কারিনার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন কায়সার হামিদ
লিভার-সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুরু হয়েছে নতুন চিকিৎসাপ্রক্রিয়া। তিনি বর্তমানে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ফুসফুসের চিকিৎসা চলছে, এরপর করা হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট।
কারিনার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে কথা হয় তাঁর বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানোর পর থেকে গত তিন দিন তাঁদের চিকিৎসায় আমরা সন্তুষ্ট। আমার মেয়ের অনেক যত্ন নিচ্ছেন তাঁরা। মেডিক্যাল বোর্ড গঠন করেছেন, আইসিইউতে সব সময় দুজন নার্স ডিউটিতে থাকেন, আমাদের নিয়মিত আপডেট দিচ্ছেন।’
কায়সার হামিদ আরও বলেন, ‘ফুসফুসের চিকিৎসা যেটা তাঁরা শুরু করেছেন, এখন পর্যন্ত সব ঠিক আছে। এরপর লিভারের চিকিৎসা হবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’
গত সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হন কারিনা। তাঁর সঙ্গে গেছেন মা ও দুই ভাই।
এর আগে কারিনার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর দুই ভাইয়ের রক্ত পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে একজন লিভার ডোনেট করবেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই জটিলতায় তাঁর লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।
কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সম্প্রতি অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কারিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাঁকে জনপ্রিয় করে তোলে। পরে ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬ ’। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও ভক্তরা তাঁর সুস্থতা কামনা করছেন।