মিমের সিনেমা, অপূর্বর সিরিজ, ওটিটিতে আরও যা দেখবেন

এ সপ্তাহে ওটিটিতে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

মুক্তি পেয়েছে নতুন সিনেমা ও সিরিজ। কোলাজ

‘লাইফলাইন’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
ভালোবাসার টানে মানুষ কত দূর যায় আর কত কিছু হারানোর ঝুঁকি নিতে পারে? শহুরে মেয়ে অনন্যার দুর্গম যাত্রা কেন এবং এর শেষ কোথায়? এমন প্রশ্ন নিয়ে মুক্তি পেয়েছে কাজী আসাদের ‘লাইফলাইন’। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্টস চরকি অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’ পাওয়ার্ড বাই নোরিক্স–এ অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত, ফাতেমাতুজ জোহরা ইভা।

‘লাইফলাইন’–এর দৃশ্য। চরকির সৌজন্যে

‘হেডলাইন’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষন: চলমান
সাংবাদিকতার জগৎ, সত্য অনুসন্ধানের লড়াই এবং এর আড়ালে থাকা ব্যক্তিগত ও পারিবারিক সংকটের গল্প নিয়ে নির্মিত সিরিজটি মুক্তি পেয়েছে গতকাল। পরিচালক সালেহ সোবহান অনীম জানান, এটি মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের গল্পের আড়ালে লুকিয়ে থাকা একটি পারিবারিক গল্প। সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, আফসান আরা বিন্দু, ইয়াশ রোহান, ফারহানা হামিদ ও শ্যামল মাওলা।

‘হেডলাইন’ সিরিজে অভিনয় করেছেন অপূর্ব ও ইয়াশ রোহান
হইচইয়ের সৌজন্যে

‘ইন দ্য হ্যান্ড অব দান্তে’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
১৪ শতকের ইতালিতে দ্য ডিভাইন কমেডি রচনায় ব্যস্ত কবি দান্তে। দান্তের মহাকাব্যটির কথিত মূল পাণ্ডুলিপি আধুনিক আমেরিকায় মাফিয়া চক্রের হাতে এসে পড়ে; আর সেই পাণ্ডুলিপির অথেনটিসিটি যাচাই করতে গিয়ে জড়িয়ে পড়েন লেখক নিক টসচেস। শুরু হয় অপরাধ, হত্যা, ষড়যন্ত্র ও আধ্যাত্মিক অনুসন্ধানের গল্প। এমন গল্প নিয়ে জুলিয়ান স্নবেলের সিনেমাটি গত বছর ভেনিস উৎসবে প্রিমিয়ার হয়। এতে দান্তে ও নিক টসচেসের চরিত্রে অভিনয় করেছেন অস্কার আইজ্যাক। আরও আছেন গাল গ্যাদত, জেরার্ড বাটলার।

‘ইন দ্য হ্যান্ড অব দান্তে’র দৃশ্য। ছবি: নেটফ্লিক্স

‘গ্রাম চিকিৎসালয় ২’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
গ্রামীণ ভারতের স্বাস্থ্যব্যবস্থার সংকট, আমলাতান্ত্রিক জটিলতা ও সাধারণ মানুষের জীবনকে হাস্যরস ও আবেগের মিশেলে তুলে ধরেছে গ্রাম চিকিৎসালয়। সিরিজটির দ্বিতীয় মৌসুম এসেছে। তরুণ ও আদর্শবাদী চিকিৎসক প্রভাত সিনহাকে নিয়ে গল্প। শহরের আরামদায়ক জীবন ছেড়ে তিনি একটি প্রত্যন্ত গ্রামের প্রায় অচল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেন। সেখানে গিয়ে তিনি দেখেন, গ্রামের মানুষ সরকারি হাসপাতালের চেয়ে স্থানীয় হাতুড়ে চিকিৎসকের ওপর বেশি আস্থা রাখে। এরপর শুরু হয় মানুষের বিশ্বাস অর্জন এবং স্বাস্থ্যকেন্দ্রকে সচল করার সংগ্রাম। দীপক কুমার মিশ্র ও অরুণাভ কুমারের সিরিজটিতে অভিনয় করেছেন অমল পরাশর, আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর ও আকাশ মাখিজা।

আরও পড়ুন

‘হাউস অব ড্রাগন–৩’
ধরন: সিরিজ
স্ট্রমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
এসেছে আলোচিত ‘গেম অব থ্রোনস’–এর প্রিকুয়েল সিরিজের তৃতীয় কিস্তি। আট পর্বের নতুন মৌসুমের প্রথম পর্ব মুক্তি পেয়েছে ২১ জুন, দ্বিতীয়টি আসছে ২৮ জুন। ধারাবাহিকভাবে বাকি ছয় পর্ব মুক্তি পাবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। রায়ান কনডালের সিরিজটিতে অভিনয় করেছেন ম্যাট স্মিথ, অলিভিয়া কুক, প্যাডি কনসিডাইন।