১ মিলিয়ন বাজেটে ৩৪৪ মিলিয়ন ডলার আয়! ঘরে বসেই দেখা যাচ্ছে সেই সিনেমা
গত ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির পরই ঝড় তোলে হরর সিনেমা ‘অবসেশন’। মাত্র ১ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি এখন পর্যন্ত বক্স অফিসে আয় করেছে ৩৪৪ মিলিয়ন ডলার! প্রেক্ষাগৃহের পর সিনেমাটি এসেছে ওটিটিতে। আজ মঙ্গলবার থেকেই সিনেমাটি দেখা যাচ্ছে অ্যাপল টিভি প্লাসে।
হলে মুক্তির সময় সেন্সর বোর্ডের রেটিং বিবেচনায় ছবির কয়েকটি দৃশ্য বাদ দেওয়া হয়েছিল। নির্মাতাদের দাবি, আনরেটেড সংস্করণে সেই কাটা অংশগুলো আবার যুক্ত করা হয়েছে। ফলে দর্শক আরও দীর্ঘ, সহিংস এবং পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পাবেন।
ছবিটি পরিচালনা করেছেন ক্যারি বারকার। ১৫ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘অবসেশন’। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে একের পর এক চমক দেখাতে শুরু করে। ক্যারি বারকার হলিউডের পরিচিত নাম ছিলেন না; বরং ইউটিউব ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাঁর পরিচিতি। এর আগে তিনি ‘দ্য চেয়ার’ নামের একটি হরর শর্টফিল্ম এবং ‘মিল্ক অ্যান্ড সিরিয়াল’ নামের ফাউন্ড-ফুটেজ ছবি নির্মাণ করেছিলেন। এমনকি সেই ছবি তিনি ইউটিউবেই বিনা মূল্যে প্রকাশ করেছিলেন। এই এক সিনেমা দিয়ে তাঁর ক্যারিয়ারের গতিপথই বদলে গেছে।
কী আছে ছবির গল্পে
‘অবসেশন’-এর কেন্দ্রীয় চরিত্র বিয়ার, একটি মিউজিক স্টোরের একাকী কর্মচারী। বন্ধু নিকির প্রেমে পড়ে সে। কিন্তু বাস্তবে সেই ভালোবাসা পাওয়ার বদলে এক রহস্যময় অতিপ্রাকৃত খেলনার সাহায্যে নিকিকে নিজের প্রেমে পড়ানোর চেষ্টা করে।
প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে পরিস্থিতি ভয়ংকর দিকে মোড় নেয়। নিকি ব্যক্তিত্ব হারাতে শুরু করে, আর ভালোবাসার আকাঙ্ক্ষা পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে।
ভালোবাসা, আসক্তি এবং নিয়ন্ত্রণের বিপজ্জনক দিককে কেন্দ্র করে তৈরি এই মনস্তাত্ত্বিক হরর দর্শকের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন ইন্দে নাভারেত্তি ও মাইকেল জনস্টন।