামিমা লাম, জামাল ভূঁইয়া ও তাসনুভা তিশা
কোলাজ : প্রথম আলো

৮ পর্বের এই সিরিজে আরও অভিনয় করেছেন লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী, ইশতিয়াক আহমেদ। ৩০ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এটির প্রচার শুরু হবে।