অস্কার ২০২৬, কোন সিনেমা কোথায় দেখবেন

অস্কার মনোনীত সিনেমা এখন ওটিটিতে, কোনটি কোথায় দেখবেন। কোলাজ

আর মাত্র ৮ দিন, ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ঘোষণা করা হবে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)। এবারের অস্কারে রেকর্ড ১৬টি মনোনয়ন পেয়েছে রায়ান কুগলারের হরর সিনেমা ‘সিনার্স’। কেবল এ সিনেমাই নয়; এবারের অস্কারে মনোনয়ন পাওয়া প্রায় সব সিনেমাই চলে এসেছে ওটিটিতে। কোন সিনেমা কোথায় দেখবেন, এই প্রতিবেদনে পেয়ে যাবেন সেই খোঁজখবর। সঙ্গে থাকছে সিনেমাগুলো নিয়েও তথ্য। পুরস্কার ঘোষণার আগে দেখে নিতে পারেন সিনেমাগুলো।

‘সিনার্স’–এর দৃশ্য। আইএমডিবি

‘সিনার্স’, এইচবিও ম্যাক্স    
এবারের অস্কারে সেরা সিনেমা, সেরা অভিনেতা, সেরা পরিচালকসহ রেকর্ড ১৬ বিভাগে মনোনয়ন পেয়েছে রায়ান কুগালারের সিনেমাটি। ভ্যাম্পায়ার ঘরানার এই হরর সিনেমার পটভূমি জিম ক্রো যুগের দক্ষিণ আমেরিকা। অভিনয়শিল্পীদের বড় অংশই কৃষ্ণাঙ্গ। আবার পুরো ছবি শুট করা হয়েছে আইম্যাক্স ৭০ এমএম ফরম্যাটে। মার্ভেলের ‘ব্ল্যাক প্যান্থার’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে খ্যাতি পাওয়া রায়ান কুগলার এই সিনেমার পরিচালক। ১৯৩২ সালের মিসিসিপি বদ্বীপের পটভূমিতে নির্মিত। গল্পে যমজ ভাই স্মোক এবং স্ট্যাক তাদের নিজ শহরে ফিরে এসে একটি জুক জয়েন্ট খোলে, কিন্তু সেখানে তারা একটি ভয়ংকর অতিপ্রাকৃত ভ্যাম্পায়ার সত্তার মুখোমুখি হয়। ছবিটি দেখা যাচ্ছে এইচবিও ম্যাক্সে।

আরও পড়ুন

‘বুগোনিয়া’, পিকক

ইয়োর্গোস লান্থিমোস পরিচালিত ব্ল্যাক কমেডি সিনেমাটি গত বছর সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়। দুই যুবক এক প্রভাবশালী নারী সিইও-কে অপহরণ করে, কারণ তারা বিশ্বাস করে যে ওই নারী আসলে পৃথিবীকে ধ্বংস করতে আসা একজন ভিনগ্রহের প্রাণী। এটি দক্ষিণ কোরীয় চলচ্চিত্র ‘সেভ দ্য গ্রিন প্ল্যানেট!’–এর পুনর্নির্মাণ। এমা স্টোন, জেসি প্লেমন্স অভিনীত সিনেমাটি সেরা ছবি, সেরা অভিনেত্রী, সেরা আবহসংগীতসহ কয়েকটি বিভাগে মনোনয়ন পেয়েছে।
এটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম পিককে।

‘এফ ১’–এ ব্র্যাড পিট। ছবি: আইএমডিবি

এফ ১, অ্যাপল টিভি প্লাস
সেরা ছবি, সেরা ভিজুয়্যাল ইফেক্টসহ কয়েকটি বিভাগে মনোনয়ন পেয়েছে ব্যাড পিট অভিনীত সিনেমাটি। ৩০ বছর আগে দুর্ঘটনায় ফর্মুলা ওয়ানের রেস থেকে ছিটকে পড়েন সনি হেইস (ব্র্যাড পিট)। একসময়ের প্রতিভাবান রেসার এখন ভবঘুরে আর পাঁড় জুয়াড়ি। নিউইয়র্কে মাঝেমধ্যে তাঁকে ট্যাক্সি চালাতেও দেখা যায়। কিন্তু স্টিয়ারিং হুইল হাতে পেলে এখনো হয়ে ওঠেন বেপরোয়া। ঘটনাচক্রে তাঁকে নামতে হয় ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপের কঠিন লড়াইয়ে। এমন গল্পের সিনেমাটি বানিয়েছেন জোসেফ কোসিনস্কি; এটি দেখা যাবে অ্যাপল টিভি প্লাসে।

আরও পড়ুন

‘ফ্রাঙ্কেনস্টাইন’, নেটফ্লিক্স
তাঁর সিনেমায় দানব থাকে, তবে গিয়ের্মো দেল তোরোর দর্শকমাত্রই জানেন এই দানব হয় অন্য রকম। এই দানব শুধু ভয় দেখায় না, বরং অনেক বেশি মানবিক। ‘ফ্রাঙ্কেনস্টাইন’ দেল তোরোর স্বপ্নের প্রকল্প; বহু বছর ধরে মেরি শেলির উপন্যাসকে পর্দায় নিয়ে আসতে চান তিনি। দুই শ বছরের বেশি সময় আগে লেখা উপন্যাসটি থেকে দুনিয়ার নানা প্রান্তে এন্তার সিনেমা-সিরিজ, কমিকস হয়েছে; তবু দেল তোরো নিজের ‘ফ্রাঙ্কেনস্টাইন’ বানাতে মরিয়া ছিলেন। সেই স্বপ্ন অবশেষে বাস্তব হলো, গত বছরের ৭ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে গথিক হরর সিনেমার এই ওস্তাদ নির্মাতার ‘ফ্রাঙ্কেনস্টাইন’। সিনেমাটি তিনটি অংশে বিভক্ত—শুরুর বয়ান, ভিক্টরের গল্প আর মনস্টারের গল্প। একুশ শতকের এই সিনেমা দুই শ বছর আগে লেখা মূল গল্পের কাছাকাছি থেকেও নতুনত্ব তৈরি করেছে। সেরা ছবি, পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা, সেরা আবহ সংগীত, সেরা চিত্রগ্রহণসহ কয়েকটি বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমাটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। এতে অভিনয় করেছেন অস্কার আইজ্যাক, জ্যাকব এলর্ডি, মিয়া গথ, ফেলিক্স কামারার ও ক্রিস্টফ ভালৎজ।

‘হ্যামনেট’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘হ্যামনেট’, পিকক

মনে করা হচ্ছে ক্লোয়ি ঝাও পরিচালিত সিনেমাটিতে অভিনয় করে এবার অস্কারে সেরা অভিনেত্রী হবেন জেসি বাকলি। এ ছাড়া ছবিটি মনোনয়ন পেয়েছে সেরা সিনেমা, সেরা নির্মাতাসহ কয়েকটি বিভাগে। এটি ম্যাগি ও’ফ্যারেলের উপন্যাস অবলম্বনে নির্মিত, যা উইলিয়াম শেক্‌সপিয়ার ও তার স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের জীবনের ওপর ভিত্তি করে তৈরি। এতে ১১ বছর বয়সী পুত্র হ্যামনেটের মৃত্যুর শোক এবং শেক্‌পিয়ারের বিখ্যাত নাটক ‘হ্যামলেট’ সৃষ্টির পেছনের আবেগঘন পারিবারিক কাহিনি দেখানো হয়েছে। ছবিতে আরও আছেন পল মেসক্যাল। এটি স্ট্রিম হচ্ছে পিকককে।

আরও পড়ুন

‘মার্টি সুপ্রিম’, এইচবিও ম্যাক্স  
জশ সাফাদির সিনেমাটিতে অভিনয় করে সেরা অভিনেতার অস্কার দৌড়ে এগিয়ে আছেন টিমোথি শ্যালামে। তিনি টিমোথি এ সিনেমায় এক স্বার্থপর তরুণকে জীবন্ত করে তুলেছেন। যে প্রতারণার মাধ্যমে জীবন চালায় এবং স্বপ্ন দেখে একজন পিং-পং চ্যাম্পিয়ন হওয়ার। সিনেমাটি ১৯৫০–এর দশকের নিউইয়র্ককে ফুটিয়ে তোলে। স্পোর্টস ফিল্মের আদলে তৈরি এ চরিত্রভিত্তিক সিনেমার নায়ক আপনাকে না টানলেও এর প্রাণবন্ত ও উপভোগ্য উপস্থাপনের কারণে আপনি সিনেমা থেকে চোখ সরাতে পারবেন না। এতে শ্যালামে ছাড়া আরও অভিনয় করেছেন গিনেথ প্যালট্রো। এটি দেখা যাচ্ছে এইচবিও ম্যাক্সে।

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও। আইএমডিবি

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, এইচবিও ম্যাক্স ও জিওহটস্টার

ডার্ক কমেডি, স্পর্শকাতর পারিবারিক গল্প এবং কর্তৃত্ববাদী সরকার ও বর্ণবাদী ষড়যন্ত্র নিয়ে এক রাজনৈতিক গল্প পল টমাস অ্যান্ডারসনের এই সিনেমা। টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে নেওয়া হয়েছে ছবির গল্প। লিওনার্দো ডি ক্যাপ্রিও এখানে তাঁর সেরা কমেডি পারফরম্যান্সগুলোর একটি দিয়েছেন। তিনি অভিনয় করেছেন অগোছালো, সাবেক বিপ্লবী বব ফার্গুসনের চরিত্রে। বাবা-মেয়ের সম্পর্কের আবেগ এই সিনেমায় যোগ করেছে ভিন্ন মাত্রা। বিপ্লবীরা এ সিনেমার মূল চরিত্রে থাকলেও এটি মোটেও বাম ঘরানার ছবি নয়; বরং নানা সময়ে বামপন্থীদের প্রশ্ন করেছে। রাজনৈতিক সিনেমা হলেও গতিময়, রোমাঞ্চকর এক যাত্রা শেষে এটি হয়ে ওঠে এক গভীর মানবিক ছবি। যেখানে মানুষেরাই গল্পের নায়ক আর যাদের জীবন এক বিশৃঙ্খলতার চাকার ভেতর বন্দী। ডিক্যাপ্রিও ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন টেয়ানা টেইলর, শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল। এটি দেখা যাচ্ছে এইচবিও ম্যাক্স ও জিওহটস্টারে।

আরও পড়ুন

‘দ্য সিক্রেট এজেন্ট’, প্রাইম ভিডিও
এই রুদ্ধশ্বাস সিনেমা রাজনৈতিক থ্রিলারের পরিচিত সব উপাদানকে যেন নতুন করে তুলে ধরেছে। পরিচালক ও চিত্রনাট্যকার ক্লেবার মেন্ডোস ফিলহো খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন, কীভাবে ওপরের স্তরের দুর্নীতিগ্রস্ত সরকারি ক্ষমতা ধীরে ধীরে সাধারণ মানুষের জীবনে নেমে এসে তাদের জীবন নষ্ট করে দেয়। ১৯৭৭ সালের ব্রাজিলের পটভূমিতে সেখানকার স্বৈরশাসনের ভয়াবহ বাস্তবতাকে কেন্দ্র করে এ সিনেমার গল্প এগিয়ে চলে। এ সিনেমায় দেখা যায়, একজন রাজনীতি নিরপেক্ষ অধ্যাপক, যিনি হঠাৎ করেই সরকার-ঘনিষ্ঠ এক ধনকুবেরের বিরাগভাজন হন। এর ফলে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। ছবিটি অনেকগুলো ভিন্ন ভিন্ন থিম একত্র করে, যা পরিচালক হিসেবে ফিলহোর মুনশিয়ানারই পরিচয়। এ সিনেমায় অভিনয় করেছেন ওয়াগনার মৌরা, কার্লোস ফ্রান্সিসকো, তানিয়া মারিয়া, রোবেরিও ডিওজেনেস, অ্যালিস কারভালহো। ছবিটি ভাড়ায় দেখা যাচ্ছে প্রাইম ভিডিওতে।

‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘সেন্টিমেন্টাল ভ্যালু’, প্রাইম ভিডিও
একটি বাড়ি, ইতিহাস, স্মৃতি, শিল্প আর ট্রমা মিলিয়েই ইয়েকিম ত্রিয়েরের শ্বাসরুদ্ধকর ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। ছবির অনেক দৃশ্যই ইঙ্গমার বার্গম্যানকে মনে করিয়ে দেয়। ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’–এর কথা মনে রেখেও বলা যায়, এটিই নির্মাতার সবচেয়ে পরিণত কাজ। রেনাতে রেইনসভে, স্টেলান স্কারসগার্ড, ইঙ্গা ইবসডটার লিলেয়াস ও এল ফ্যানিং অভিনীত সিনেমাটি এবার মনোনয়ন পেয়েছে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা আন্তর্জাতিক সিনেমাসহ বিভিন্ন বিভাগে। এটি দেখা যাচ্ছে প্রাইম ভিডিওতে।

‘ট্রেন ড্রিমস’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

ট্রেন ড্রিমস’, নেটফ্লিক্স
এই গল্পে জীবন ও মৃত্যু পাশাপাশি হাঁটে—ঠিক যেমন রেললাইন, যা একদিকে উন্নয়নের প্রতীক, অন্যদিকে ধ্বংসের চিহ্নও বটে। বিশ শতকে যুক্তরাষ্ট্রজুড়ে বিস্তৃত হওয়া রেললাইন যেমন মানুষকে কাছাকাছি এনেছে, তেমনি শতাব্দীপ্রাচীন বন কেটে প্রকৃতির চেহারাও বদলে দিয়েছে। ‘ট্রেন ড্রিমস’ তৈরি হয়েছে ডেনিস জনসনের একই নামের উপন্যাসিকা অবলম্বনে। পরিচালক ক্লিন্ট বেন্টলি ও সহচিত্রনাট্যকার গ্রেগ কুয়েদার এক সাধারণ মানুষের জীবনকে তুলে ধরেছেন অসাধারণ ভঙ্গিতে। এমন এক মানুষ, যে মনে করে তার অস্তিত্ব অপরাধবোধ আর অতীতের আঘাতে আবদ্ধ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্তৃত এই চরিত্রের চিত্রায়ণ আসলে মানুষ ও প্রকৃতির সৌন্দর্য নিয়ে এক গভীর অনুসন্ধান। জোয়েল এজারটন, ফেলিসিটি জোন্স, কেরি কন্ডন, উইলিয়াম এইচ মেসি অভিনীত সিনেমাটি মনোনয়ন পেয়েছে সেরা ছবি, সেরা চিত্রগ্রহণসহ বিভিন্ন বিভাগে। এটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।

আরও পড়ুন

‘দ্য ভয়েস অব হিন্দ রজব’, প্রাইম ভিডিও ও অ্যাপল টিভি প্লাস
যদি শুধু আবেগের তীব্রতা বিচার করা হয়, তবে এই বছর প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমাই ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’–এর সমতুল্য নয়। তিউনিসিয়ার নির্মাতা কাওথার বেন হানিয়া পরিচালিত ছবিটি ২০২৪ সালের জানুয়ারির এক হৃদয়বিদারক সত্য ঘটনা পর্দায় তুলে এনেছে। গাজায় পাঁচ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু, হিন্দ রজব, একটি ধ্বংস হওয়া গাড়ির ভেতর আটকে পড়ে। সে সময় সে আতঙ্কে ছিল যেকোনো সময় ইসরায়েলি ট্যাংক থেকে চালানো গুলিতে সে মারা যাবে। মৃত্যুর আগের শেষ কয়েক ঘণ্টা সে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির কিছু স্বেচ্ছাসেবকের সঙ্গে কথা বলেছিল। সিনেমাতে হিন্দ রজবের নিজের আসল কণ্ঠের রেকর্ডিং ব্যবহৃত হয়েছে। ডকুমেন্টারি ও ড্রামার মিশ্রণে এ সিনেমা যেন যুদ্ধের ভয়াবহতা ও নিষ্ঠুরতার এক প্রামাণ্য দলিল! প্রাইম ভিডিও ও অ্যাপল টিভি প্লাস হওয়া ছবিটি–স্টিম হওয়া ছবিটি সেরা আন্তর্জাতিক সিনেমাসহ বিভিন্ন বিভাগে মনোনয়ন পেয়েছে।

‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, প্রাইম ভিডিও ও অ্যাপল টিভি প্লাস
ইরানে পরিচালক জাফর পানাহির সিনেমা বানানো নিষিদ্ধ। দুবার তিনি কারাগারেও গিয়েছেন, ভ্রমণ নিষেধাজ্ঞাও রয়েছে তাঁর বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে আপনি ভাবতে পারেন, জাফর পানাহি সরকারবিরোধী সিনেমা ছাড়া আর কী বানাবেন? তবে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবিটি দেখলে একে শুধু ‘সরকারবিরোধী’ তকমা দিতে পারবেন না আপনি। এ সিনেমায় রয়েছে মানবিকতা, আশাবাদ আর প্রাণখোলা হাস্যরস।  
একজন মেকানিক হঠাৎ এক কথোপকথন শুনে বুঝতে পারে, তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটির কণ্ঠ সেই কারারক্ষীর মতো, যে তাকে রাজনৈতিক বন্দী থাকার সময় নির্যাতন করেছিল। সে সিদ্ধান্ত নেয় লোকটিকে অপহরণ করবে। কিন্তু সমস্যা একটাই—কারাগারে থাকার সময় তার চোখ বাঁধা ছিল, তাই সে নিশ্চিত নয় লোকটি তার সেই নির্যাতনকারী কি না। সমাধান হিসেবে সে তেহরানজুড়ে গাড়ি চালিয়ে বেড়িয়ে তার সহ-বন্দীদের কাছে পরামর্শ চাইতে থাকে। এই ভুল-বোঝাবুঝির কমেডির মাধ্যমে পানাহি এমন এক ছবি বানিয়েছেন, যা গত বছর কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতে নিয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন ওয়াহিদ মোবাস্সেরি, মরিয়ম আফসারি, ইব্রাহিম আজিজি, হাদিস পাকবাতেন, মাজিদ পানাহি। অস্কারে সেরা আন্তর্জতিক সিনেমার অন্যতম দাবিদার এ ছবিটি ভাড়ায় দেখা যাচ্ছে প্রাইম ভিডিও ও অ্যাপল টিভি প্লাস থেকে।

আরও সিনেমা
অস্কার মনোনীত অন্যান্য সিনেমার মধ্যে ‘ব্লু মুন’ দেখা যাচ্ছে প্রাইম ভিডিওতে। ডোয়াইন জনসন অভিনীত ‘দ্য স্মাশিং মেশিন’ স্ট্রিম হচ্ছে এইচবিও ম্যাক্সে। ‘দ্য আগলি স্টেপ সিস্টার’ আছে হুলুতে, আলোচিত অ্যানিমেশন মিউজিক্যাল ‘কে–পপ ডেমন হান্টার্স’ দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।

ভ্যারাইটি অবলম্বনে