সংশয় পেরিয়ে প্রিয়াম
চলতি বছর বুসান উৎসবে পুরস্কারজয়ী ‘বলী: দ্য রেসলার’ সিনেমা ও মঞ্চনাটক ‘সখী রঙ্গমালা’ দিয়ে আলোচনায় ছিলেন তরুণ অভিনেত্রী প্রিয়াম অর্চি। তাঁর ফেসবুকের পাতাজুড়ে ভ্রমণের ছবি। বন্ধুদের সঙ্গে সমুদ্রে ঘুরতে গিয়েছিলেন। আলাপের শুরুটা বরং ভ্রমণ দিয়েই শুরু করা যাক। অভিনয়ের ক্ষেত্রে চরিত্র হয়ে উঠতে ঘোরাঘুরি কী সাহায্য করে? ‘অভিনয়শিল্পীর জন্য অভিজ্ঞতার চেয়ে বড় কিছু নেই। পর্দায় নতুন নতুন চরিত্র করার ক্ষেত্রে এটা খুব জরুরি। মানুষের চরিত্রের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা থাকলে শিল্পীদের একটা জায়গায় আটকে থাকতে হয় না। তাই ঘোরাঘুরি, বিশেষ করে পর্যবেক্ষণ খুব জরুরি। এ জন্য যে ট্যুরেই যেতে হবে, তা নয়; বাসার পাশের গলি দিয়ে হাঁটার সময়ও এটা করা যায়,’ বলছিলেন প্রিয়াম অর্চি।
অভিনেত্রীর ‘ভ্রমণ’ অবশ্য ছোটবেলা থেকেই শুরু। সেটা বাবার চাকরিসূত্রে। বাবার বদলির চাকরি, শৈশব কেটেছে দেশের বিভিন্ন অঞ্চলে। নতুন স্কুল, নতুন বন্ধু—বৈচিত্র্যময় ছোটবেলার অভিজ্ঞতাও তাঁকে অভিনয়ের ক্ষেত্রে অনেক সাহায্য করছে। শুরুর সেই গল্প জানতে চাইলে প্রিয়াম খুলে বসলেন গল্পের ঝাঁপি।
‘আমার পরিবারের সবাই পড়াশোনায় খুব ভালো। মা পিএইচডি করেছেন, বাবা ইঞ্জিনিয়ার, ভাই-ভাবি ডাক্তার; ফলে ক্যারিয়ার নিয়ে আমার ওপর একটা অদৃশ্য চাপ ছিল’, শুরু করলেন প্রিয়াম। তবে পরিবারের বড়রা যেমন প্রেরণা ছিলেন, তেমনি ছিলেন অপি করিমও।
অপি করিম বুয়েটে পড়েছেন, অভিনয়েও সফল হয়েছেন। প্রিয়ামের স্বভাবতই মনে হয়, পড়াশোনা ঠিক রেখেও তো অভিনয় করা যায়। তবে উচ্চমাধ্যমিকে একটি বিষয়ের ফল ভালো না হওয়ায় বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন ফরম তুলতে পারলেন না। রাজ্যের হতাশা পেয়ে বসল। এত দিন পর প্রিয়ামের মনে হয়, অভিনয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে এ রকম একটা সংশয়পূর্ণ মুহূর্ত তাঁর জীবনে আসে, যা নতুন পথ তৈরি করে দেয়। তখন যেমন প্রিয়াম সিদ্ধান্ত নিয়েছিলেন, বিবিএ পড়বেন আর অভিনয়টা শিখবেন। অভিনয়ের ইচ্ছা থেকেই ভর্তি হয়েছিলেন চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে। এরপর অংশ নেন ‘মিস্টার অ্যান্ড মিস চিটাগং’ প্রতিযোগিতায়। ২০০৮ সালে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন তিনি। তখন বিনোদন-দুনিয়ার প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন। তাঁর ভাষ্যে, ‘আমাদের দেশে এন্টারটেইনমেন্ট বিষয়টিকে সিরিয়াসলি দেখা হয় না। আমি এই দুনিয়ায় অনেক রোমাঞ্চ খুঁজে পেলাম। তবে আমার চিন্তাভাবনার মোড় ঘুরিয়ে দেয় “লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা”।’
এই প্রতিযোগিতার সেরা ১৬-তে গিয়ে বাদ পড়েছিলেন প্রিয়াম। তবে এক মাসের বুট ক্যাম্প তাঁর জীবন বদলে দেয়। বিনোদন অঙ্গনে প্রিয়ামের পরিচিত কেউ ছিলেন না। তাই অভিনয়ে ক্যারিয়ার এগিয়ে নেবেন কি না, এ সংশয়ও তৈরি হতো প্রায়ই। তবে প্রিয়াম মনে করেন, অভিনয়ের পথ তাঁর জন্য অদৃষ্টই তৈরি করে রেখেছিল, তিনি কেবল হেঁটে গেছেন। তবে বুঝেছিলেন, নিজের জায়গা করে নিতে হলে সংশয় ঝেড়ে ফেলে আগে আত্মবিশ্বাসী হতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করার পর একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি নেন প্রিয়াম। অভিনয়ে আসার স্পৃহা থেকেই সে চাকরি ছেড়ে অর্ধেক বেতনে যুক্ত হন একটি বিজ্ঞাপনচিত্র নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে। দেড় বছর এই প্রতিষ্ঠানে কাজ করে ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা হয়। যখন নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হলো, চাকরি ছেড়ে অভিনয়ে মন দেন।
শুরু থেকেই ঠিক করেছিলেন, ছাড় দিয়ে কাজ করবেন না; চিত্রনাট্য বা নিজের চরিত্র পছন্দ হলে তবেই রাজি হবেন। এ জন্য কাজের সংখ্যা কম হলেও আফসোস নেই। কেবল চরিত্র পছন্দ হলেই কাজ করবেন, নাকি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সব ধরনের সিনেমায় অভিনয় করবেন—অভিনয়শিল্পীদের কাছে এই দ্বিধা পুরোনো। প্রিয়াম মনে করেন, এই দ্বিধা নিয়েই এগিয়ে যেতে হবে, সবাইকে তা-ই যেতে হয়।
২০১৪ সালে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন প্রিয়াম, আমিনুর রহমানের ‘কমলাপুরান’।
এরপর করেন কিশোরী ফুটবলার নিয়ে সিরিজ ইচ্ছেডানা। একই সময়ে তিনি প্রস্তাব পেয়েছিলেন একটি চলচ্চিত্রেরও। সিনেমা ফিরিয়ে কেন সিরিজটি করলেন, সেটাও জানালেন প্রিয়াম, ‘আমি তখন ভাবছিলাম, কোন চরিত্রটি মানুষকে বেশি প্রভাবিত করবে। মনে হলো, ফুটবলারদের গল্পটি দেখে একজন মেয়েও যদি প্রেরণা পায়, সেটাই হবে অর্জন।’
‘পায়ের তলায় মাটি নাই’ ও ‘বলী: দ্য রেসলার’—প্রিয়াম অভিনীত দুটি সিনেমা বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। বলী তো বুসানে নিউ কারেন্ট বিভাগে পুরস্কারও জিতেছে। অভিনেত্রী জানালেন, ২০২০ সালে রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’ করতে গিয়ে তাঁর আশ্চর্য সব অভিজ্ঞতা হয়। তীব্র প্রতিকূলতার মধ্যে যমুনার চরে মানুষের জীবনযাপন দেখার পর নতুন করে অভিনয়ের প্রেমে পড়েন। অভিনেত্রী না হলে কি আর এক জীবনে এমন সব আশ্চর্য অভিজ্ঞতা হতো! আর ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ নিয়ে তিনি বলেন, ‘বলীর প্রোডাকশন ছিল খুবই সুশৃঙ্খল। ইকবাল ভাই নিজেও খুবই ডিসিপ্লিনড; এই সিনেমা করে অনেক কিছু শিখেছি।’
বড় পর্দা আর ওটিটির সঙ্গে মঞ্চেও কাজ করেন প্রিয়াম। চট্টগ্রামের বিনোদিনী নাট্যদলের সঙ্গে প্রথম যুক্ত হয়েছিলেন। ২০২০ সাল থেকে নিয়মিত কাজ করছেন বটতলার সঙ্গে। এই নাট্যদলের সঙ্গে সর্বশেষ সখী রঙ্গমালায় রঙ্গমালা চরিত্র করে প্রশংসিত হয়েছেন। রঙ্গমালা নাচের মেয়ে, হাসিখুশি একটি চরিত্র। নিজের দুঃখটাকেও হাসি দিয়ে আড়াল করতে চায়। ব্যক্তিজীবনে প্রিয়াম পুরোপুরি উল্টো। এ কারণে চরিত্রটি করতে আরও বেশি চ্যালেঞ্জ অনুভব করেছেন।
নিজের ক্যারিয়ার নিয়ে বাঁধাধরা কোনো পরিকল্পনা করেন না প্রিয়াম। মনে করেন, ক্যারিয়ার নিয়ে বেশি পরিকল্পনা করতে গেলে হয়তো কাজের আনন্দটাই হারিয়ে যাবে।