২৫ কোটি এক পর্বের পারিশ্রমিক! ওটিটিতে সর্বোচ্চ টাকা পান কোন তারকারা
একসময় বড় পর্দার তারকাদের কাছে টেলিভিশনে অভিনয় করাকে খুব একটা আকর্ষণীয় মনে হতো না। সিনেমার নায়ক-নায়িকারা ছোট পর্দায় আসতেন কদাচিৎ। কিন্তু স্ট্রিমিং প্ল্যাটফর্মের উত্থানে বদলে গেছে সেই চিত্র। এখন হলিউডের প্রথম সারির তারকারা ওয়েব সিরিজে অভিনয় করতে আগ্রহী। শুধু তা-ই নয়, কোনো কোনো ক্ষেত্রে সিনেমার চেয়েও বেশি পারিশ্রমিক পাচ্ছেন টেলিভিশন ও স্ট্রিমিং সিরিজে অভিনয় করে।
যুক্তরাষ্ট্রের বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি প্রকাশ করেছে টেলিভিশন সিরিজে অভিনয় করা সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের একটি তালিকা। সেই তালিকায় আছেন জেনিফার অ্যানিস্টন, রিজ উইদারস্পুন, সেলেনা গোমেজ, জেনডায়া, নিকোলাস কেজ, রবার্ট ডি নিরো, সিলভেস্টার স্ট্যালোনসহ হলিউডের প্রথম সারির অনেক অভিনয়শিল্পী।
তালিকার শীর্ষে রয়েছেন কয়েকজন তারকা, যাঁরা প্রতি পর্বে পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন ২০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি ৪০ লাখ টাকা।
হলিউডের টেলিভিশন সিরিজে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০ তারকা
জেনিফার অ্যানিস্টন (‘দ্য মর্নিং শো’) ২০ লাখ ডলার ২৪ কোটি ৪০ লাখ
রিজ উইদারস্পুন (‘দ্য মর্নিং শো’) ২০ লাখ ডলার
ক্রিস প্র্যাট (দ্য টার্মিনাল লিস্ট) ২০ লাখ ডলার
সিলভেস্টার স্ট্যালোন (‘তুলসা কিং’) ২০ লাখ ডলার
কেনেথ ব্রানা (‘লেয়ার্ড’) ১৪ লাখ ডলার
হ্যারিসন ফোর্ড (‘শ্রিংকিং’) ১৩ লাখ ডলার ১৫ কোটি ৮৬ লাখ
জেসন সেগেল (‘শ্রিংকিং’) ১৩ লাখ ডলার ১৫ কোটি ৮৬ লাখ
কেলি রাইলি (‘ডাল্টন র্যাঞ্চ’) ১২ লাখ ডলার
কোল হাউসার (‘ডাল্টন র্যাঞ্চ’) ১২ লাখ ডলার
এলিজাবেথ মস (‘শাইনিং গার্লস’) ১১ লাখ ডলার
প্রতি পর্বে ২৪ কোটি টাকা পাচ্ছেন যাঁরা
এই তালিকায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন জেনিফার অ্যানিস্টন। অ্যাপল টিভির জনপ্রিয় সিরিজ ‘দ্য মর্নিং শো’-তে অভিনয়ের জন্য তিনি প্রতি পর্বে পাচ্ছেন ২০ লাখ ডলার। একই সিরিজে তাঁর সহশিল্পী রিজ উইদারস্পুনের পারিশ্রমিকও সমান।
সিরিজটি ২০১৯ সালে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেছে। টেলিভিশন সংবাদজগতের ভেতরের প্রতিযোগিতা, ক্ষমতার দ্বন্দ্ব, যৌন হয়রানি ও কর্মক্ষেত্রের রাজনীতি উঠে এসেছে এতে। দুই অভিনেত্রীর অভিনয়ের পাশাপাশি সিরিজটির প্রযোজনার সঙ্গেও যুক্ত তাঁরা।
একই অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন ক্রিস প্র্যাট। অ্যামাজন প্রাইম ভিডিওর অ্যাকশনধর্মী সিরিজ ‘দ্য টার্মিনাল লিস্ট’-এ অভিনয়ের জন্য প্রতি পর্বে তাঁর আয় ২০ লাখ ডলার।
অন্যদিকে প্যারামাউন্ট প্লাসের ‘তুলসা কিং’ সিরিজে অভিনয় করে একই পরিমাণ অর্থ পাচ্ছেন সিলভেস্টার স্ট্যালোন। হলিউডের এই বর্ষীয়ান অভিনেতা দীর্ঘদিন বড় পর্দায় অ্যাকশন তারকা হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু স্ট্রিমিংয়ের দুনিয়ায় এসে নতুন করে নিজের জনপ্রিয়তা কাজে লাগাচ্ছেন তিনি।
এক মিলিয়ন ডলারের ক্লাবে সেলেনা, জেনডায়া, নিকোলাস কেজ
প্রতি পর্বে ১০ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ২০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকাও বেশ দীর্ঘ। সেলেনা গোমেজ, স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট অভিনয় করছেন জনপ্রিয় কমেডি-রহস্য সিরিজ ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’-এ। সিরিজটির ষষ্ঠ মৌসুম সামনে রেখে তিন অভিনয়শিল্পীর প্রত্যেকের পারিশ্রমিকই প্রতি পর্বে ১০ লাখ ডলারের বেশি।
তালিকায় রয়েছেন ‘ইউফোরিয়া’ তারকা জেনডায়াও। এইচবিওর আলোচিত সিরিজটিতে অভিনয়ের জন্য প্রতি পর্বে তাঁর পারিশ্রমিক ১০ লাখ ডলার। তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী সিনেমা ও টেলিভিশন—দুই মাধ্যমেই নিজের অবস্থান শক্ত করেছেন।
এ ছাড়া ‘প্রিজাম্পড ইনোসেন্ট’ সিরিজে অভিনয়ের জন্য জেক গিলেনহালের পারিশ্রমিকও প্রতি পর্বে ১০ লাখ ডলার। একই অঙ্ক পাচ্ছেন ‘রিচার’ তারকা অ্যালান রিচসন এবং ‘স্পাইডার-নোয়ার’ সিরিজের নিকোলাস কেজ।
রবার্ট ডি নিরো ‘জিরো ডে’, অ্যান্ড্রু গারফিল্ড ও জুড ল ‘ওয়াইল্ড থিংস’ এবং জেনিফার গার্নার ‘দ্য ফাইভ-স্টার উইকেন্ড’ সিরিজের জন্য প্রতি পর্বে পাচ্ছেন ১০ লাখ ডলার।
অভিজ্ঞ তারকাদেরও কদর
স্ট্রিমিংয়ের বাজারে শুধু তরুণ তারকারাই নন, বর্ষীয়ান অভিনয়শিল্পীরাও পাচ্ছেন বড় অঙ্কের পারিশ্রমিক।
‘শ্রিংকিং’ সিরিজে অভিনয়ের জন্য হ্যারিসন ফোর্ড ও জেসন সেগেল প্রতি পর্বে পাচ্ছেন ১৩ লাখ ডলার। ‘ডাটন র্যাঞ্চ’ সিরিজের জন্য কেলি রাইলি ও কোল হাউসারের পারিশ্রমিক ১২ লাখ ডলার করে। আর ‘শাইনিং গার্লস’ সিরিজে অভিনয়ের জন্য এলিজাবেথ মস পাচ্ছেন ১১ লাখ ডলার
কেন এত পারিশ্রমিক দিচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম?
ভ্যারাইটির প্রতিবেদনে একাধিক প্রতিভা ব্যবস্থাপক ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যে উঠে এসেছে, একটি সিরিজের সাফল্যের জন্য এখন পরিচিত তারকার উপস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দর্শককে নতুন সিরিজ দেখাতে আগ্রহী করে তুলতে বড় তারকার নাম বড় ভূমিকা রাখে।
একজন এজেন্টের ভাষ্য, আগে কোনো অভিনয়শিল্পীকে প্রতি পর্বে ২০ লাখ ডলার দেওয়ার কথা প্রায় অকল্পনীয় ছিল। এখন বড় তারকাদের ক্ষেত্রে সেটি বাস্তবতা।
এর পেছনে বড় কারণ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর ব্যবসায়িক প্রতিযোগিতা। নেটফ্লিক্স, অ্যাপল টিভি, অ্যামাজন, এইচবিও ও প্যারামাউন্ট প্লাস—সবাই নিজেদের কনটেন্টের মাধ্যমে দর্শক ধরে রাখতে চায়। আর জনপ্রিয় অভিনয়শিল্পীরা সেই প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ সম্পদ।
আরেকটি বিষয় হলো প্রচলিত টেলিভিশন সিরিজের তুলনায় স্ট্রিমিং সিরিজের পর্বসংখ্যা কম। আগে একটি টেলিভিশন সিরিজের মৌসুমে ২২টি বা তারও বেশি পর্ব থাকত। এখন ছয়, আট কিংবা দশ পর্বেই একটি মৌসুম শেষ হয়ে যায়। ফলে অভিনয়শিল্পীদের কাজের চাপ কম। একই সঙ্গে তাঁরা অন্য প্রকল্পেও কাজ করার সুযোগ পান।
সবার জন্য অবশ্য সমান সুযোগ নেই
স্ট্রিমিংয়ের এই স্বর্ণযুগের সুফল কিন্তু হলিউডের সব অভিনয়শিল্পী সমানভাবে পাচ্ছেন না। বড় তারকারা যখন প্রতি পর্বে ১০ থেকে ২০ লাখ ডলার আয় করছেন, তখন মাঝারি পর্যায়ের অভিনেতাদের কাজ পাওয়া আগের তুলনায় কঠিন হয়ে উঠেছে।
একসময় টেলিভিশনের নিয়মিত ধারাবাহিকগুলোতে কাজ করে অনেক অভিনেতা দীর্ঘদিন ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারতেন। এখন সিরিজের পর্বসংখ্যা কমে যাওয়ায় তাঁদের আয়ও কমেছে। ফলে বড় তারকা ও অপেক্ষাকৃত কম পরিচিত অভিনয়শিল্পীদের মধ্যে আয়ের ব্যবধান আরও স্পষ্ট হচ্ছে।
তবে পারিশ্রমিক নির্ধারণে কিছু পরিবর্তন এসেছে। আট বছর আগে ক্যালিফোর্নিয়ায় অভিনেতাদের আগের কাজের পারিশ্রমিককে নতুন চুক্তির ভিত্তি হিসেবে ব্যবহারের প্রথা নিষিদ্ধ করা হয়। এতে নারী ও সংখ্যালঘু অভিনয়শিল্পীদের জন্য তুলনামূলক সমান পারিশ্রমিক দাবি করার সুযোগ তৈরি হয়েছে। আগে একই ধরনের চরিত্রে অভিনয় করেও অনেক নারী তারকা পুরুষ সহশিল্পীদের তুলনায় কম পারিশ্রমিক পেতেন।
কোন প্ল্যাটফর্ম কতটা উদার?
পারিশ্রমিকের ক্ষেত্রে অ্যাপল টিভিকে সবচেয়ে প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এইচবিও ও অ্যামাজনও বড় তারকাদের পেছনে বিপুল অর্থ ব্যয় করছে।
প্যারামাউন্ট প্লাসও টেলর শেরিডানের প্রযোজনায় নির্মিত সিরিজগুলোতে বড় তারকাদের আকৃষ্ট করতে প্রতি পর্বে ১০ লাখ ডলারের বেশি পারিশ্রমিক দিচ্ছে। অন্যদিকে পিককও জেনিফার গার্নারের মতো তারকাকে প্রতি পর্বে ১০ লাখ ডলারের বেশি দিতে পিছপা হয়নি।
ডিজনিকে তুলনামূলকভাবে খরচের ব্যাপারে সংযত মনে করা হয়। এফএক্সও বড় তারকার পেছনে বিপুল অর্থ ব্যয়ের পরিবর্তে গল্প ও নির্মাণের মানের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। ‘শোগান’-এর মতো সিরিজ তার উদাহরণ।
তবে প্রচলিত টেলিভিশন নেটওয়ার্কগুলোও নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে। ব্লেয়ার আন্ডারউড, ফেলিসিটি হাফম্যান, পিটার ক্রাউস ও হোপ ডেভিসের মতো তারকারা আবারও টেলিভিশন সিরিজে ফিরছেন। তাঁদের কেউ কেউ শুরুতেই প্রতি পর্বে আড়াই থেকে সাড়ে তিন লাখ ডলার পর্যন্ত পারিশ্রমিক পাচ্ছেন। সিরিজ সফল হলে এই অঙ্ক আরও বাড়তে পারে।