সাবেক স্বামীর প্রেরণায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়
‘পিংক’, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘মিশন মঙ্গল’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন কীর্তি কুলহারি। তাঁকে দেখা গেছে ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘হিউম্যান’ ওয়েব সিরিজে। তবে এখন অভিনেত্রী আলোচিত ‘ফোর মোর শটস প্লিজ!’-এর নতুন সিজনের জন্য। সিরিজটিতে খোলামেলা রূপে দেখা গেছে অভিনেত্রী। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
সাক্ষাৎকারে তিনি জানান, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রেরণা আর কেউ নন, তাঁর সাবেক স্বামী স্বয়ং!
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কীর্তি কুলহারি বলেন, ‘২০১৬ সালে বিয়ে করি, তখন আমার স্বামী (সাবেক) সাহিল কাজের ব্যাপারে আমাকে সমর্থন করেছিল। আমাকে নিয়ে অনিরাপদ বোধ করত না। বলত না, পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করতে পারবে না।’
সাবেক স্বামীর সহযোগিতার কথা জানিয়ে কীর্তি আরও বলেন, ‘সে আমাকে সব সময়ই সাহস ও আত্মবিশ্বাস জোগাত, যেন চরিত্রের জন্য যা দরকার, করতে পারি। এভাবেই আমি তৈরি হয়েছি।’
আলোচিত-সমালোচিত সিরিজটি নিয়ে কীর্তি বলেন, ‘সিরিজের চারটি চরিত্রকে অন্তরঙ্গ দৃশ্যে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আমার কাছে এসব কোনো ব্যাপার নয়, সিরিজটিতে আমার চরিত্রটি যেভাবে দেখানো হয়েছে, সেটা অভিনেতা ও ব্যক্তি হিসেবে আমাকে শক্তিশালী করেছে।’
২০১৬ সালে সাহিল সেহগালের সঙ্গে বিয়ের পর গত বছরই কীর্তির সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। বিচ্ছেদের কারণ অবশ্য কখনোই খোলাসা করেননি অভিনেত্রী।
‘ফোর মোর শটস প্লিজ!’-এর নতুন সিজনে কীর্তি কুলহারি ছাড়াও অভিনয় করেছেন প্রতীক বাব্বর, লিসা রে, সায়নী গুপ্ত প্রমুখ।