‘চান্দা ভাই’ বললেন, গুজবে কান দেবেন না
‘রাকিব হাসান সুস্থ আছেন, কেউ গুজবে কান দিবেন না’—শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ‘চান্দা ভাই’ নামে পরিচিতি কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান।
গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে ভিডিও বার্তায় রাকিব নিশ্চিত করেন, তিনি সুস্থ আছেন।
গতকাল রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে রাকিবুল ইসলাম নামের এক তরুণ নিহত হয়েছেন।
বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবও কনটেন্ট ক্রিয়েটর, নামের মিলে তাঁর সঙ্গে ‘চান্দা ভাই’ রাকিবের নাম জড়িয়েছে। ফলে বিষয়টি নিয়ে অনেকে বিভ্রান্তও হয়েছেন।
ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি নামে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে কনটেন্ট নির্মাণ করেন খুলনার ‘চান্দা ভাই’ রাকিব।
এক ভিডিও বার্তায় রাকিবের ভাই খাইরুল ইসলাম জানান, কেউ বিভ্রান্ত হবেন না। রাকিব হাসান সুস্থ আছেন। রাকিব হাসান জানান, গতকাল রাতে তাঁকে অনেকে ফোন করেছেন। সবার ফোন ধরতে পারছেন না। ফলে আন্তরিকভাবে দুঃখিত।
মারা গেছেন ভোলার রাকিব
গুলিতে নিহত রাকিবুল ইসলাম আরেক ব্যক্তি। তিনি ভোলা সদর উপজেলার চৌমুহনী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম তারিকুল ইসলাম খোকন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের একজন কর্মচারী। পরিবার নিয়ে রাজধানীর নিমতলীর নাজিম উদ্দিন রোড এলাকায় থাকতেন।