কোনো স্বপ্নের চরিত্র নেই

৪৪ বছর বয়সে রুপালিজগতে এসে সবার মন জয় করে নিয়েছেন। সাম্প্রতিক সময়ের বেশ কিছু আলোচিত চরিত্রের অভিনেতা তিনি। এর মধ্যে একটি শামসুর রহমান স্বপন ওরফে অ্যালেন স্বপন। ওয়েব সিরিজ সিন্ডিকেট-এর এই অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এ ছাড়া ওয়েব সিরিজ মহানগর, তাকদীর–এর পর হাওয়া ও পরাণ ছবিতেও প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। চট্টগ্রামের কাজীর দেউড়ীতে অভিনেতার বাড়ি থেকে ঘুরে এসে লিখেছেন আব্দুল্লাহ আল মামুন

সাম্প্রতিক সময়ের বেশ কিছু আলোচিত চরিত্রের অভিনেতা নাসির উদ্দিন খানকোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতে খাবার খেয়ে বেরিয়েছেন। রাস্তার মোড়ের চায়ের দোকানটা পেরোতেই নাসিরের কানে এল, একজন বলছেন, ‘অবুক এই পোয়া তো খুব ইস্মার্ট...।’ হাসলেন নাসির উদ্দিন খান। কথাটি তাঁর উদ্দেশেই বলা হয়েছে। আজকাল প্রায়ই রাস্তাঘাটে এসব কথা শুনতে হয়। এমন মধুর ‘উৎপাত’ তাঁর ভালো লাগে।
চট্টগ্রাম শহরের মাঝামাঝি এলাকা কাজীর দেউড়ী। ২ নম্বর গলিতে নাসির উদ্দিন খানের বাসা চিনতে কষ্ট হয়নি। আগেই কথা হয়েছিল ফোনে। এমনিতে ইদানীং খুব ব্যস্ততা। ঢাকায় থাকেন। অবশ্য ঢাকায় থাকেন বলাটা ভুল। অভিনয়ের টানে আজ ঢাকা তো কাল বরিশাল। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তাঁর ছোট্ট সংসার। কয়টা দিন সময় দিতে এসেছেন পরিবারকে। এ সুযোগেই তাঁর বাড়িতে হাজির হওয়া। লুঙ্গি, টি–শার্টে সাদামাটা লোকটাকে চেনা গেছে আরও সহজে।

চলচ্চিত্র ও ওয়েব সিরিজে নাসিরের এই সাফল্যকে ‘বুড়ো’ হাড়ের ভেলকি বললে খুব বেশি বাড়াবাড়ি হবে কি? ৪৪ বছর বয়সে রুপালিজগতে এসে ৫০ পেরোনোর আগেই সবার মন জয় করে নিয়েছেন তিনি। কী সেই সাফল্য, জানার আগে জানতে চাই শুরুর গল্প। দ্রুতই আলাপ জমে ওঠে। জানালেন, অভিনয়টা তাঁর কাছে ছিল স্বপ্ন। স্বপ্নের শুরুটা হয়েছিল ১৯৮৩ সালে, সেন্ট মেরিস স্কুলের হলের মঞ্চ থেকে। হুমায়ুন ফরীদি, আফজাল হোসেনের মতো শিল্পীরা যে মঞ্চে অভিনয় করে গেছেন, সেই মঞ্চে মাত্র ১১ বছর বয়সে পারফর্ম করেছেন নাসির।

সেই থেকে অভিনয়ের প্রতি প্রেম। অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা কতটা, সেটা বোঝাতে গিয়ে নাসির বলছিলেন, তাঁকে কোনো চরিত্র না দিয়ে যদি মঞ্চে বাঁশ ধরে দাঁড়িয়ে থাকতে বলা হতো, তাহলেও তিনি খুশি। মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারলেই যিনি খুশি, তাঁকে কোনো চরিত্র দিলে তো চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হওয়ার কথা। তাই হয়তো নিজের চরিত্রগুলোকে অনেক যত্নে লালন করেন।

প্রথম দিন পারফরম্যান্সের পর বাবা স্টুডিওতে নিয়ে গিয়ে একটা ছবিও তুলে রাখেন

নাসিরকে প্রথমবার মঞ্চে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন তাঁর ক্লাস টিচার লিলি ডায়েস, যিনি এখন আর বেঁচে নেই। নাসির আজও তাঁকে স্মরণ করেন। স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে চার কি পাঁচ মিনিটের একটি নাটিকা উপস্থাপনের জন্য তিনি নাসির এবং তাঁর বন্ধু নাজমুল ও মমিকে নির্বাচন করেন। নাটিকাটি একেবারে পেছনের সারিতে বসে দেখেছিলেন নাসিরের বাবা। সেদিন পারফরম্যান্সের পর বাবা স্টুডিওতে নিয়ে গিয়ে একটা ছবিও তুলে রাখেন। সেই ছবি অতি যত্নে সংরক্ষণ করে রাখেন বড় ভাই আমান উল্লাহ খান, নাসিরের আবুদা। তিনিই নাসিরকে সব সময় আগলে রেখেছিলেন। এখনো ছায়ার মতো পাশে আছেন। নাসিরের এ সাফল্যের পেছনে পাশে বসে থাকা আবুদার অবদানের কথা বলতে গিয়ে আবেগে নাসিরের চোখ ছলছল করে ওঠে। কেননা চাকরি ছেড়ে অভিনয়ের টানে নাসির যে ঘর ছেড়েছিলেন, সে কথা তাঁর স্ত্রী, সন্তান ছাড়া শুধু আবুদা জানতেন। তখনো তিনি পাশে থেকে নাসিরকে সাহস দিয়ে গেছেন।

স্বপ্নপূরণের আশায় মেয়ের ইনস্যুরেন্স ভেঙে ঢাকায় এসেছিলেন। কিন্তু শুরুটা হয়েছিল অসম্পূর্ণ একটা প্রজেক্ট দিয়ে। মাঝপথে আর্থিক সংকটে বন্ধ হয়ে যায় শুট। এরপর হাবিব শাকিলের নাটক রুপার নুপুর দিয়ে যে যাত্রা শুরু হয়েছে, তা এখন এসে ঠেকেছে হাওয়ার নাগু মাঝি, সিন্ডিকেট-এর অ্যালেন স্বপনে। যে চরিত্রেই অভিনয় করেন না কেন, তাঁর সংলাপ সবার মুখে মুখে। নাসিরের কোনো স্বপ্নের চরিত্র নেই।

নাসির উদ্দিন খান

তবে তিনি যখন যে চরিত্রে অভিনয় করেন, তখন সে চরিত্রকেই তাঁর কাছে স্বপ্নের চরিত্র বলে মনে হয়। তাই তিনি এই স্বপ্নের চরিত্রকেই সন্তানের মতো লালন করতে গিয়ে তাঁর সর্বোচ্চটা উজাড় করে দেন। যেকোনো চরিত্রের ভেতরে ঢুকতে ওস্তাদ নাসির উদ্দিন। পরিচালক তাঁকে চরিত্রটা বুঝিয়ে দেন। এরপর সেই চরিত্রকে ফুটিয়ে তুলতে সংলাপ থেকে শুরু করে চরিত্র, বিচরণক্ষেত্র ও লুক—সবকিছু নিয়ে আলাদা করে কাজ করেন। প্রয়োজনে কোনো কিছু পরিবর্তন করতে হলে পরিচালকের সঙ্গে আলোচনা করেন। ফোনে নয়, সরাসরি আলোচনা করতে পছন্দ করেন। চরিত্র নিয়ে পরামর্শ করতে পরিচালককে ফোন করলেন। দেখা গেল, তিনি আছেন উত্তরবঙ্গের কোনো শহরে। তাঁকে অবাক করে পরদিন সেখানেই হাজির হন তিনি। এ জন্য পরিচালকও তাঁর প্রতি ও তাঁর চরিত্র নিয়ে আরও আগ্রহী হয়ে ওঠেন।

নাসির বিষয়টি ব্যাখ্যা করেন এভাবে, পরিচালক না–ও জানতে পারেন কোন এলাকার মানুষের আচরণ কেমন। তাই নাসির ব্যক্তিগত উদ্যোগেই তাঁর চরিত্রের বিচরণক্ষেত্রে ঘুরে আসেন, সবকিছু জেনে নেন। তাঁদের আচরণ, এমনকি প্রয়োজনে ভাষাও শিখে নেন। যেমন সিন্ডিকেট-এ কুতুবদিয়ার খৈয়ারবিলের অ্যালেন স্বপনকে ফুটিয়ে তুলতে সেই এলাকার ভাষা নিয়ে গবেষণা করেছেন।

এখন নতুন চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। এভাবে যদি পঞ্চগড়ের কোনো ব্যক্তির চরিত্রে অভিনয় করতে হলে তিনি শুটিংয়ের আগে সেখানেও যাবেন। এখন পর্যন্ত নাসিরের সবচেয়ে বড় জার্নি হাওয়া। ২০১৯ সালে শুটিং শুরু হলেও দুই বছর আগে থেকে একটু একটু করে ছবির জন্য প্রস্তুতি নিয়েছিলেন। সাগরে শুটিংয়ে যাওয়ার আগে প্রস্তুতির জন্য সাগরের পানিতে ভিজেছেন, লোনাপানি লাগিয়েছেন, শরীরে তেল লাগিয়ে রোদে ঘুরেছেন। ডাবিং করতে হয়েছে কয়েকবারে। এমনও হয়েছে, বেশ কয়েকবার ডাবিংয়ের আগে চিৎকার করে গলা বসিয়েছেন, যেন ভাঙা গলায় কথা বলাটা ভেতর থেকেই আসে। চরিত্রের মতো হয়ে ওঠার তাঁর এই চেষ্টা নিয়ে উচ্ছ্বসিত সহশিল্পীরাও। হাওয়া, বলিসহ বেশ কয়েকটি ওয়েব সিরিজের সহশিল্পী চঞ্চল চৌধুরী তাঁর সম্পর্কে বলেন, ‘অভিনেতা হিসেবে নাসির উদ্দিন চমৎকার। মন দিয়ে অভিনয় করেন। তাঁর সঙ্গে আমার ওটিটি দিয়ে কাজের শুরু। তাঁর সঙ্গে অভিনয় করা অনেক কমফোর্ট (স্বাচ্ছন্দ্য) আছে। তিনি খুবই সহজ–সরল, ভদ্র একজন মানুষ ও অনেক আন্তরিক।’

তাঁর সঙ্গে অভিনয় করা অনেক কমফোর্ট (স্বাচ্ছন্দ্য) আছে। তিনি খুবই সহজ–সরল, ভদ্র একজন মানুষ এবং অনেক আন্তরিক। অভিনেতা হিসেবে চমৎকার। মন দিয়ে অভিনয় করেন।
চঞ্চল চৌধুরী
নাসির উদ্দিন খান

কাজ করার ক্ষেত্রে চরিত্র কতটা ছোট-বড়, সেটা বিবেচনা করেন না নাসির। তাঁর কাছে গুরুত্বপূর্ণ, কার সঙ্গে কাজ করছেন, কোন টিমের সঙ্গে কাজ করছেন। কারণ, তিনি নিজেই দেখেছেন, একটা ভালো স্ক্রিপ্ট ভুল জায়গায় গেছে, যার ফল ভালো হয়নি। তিনি মনে করেন, স্ক্রিপ্ট ভালো নয় কিন্তু যাঁরা অভিনয় করছেন, তাঁরা যদি চরিত্র নিয়ে আগ্রহী হন, তাহলে সেটার ভালো ফল আসবে। নাসির কাউকে খারাপ পরিচালক ভাবতে নারাজ। তিনি বলেন, শিল্পীরা আগ্রহ দেখালে পরিচালক আগ্রহী হবেন আর তখন এর ফল সবাই পাবেন।