৩ দিনে ৪ কোটি ভিউ! চমকে দিল যে সিনেমা
স্ট্রিমিং দুনিয়ায় নতুন আলোচনার নাম এখন ‘ওয়ার মেশিন’ সিনেমাটি। গত শুক্রবার মুক্তির পর মাত্র তিন দিনে ছবিটির প্রায় ৩৯.৩ মিলিয়ন ভিউ হয়েছে, যা এটিকে সপ্তাহের সবচেয়ে বেশি দেখা কনটেন্টে পরিণত করেছে। জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সাপ্তাহিক তালিকায় ছবিটি শীর্ষে উঠে এসেছে।
গল্প কী নিয়ে
বিজ্ঞান কল্পকাহিনি ও অ্যাকশন ঘরানার এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রিচসন। ছবিটি মুক্তির পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। মাত্র তিন দিনের ভিউ গণনায়ই ৩৯.৩ মিলিয়নের মতো দর্শকসংখ্যা পাওয়া স্ট্রিমিং বাজারে বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।
নেটফ্লিক্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চের ২ থেকে ৮ তারিখের মধ্যে এই ভিউসংখ্যা অর্জন করে ছবিটি সপ্তাহের সবচেয়ে বেশি দেখা কনটেন্টে পরিণত হয়। এর ফলে নতুন এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা দ্রুতই আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
সিনেমাটি পরিচালনা করেছেন প্যাট্রিক হিউজেস। প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যালান রিচসন। ছবিতে দেখা যাবে, মার্কিন সেনাবাহিনীর রেঞ্জার প্রশিক্ষণের শেষ ধাপ চলছে। একদল তরুণ সেনা কঠিন প্রশিক্ষণের মধ্যে রয়েছে। তাদের মধ্যে একজন অভিজ্ঞ সৈনিক (অ্যালান রিচসন) দলের নেতৃত্ব দেয়। কিন্তু একটি সাধারণ প্রশিক্ষণ মিশন হঠাৎই ভয়াবহ পরিস্থিতিতে পরিণত হয়, যখন তারা অজানা উৎসের এক ভয়ংকর যন্ত্র বা এলিয়েন যুদ্ধযন্ত্রের মুখোমুখি হয়। এরপর শুরু হয় জীবন বাঁচানোর লড়াই—যেখানে অস্ত্র, কৌশল ও বুদ্ধি ব্যবহার করে তাদের সেই শক্তিশালী শত্রুর বিরুদ্ধে লড়তে হয়। এভাবেই এক রুটিন প্রশিক্ষণের মধ্যেই ভয়াবহ এক চ্যালেঞ্জের মুখোমুখি হয় তারা।
নির্মাণ ও শুটিং
সিনেমাটির শুটিং মূলত অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঞ্চলে এবং নিউজিল্যান্ডের কিছু প্রাকৃতিক লোকেশনে করা হয়েছে। বাস্তব লোকেশন ব্যবহার করার কারণে ছবির অ্যাকশন দৃশ্যগুলো খুব বাস্তবধর্মী মনে হয়। পরিচালক প্যাট্রিক হিউজেস সিনেমাটিতে যতটা সম্ভব বাস্তব স্টান্ট এবং বাস্তব বিস্ফোরণ ব্যবহার করেছেন, যাতে অ্যাকশন দৃশ্যগুলো আরও বাস্তব মনে হয়। ছবিটি প্রথমে অস্ট্রেলিয়ায় ১২ ফেব্রুয়ারি ২০২৬ মুক্তি পায় এবং পরে ৬ মার্চ বিশ্বব্যাপী স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের মুক্তি পায়।
তালিকায় আরও সিনেমা–সিরিজ
একই সময়ে জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’–এর চতুর্থ মৌসুমও দর্শকদের দৃষ্টি কাড়ছে। সিরিজটির চতুর্থ মৌসুম সামগ্রিক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। বিশেষ করে দ্বিতীয় পর্ব প্রকাশের পর এক সপ্তাহেই এটি ১৩.১ মিলিয়ন ভিউ পেয়েছে। এর আগে জানুয়ারিতে প্রথম চারটি পর্ব প্রকাশের পর সিরিজটি সরাসরি তালিকার শীর্ষে উঠেছিল। পরে শেষ চারটি পর্ব প্রকাশের পর আবারও ২৮ মিলিয়ন ভিউ নিয়ে এক নম্বরে ফিরে আসে।
চতুর্থ মৌসুমের পাশাপাশি সিরিজটির প্রথম মৌসুমও নতুন করে দর্শক পাচ্ছে। পুরোনো সেই মৌসুম আবার তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে, যেখানে এটি প্রায় ২.২ মিলিয়ন ভিউ অর্জন করেছে।
এ সপ্তাহের তালিকায় নতুন তথ্যচিত্র সিরিজ ‘দ্য ডাইনোসরস’ও ভালো সূচনা করেছে। মুক্তির তিন দিনের মধ্যেই এটি ১০.৪ মিলিয়ন ভিউ পেয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে। এ ছাড়া তৃতীয় স্থানে থাকা ‘দ্য নাইট এজেন্ট’–এর তৃতীয় মৌসুম পেয়েছে ৫.২ মিলিয়ন ভিউ। একই তালিকায় নতুন সিরিজ ‘ভ্লাদিমির’ চার দিনের মধ্যে প্রায় ৪.২ মিলিয়ন ভিউ অর্জন করেছে।
ভ্যারাইটি অবলম্বনে