কী দেখবেন, কোথায় দেখবেন
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
দ্য রেড স্লিভ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
সত্য ঘটনা অবলম্বনে পরিচালক জাং জি-ইন ও সং ইয়ন-হুয়া নির্মাণ করেন কোরীয় সিরিজ দ্য রেড স্লিভ। ঐতিহাসিক ও রোমান্টিক ঘরানার সিরিজটি গত বছরের নভেম্বরে মুক্তি পেয়েছিল। এতে রাজদাসীদের জীবন ও সে সময়ের প্রেক্ষাপট সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সিরিজটি এখন বাংলায়ও দেখা যাচ্ছে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে সিরিজটির ৪৪ থেকে ৪৬তম পর্ব। সিরিজটিতে অভিনয় করেছেন লি জুন-হো, লি সি-ইয়ং, কাং হুন প্রমুখ।
পাঠান
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
গত ২৫ জানুয়ারি মুক্তির পর প্রেক্ষাগৃহের হেন রেকর্ড নেই, যা ভাঙেনি ‘পাঠান’। মুক্তির ৫০ দিনের বেশি সময় পর গত মঙ্গলবার ওটিটিতে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দের বহুল প্রতীক্ষিত ছবিটি। ওটিটি সংস্করণে অতিরিক্ত দুই মিনিট ফুটেজ যুক্ত করা হয়েছে। শাহরুখ খান ছাড়াও ছবিটিতে আরও আছেন জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন প্রমুখ।
দ্য নাইট এজেন্ট
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
ষড়যন্ত্রের শিকার এফবিআই এজেন্ট পিটার। তারপরও দেশকে বাঁচাতে মাঠে নামেন মরিয়া পিটার। অ্যাকশন, ড্রামা ঘরানার সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছে গতকাল বৃহস্পতিবার। শন রায়ানের ছবিটিতে অভিনয় করেছেন গ্যাব্রিয়েল ব্যাসো, হং চাউ প্রমুখ। সিরিজটি তৈরি হয়েছে একই নামের উপন্যাস অবলম্বনে।
অন দ্য লাইন
ধরন: সিনেমা
স্ট্রিমিং: লায়নসগেট প্লে
দিনক্ষণ: চলমান
মেল গিবসন অভিনীত থ্রিলার ছবিটি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবার আসছে ওটিটিতে। এতে রেডিও সঞ্চালক এলভিসের চরিত্রে অভিনয় করেছেন মেল গিবসন, যাকে নিজের পরিবারকে বাঁচাতে চরম ঝুঁকি নিতে হয়।