‘সেপারেশন’-এ পরীমনি ও বর্ষণ স্বামী–স্ত্রী...

‘সেপারেশন’ ওয়েব ফিল্মের শুটিংয়ে ইমতিয়াজ বর্ষন ও পরীমনিছবি : পরিচালকের সৌজন্যে

পরীমনি–ইমতিয়াজ বর্ষণকে জুটি করে ওয়েব ফিল্ম বানাচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম। ‘সেপারেশন’ নামে ছবিটির শুটিং গত শনিবার ঢাকার ৩০০ ফুটের একটি শুটিংবাড়িতে শুরু হয়েছে। গত মঙ্গলবার চ্যানেল আই ভবনে শুটিং ছিল। পরিচালক জানিয়েছেন, আর কয়েক দিন শুটিং হলেই শেষ হবে কাজ।

‘সেপারেশন’ ওয়েব ফিল্মের শুটিংয়ে ইমতিয়াজ বর্ষন ও পরীমনি
ছবি : পরিচালকের সৌজন্যে

‘সেপারেশন’-এ পরীমনি একটি সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক আর ইমতিয়াজ বর্ষণ একজন অধ্যাপক। গল্পে তাঁরা স্বামী–স্ত্রী। তাঁদের সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করেই এগিয়ে যাবে গল্প।

‘সেপারেশন’ ওয়েব ফিল্মের শুটিংয়ে ইমতিয়াজ বর্ষন ও পরীমনি
ছবি : পরিচালকের সৌজন্যে

গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় এবারই প্রথম কাজ করছেন ইমতিয়াজ বর্ষণ। পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বর্ষণ বলেন, ‘সেলিম ভাই নির্মাতা হিসেবে কেমন, তা তো বলার অপেক্ষা রাখে না। কৈশোর থেকেই তাঁর অসাধারণ সব নির্মাণ দেখে আসছি। নিজে যখন অভিনয় শুরু করি, তখন ইচ্ছা ছিল, একদিন তাঁর পরিচালনায় কাজ করব। এবার এসে সেটা হলো।’ গল্প নিয়েও উচ্ছ্বসিত এই অভিনেতা। তাঁর মতে, ‘টক–মিষ্টি–ঝাল—এ রকম একটা সম্পর্কের মধ্য দিয়ে গল্পটা এগিয়ে যাবে। আর পরীমনি সহশিল্পী হিসেবে চমৎকার, ভীষণ আন্তরিক। আমাদের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাও সুন্দর।’

‘সেপারেশন’ ওয়েব ফিল্মের শুটিংয়ে ইমতিয়াজ বর্ষন ও পরীমনি
ছবি : পরিচালকের সৌজন্যে

বর্ষণের অভিনয় নিয়ে গিয়াসউদ্দিন সেলিম প্রথম আলো বলেন, ‘বর্ষণ সত্যিকার অর্থেই দারুণ অভিনেতা। আমি তো সেই (হুমায়ূন) ফরিদী ভাই থেকে হালের চঞ্চল চৌধুরী, সবার সঙ্গে কাজ করেছি। আমার কাছে বর্ষণকে সত্যিকার অর্থেই অভিনয়শিল্পী মনে হয়েছে। তাঁর অভিনয়ে আমি খুব খুশি।’

বর্ষণকে শুধু অভিনেতা হিসেবেই নয়, দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও দেখছেন সেলিম। তিনি বলেন, ‘একটা প্রোডাকশনে অনেকেই কাজ করেন, কিন্তু টিমম্যান হয়ে ওঠেন কেউ কেউ। বর্ষণ হচ্ছেন টিমম্যান।’

‘সেপারেশন’ ওয়েব ফিল্মের শুটিংয়ে ইমতিয়াজ বর্ষন ও পরীমনি
ছবি : পরিচালকের সৌজন্যে

গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেন পরীমনি। চার বছর পর আবারও তাঁর পরিচালনায় কাজ করছেন পরীমনি। তাঁর চরিত্রটি নিয়ে সেলিম বলেন, ‘চরিত্রটি পরীমনির জন্য চ্যালেঞ্জিং। এখন তো ওর বয়স হয়েছে, পাশাপাশি অনেক বেশি ম্যাচিউরডও। সবকিছু মিলিয়ে এ সময়ের চরিত্রটি ওর জন্য চ্যালেঞ্জিং। আমার কাছে মনে হচ্ছে, ও বেশ আন্তরিকভাবেই চরিত্রটি হয়ে ওঠার চেষ্টা করছে।’

৬০ মিনিট দৈর্ঘ্যের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’ ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে। তবে কবে, সে বিষয়ে এখনো কিছু জানাননি পরিচালক।