রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ

`আরকা’স নেক্সট মডেল'-এর দৃশ্য। চরকির সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের আলোচিত ফ্যাশন ইভেন্ট ‘আরকা’স নেক্সট মডেল’ নিয়ে তৈরি হয়েছে সিরিজ। তিন পর্বের সিরিজটি ২৫ নভেম্বর রাত ১২টা থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে।

সংস্কৃত ভাষায় ‘অর্ক’ বা ’আরকা’ শব্দের অর্থ সূর্য বা আলোর রশ্মি, যা অন্ধকার ভেদ করে নতুন দিনের বার্তা বয়ে আনে। দেশের ফ্যাশনশিল্পে নতুন কিছু করার প্রত্যয় নিয়ে ২০২৩ সালে যাত্রা শুরু করে ‘আরকা’। দর্শকদের ভিন্ন রকম কনটেন্ট দিতে ২০২৫ সালে আরকা’স নেক্সট মডেল-এর সঙ্গে যুক্ত হয় চরকি। সে বছর আয়োজিত কনটেন্টই দেখতে পারবেন দর্শক। এ সময়ের তরুণদের স্টাইল-ফ্যাশন নিয়ে ভাবনা কী, তার অনেকটাই জানা যাবে। পাশাপাশি থাকছে এ সময়ের ডিজাইন-ডিজাইনার, পোশাক ও ক্যাটওয়াক।

আরকা’স নেক্সট মডেল–এর পরিচালক আসাদ সাত্তার জানান, বাংলাদেশকে কেবল ‘মেড ইন বাংলাদেশ’ বা পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নয়; বরং ‘ডিজাইনড ইন বাংলাদেশ’ বা নিজস্ব ফ্যাশন ও নকশা রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এই ফ্যাশন উইক। তিনি বলেন, আরকা’স নেক্সট মডেল বাংলাদেশের ফ্যাশন ও বিজ্ঞাপনজগতে নতুন মুখ তৈরি করছে। প্রতিবছরই এখান থেকে মডেলরা কাজের সুযোগ পাচ্ছেন। তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। কিন্তু আরও দীর্ঘ পথ পারি দিতে হবে।

`আরকা’স নেক্সট মডেল'-এর দৃশ্য। চরকির সৌজন্যে

ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘দেশের ফ্যাশন বা ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের এখানে কাজ খুবই কম। অথচ এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন কত প্রতিভাবান ডিজাইনার–মডেল। ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে অন্যান্য দেশে অনেক রকম কনটেন্ট তৈরি হয়। সেখানে যেমন আধুনিক চিন্তা ফুটে ওঠে, তেমনি দেশীয় সংস্কৃতিও সংরক্ষিত হয়। আবার ভিন্ন স্বাদের কনটেন্টও দেখার সুযোগ পান দর্শক। আরকাস নেক্সট মডেল–এও তেমন ঘটবে বলে আশা করি।’

`আরকা’স নেক্সট মডেল'-এর পোস্টার। চরকির সৌজন্যে

‘চরকি আরকা নেক্সট মডেল’–এর মূল প্রতিপাদ্য ছিল জামদানি। সারা দেশ থেকেই আসেন অংশগ্রহণকারীরা। এত এত মডেলের মধ্যে থেকে চূড়ান্ত করা হয় সেরা ১০ জনকে। আরকা’স নেক্সট মডেল–এর পরবর্তী আসরগুলোও একই প্রক্রিয়ায় হবে। ক্যাটওয়াক ছাড়াও থাকবে ফ্যাশন মার্কেটপ্লেস, ডিজাইন ল্যাব, মাস্টারক্লাস।