বিতর্কিত মন্তব্যের ২৪ ঘণ্টা আগেই সময়কে সতর্ক করেছিলেন কপিল শর্মা

কপিল শর্মা ও সময় রায়নাছবি: এক্স

‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে রিয়েলিটি শোতে প্রতিযোগীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে প্রবল বিতর্কের মুখে ভারতের জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। এ বিতর্কের পর প্রথমবার একসঙ্গে কোনো অনুষ্ঠানে হাজির হলেন কমেডিয়ান সময় রায়না ও ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র সর্বশেষ পর্বে অতিথি ছিলেন তাঁরা। পর্বটিতে সেই বিতর্কের পেছনের নানা অজানা কথা ও পরবর্তী পরিস্থিতি উঠে এসেছে।

রণবীর এলাহাবাদিয়া। ইনস্টাগ্রাম থেকে

অনুষ্ঠানে কপিল শর্মা জানান, তিনি সময়ের শো নিয়মিত দেখতেন। এমনকি বিতর্কের আগেই তিনি একবার ফোন করে সতর্কও করেছিলেন। কপিলের কথায়, ‘আমি তাকে বলেছিলাম, তুমি এখন আলোচনায় আছ, সাবধানে থেকো। বিখ্যাত হওয়া যায় যেকোনোভাবে, কিন্তু পরে নিজের কথারও দায় নিতে হয়।’

সময় রায়না জানান, শো বন্ধ হওয়ার এক দিন আগে কপিল তাকে ফোন করে বলেছিলেন, ‘তোমার সঙ্গে একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে।’ যদিও কপিল পরে ব্যাখ্যা করেন, এটি কোনো ভবিষ্যদ্বাণী নয়, বরং অভিজ্ঞতা থেকে দেওয়া সতর্কতা।

বিতর্ক-পরবর্তী পরিস্থিতি নিয়েও কথা বলেন সময়। তাঁর দাবি, কঠিন সময়ে প্রথম ফোন তিনিই পেয়েছিলেন কপিলের কাছ থেকে। কপিল নাকি তাকে বলেছিলেন, ‘যেমন ভালো সময় শেষ হয়, তেমনি খারাপ সময়ও কেটে যাবে।’