চেনা ফর্মুলায় পাস না ফেল কারিনা?
নেটফ্লিক্স হোক আর অ্যামাজন প্রাইমই হোক, যেকোনো ওটিটির কাজ মানেই সবার আগে ভক্তরা ধরে নেন, থ্রিলার কোনো গল্প। যেখানে এক বা একাধিক খুন হবে। তারপরে একের পর এক রহস্য ধরে রাখবে দর্শকদের। শেষ পর্যন্ত সেই রহস্যের জট খুলবে। দর্শক হাঁপ ছেড়ে নিশ্বাস নেবে। তাহলেই না সফল গল্প। আর এটাই প্রযোজনা প্রতিষ্ঠান ও তারকাদের কাছে চেনা ফর্মুলা। সেই চেনা পথে হেঁটেই ওটিটিতে নাম লিখিয়েছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। তাঁর অভিনীত ক্রাইম ও থ্রিলার গল্প ‘জানে জা’ ওয়েব ফিল্মটি ২১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। সেখানে কতটা উতরাতে পেরেছেন এই অভিনেত্রী?
সিঙ্গেল মা। থাকেন একমাত্র মেয়েকে নিয়ে। একটি রেস্তোরাঁ চালান। ভালোই চলছিল মা ও স্কুলপড়ুয়া মেয়ের জীবন। এখানে হঠাৎ করে অন্ধকার নেমে আসে। এই মা নিজেদের রক্ষা করতে একটি খুন করে বসেন। নিহত ব্যক্তির তথ্য অনুসন্ধান করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে যান এই মা। এ চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর। পরে জানা যায়, মায়া চরিত্রের অভিনেত্রী কারিনার সাবেক স্বামী ছিল খুন হওয়া অজিত। অতীত খুঁজতে গিয়ে নানা তথ্য বেড়িয়ে আসে পুলিশের তদন্তে। কে, কী কারণে, কারা খুন করেছেন, সেটা নিয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ। অন্যদিকে পুলিশের হাত থেকে বাঁচতে একের পর এক কৌশলী হয়ে ওঠা এই গল্পটি দর্শকদের বিনোদন দেবে।
‘জানে জা’ গল্পটি জাপানের জনপ্রিয় সাহিত্যিক কেইগো হিগাশিনোর ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এটি জাপানি বেস্টসেলিং একটি উপন্যাস। গল্পে কিছুটা পরিবর্তন এনে জাপানি প্রেক্ষাপট নিয়ে আসা হয়েছে ভারতের কালিম্পং। সেখানেই পাহাড়ি এলাকায় এর শুটিং। এটি পরিচালনা করছেন সুজয় ঘোষ।
গল্পে কারিনা কাপুর ও তাঁর প্রতিবেশী শিক্ষক নরেন, পুলিশ অফিসারসহ সবার অভিনয় প্রশংসার দাবিদার। বিশেষ করে নরেন চরিত্রের অভিনেতা জয়দীপ আহলাওয়াত গল্পে একজন স্কুলশিক্ষক। সে গণিতে অনেক দক্ষ।
গল্পে এই বিষয়গুলো সূক্ষ্মভাবে নিয়ে আসা হয়েছে। চরিত্রের প্রয়োজনে নরেনের মধ্যে হতাশা, অসহায়ত্ব নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক সুজয়। পুলিশ চরিত্রে বিজয় বর্মাও ভালো অভিনয় করছেন। তবে গল্পে কারিনাকে ছাপিয়ে জয়দীপ হয়ে উঠেছেন মুখ্য। সব মিলিয়ে কারিনার গল্প বাছাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া দরকার ছিল। তবে কারিনা–ভক্তরা অনেকেই সিনেমাটির প্রশংসা করেছেন। কেউ কেউ বলছেন, ওটিটিতে নতুন লুকে যথাযথ কারিনা। অভিনয়ের দিক থেকে সফল। সিনেমাটির আইএমডিবি রেটিং ৭।
একটি খুনের পর গল্পটি যেভাবে এগিয়েছে, সেটা দর্শকেরা আগে থেকেই অনেকটা আঁচ করতে পেরেছেন। এ জন্য কোনো সিনেমা সমালোচক হতে হয়নি। কারণ, গল্প কখনো ছিল খাপছাড়া কখনো গতিহীন। একই রকমের ঘটনা বারবার ঘটছিল। যে কারণে কী হবে সহজেই অনুমান করা যাচ্ছিল। কারণ, এ ধরনের গল্প ওটিটিতে নতুন নয়। বিশেষ করে বলতে হয়, সিনেমাটির ক্যামেরা কাজ, মিউজিক, কালার দারুণ ছিল। সর্বোপরি কালিম্পংকে সুন্দরভাবে গল্পে তুলে ধরা হয়েছে।