সিনেমা, সিরিজ ও গানে চরকির জয়জয়কার

২০২২–এ জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা সিনেমা, সমালোচক ক্যাটাগরিতে সেরা সিরিজসহ সর্বোচ্চ ১৩টি পুরস্কার পেয়েছে চরকিছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনেমা, সিরিজ ও গানে আবারও বাজিমাত করেছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২২–এ জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা সিনেমা, সমালোচক ক্যাটাগরিতে সেরা সিরিজসহ সর্বোচ্চ ১৩টি পুরস্কার পেয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে জমকালো আসর বসে। এতে সেরা অভিনয়শিল্পী, সেরা সংগীতশিল্পী, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা কনটেন্ট ক্রিয়েটরসহ মোট ২৮ বিভাগে পুরস্কার দেওয়া হয়।
এর মধ্যে সিনেমা, সিরিজ ও সংগীতের বিভাগ ২২, বাকি ৬টি বিভাগে ডিজিটাল প্ল্যাটফর্মের কনটেন্টের জন্য বরাদ্দ ছিল। ২২ বিভাগের মধ্যে ১৩ বিভাগেই পুরস্কার পেয়েছে চরকির অরিজিনাল সিনেমা ‘রেডরাম’, ‘দুই দিনের দুনিয়া’, সিরিজ ‘সিন্ডিকেট’, ‘শাটিকাপ’ ও ‘পেট কাটা ষ’।

অনুষ্ঠানে পারফর্ম করছেন তাসনিয়া ফারিণ। সমালোচক বিভাগের সেরা অভিনয়শিল্পীও (নারী) হয়েছেন তিনি
ছবি: প্রথম আলো

জনপ্রিয় ক্যাটাগরিতে পাঁচটি পুরস্কার—সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী (পুরুষ), সেরা অভিনয়শিল্পী (নারী) ও সেরা পার্শ্ব অভিনয়শিল্পীর (নারী) পুরস্কার পেয়েছে ‘রেডরাম’।
সমালোচক ক্যাটাগরিতে সেরা নির্মাতা ও সেরা সিরিজের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ তাওকীর ইসলাম ও তাঁর নির্মিত সিরিজ ‘শাটিকাপ’। ‘পেট কাটা ষ’, ‘সিন্ডিকেট’ ও ‘দুই দিনের দুনিয়াও দুটি করে পুরস্কার পেয়েছে।
এর বাইরে বাকি ৯টি পুরস্কার পেয়েছে আরেক জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই। জনপ্রিয় বিভাগে সেরা সিরিজ, সেরা নির্মাতা ও সমালোচক বিভাগে সেরা অভিনয়শিল্পী (পুরুষ), সেরা অভিনয়শিল্পীসহ (নারী) ৯টি পুরস্কার পেয়েছে সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত সিরিজ ‘কারাগার’।

মঞ্চে হৃদি শেখের পরিবেশনা
ছবি: প্রথম আলো

বিচারকের রায়ে ও দর্শকের ভোটে ২০২২ সালে ওটিটি ও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিনেমা, সিরিজ ও  কনটেন্টের মধ্য থেকে এই পুরস্কার দেওয়া হয়।
অভিনয়শিল্পী, পরিচালক ও কলাকুশলীদের সম্মাননা জানাতে গত বছর থেকে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস প্রবর্তন করা হয়েছে। এবার বসেছে দ্বিতীয় আসর। প্রথম আসরেও জনপ্রিয় বিভাগে সেরা সিনেমা, সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনয়শিল্পীসহ (নারী) মোট ১২টি পুরস্কার পেয়েছিল চরকি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা অংশ নেন তাসনিয়া ফারিণ, সোহানা সাবা ও হৃদি শেখ। গান পরিবেশন করেন প্রীতম হাসান, সন্ধি ও মাশা ইসলাম। রেড কার্পেট উপস্থাপনা করেন ইয়াশ রোহান ও সারাহ আলম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আইশা খান, নাজিবা বাশার, রাফসান সাবাব ও আমিন হান্নান চৌধুরী।

চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ওয়েব সিরিজ কারাগার–এ অভিনয়ের জন্য সমালোচক বিভাগের সেরা অভিনয়শিল্পী (পুরুষ) হয়েছে চঞ্চল। হইচইয়ের সিরিজটি নয়টি পুরস্কার জিতেছে
ছবি: প্রথম আলো

পুরস্কার পেলেন যাঁরা

জনপ্রিয় ক্যাটাগরি
সেরা অভিনয়শিল্পী (পুরুষ)
আফরান নিশো, ‘রেডরাম’
সেরা অভিনয়শিল্পী (নারী)
মেহজাবীন চৌধুরী, ‘রেডরাম’
নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা
নাসির উদ্দিন খান, ‘সিন্ডিকেট’
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (পুরুষ)
ইন্তেখাব দিনার, ‘কারাগার’
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (নারী)
সালহা খানম নাদিয়া, ‘রেডরাম’
সেরা পরিচালক (সিরিজ)
সৈয়দ আহমেদ শাওকি, ‘কারাগার’
সেরা পরিচালক (সিনেমা)
ভিকি জাহেদ, ‘রেডরাম’
সেরা সিনেমাটোগ্রাফার
বরকত হোসাইন, ‘কারাগার’
সেরা সিরিজ
‘কারাগার’
সেরা সিনেমা
‘রেডরাম’
সেরা সম্পাদনা
নুহাশ হুমায়ূন ও ফুয়াদ সৌরভ, ‘পেট কাটা ষ’
সেরা চিত্রনাট্যকার
নেয়ামত উল্যাহ, ‘কারাগার’
সেরা মেকআপ আর্টিস্ট
আতিয়া রহমান, ‘কারাগার’


সমালোচক ক্যাটাগরি
সেরা অভিনয়শিল্পী (পুরুষ)
চঞ্চল চৌধুরী, ‘কারাগার’
সেরা অভিনয়শিল্পী (নারী)
তাসনিয়া ফারিণ, ‘কারাগার’
সেরা পরিচালক
মোহাম্মদ তাওকীর ইসলাম, ‘শাটিকাপ’
সেরা সিরিজ
‘শাটিকাপ’

সংগীত
সেরা সংগীত পরিচালক
ইমন চৌধুরী, টেকা পাখি, ‘দুই দিনের দুনিয়া’
সেরা সংগীতশিল্পী
মাশা ইসলাম, টেকা পাখি, ‘দুই দিনের দুনিয়া’
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর
রুসলান রেহমান, ‘কারাগার’
সেরা গীতিকবি
খৈয়াম সানু সন্ধি, কথা ছিল, ‘সিন্ডিকেট’

নাসির উদ্দীন ইউসূফ ও বৃন্দাবন দাসের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন মেহজাবীন চৌধুরী। চরকি অরিজিনাল ফিল্ম রেডরাম–এ অভিনয় করে জনপ্রিয় বিভাগের সেরা অভিনয়শিল্পী (নারী) হয়েছেন তিনি। ছবি: প্রথম আলো

ইনডিভিজ্যুয়াল কনটেন্ট
সেরা কনটেন্ট ক্রিয়েটর (শিক্ষা)
এনায়েত চৌধুরী, কেন সবাই ২০২৩ সালে দুর্ভিক্ষ ও মহামন্দা হওয়ার ভয় করছে
সেরা কনটেন্ট ক্রিয়েটর (বিনোদন/কমেডি)
আরএনএআর, দ্য মাইটি চেয়ার
সেরা কনটেন্ট ক্রিয়েটর (খেলাধুলা)
নয়ন অ্যান্ড অন, ফুটবলের সুপরহিরোদের সঙ্গে দেখা
সেরা কনটেন্ট ক্রিয়েটর (শিশু)
শামীমা শ্রাবণী, টুনটুনি
সেরা কনটেন্ট ক্রিয়েটর (ট্রাভেল ভ্লগ)
নাদির অন দ্য গো–বাংলা, ২ দেশকে ভাগ করেছে এই মরুভূমি
সেরা কনটেন্ট ক্রিয়েটর (ফুড অ্যান্ড রেসিপি)
রাফসান দ্য ছোটভাই, মালয়েশিয়ায় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্টেক


বিশেষ স্বীকৃতি
দর্শকের পছন্দের জনপ্রিয় ডিজিটাল মিডিয়া ড্রামা
‘পেট কাটা ষ’

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সংগীতশিল্পী খুরশীদ আলম, রুনা লায়লা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, অভিনয়শিল্পী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা, গীতিকবি আসিফ ইকবাল, অভিনেতা শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

আরও পড়ুন