মোহাম্মদ আলীকে নিয়ে সিরিজ, সাইফ–অক্ষয়ের সিনেমা, ওটিটিতে যা দেখবেন
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘পসিবল লাভ’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
আট বছর পর পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে ফিরেছেন কোরীয় নির্মাতা লি চ্যাং-দং। সম্পর্ক, ভালোবাসা, শ্রেণিবৈষম্য ও মানুষের গোপন আকাঙ্ক্ষার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি ভেনিস উৎসবে সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছিল। ছবির গল্প আবর্তিত হয়েছে দুই দম্পতিকে ঘিরে। একদিকে চাকরি হারানো স্বামী হো-সকের সঙ্গে সংসার করা মি-ওক; অন্যদিকে বিত্তশালী তথ্যচিত্র নির্মাতা ই-জি ও তাঁর স্বামী সাং-উ।
ই-জি চাকরি হারানো মানুষদের নিয়ে তথ্যচিত্র বানাতে গিয়ে মি-ওকের জীবনের গল্প ধারণ করেন। একপর্যায়ে দুই দম্পতির মধ্যে তৈরি হয় অদ্ভুত এক সম্পর্ক। তাঁদের জীবনের চাপা কষ্ট, গোপন আকাঙ্ক্ষা, দাম্পত্যের টানাপোড়েন ও শ্রেণিগত ব্যবধান সামনে আসতে থাকে। এতে অভিনয় করেছেন জিওন দো-ইয়ন, সল কিয়ং-গু, জো ইন-সুং, জো ইয়ো-জং।
‘স্টিক ২’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষন: চলমান
গলফ খেলার মাঠে প্রতিযোগিতা, স্বপ্ন আর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে ফিরেছে অ্যাপল টিভির জনপ্রিয় স্পোর্টস কমেডি সিরিজ \Iস্টিক\I। এবারের গল্পে তরুণ গলফার সান্তি যেমন পেশাদার খেলোয়াড় হওয়ার স্বপ্নের দিকে এগোবে, তেমনি নিজের হারানো ক্যারিয়ার ফিরে পাওয়ার চেষ্টায় নামবে তার মেন্টর প্রাইস ক্যাহিল। সিরিজটির নির্মাতা জেসন কেলার। দ্বিতীয় মৌসুমে কেন্দ্রীয় চরিত্র প্রাইস ক্যাহিলের ভূমিকায় ফিরেছেন ওয়েন উইলসন। নতুন মৌসুমে যুক্ত হয়েছেন রিয়া সিহর্ন। নতুন মৌসুমের প্রথম দুই পর্ব এসেছে ৪ নভেম্বর, বুধবার। প্রতি বুধবার আসবে একটি নতুন পর্ব।
‘দ্য গ্রেটেস্ট’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও\B
দিনক্ষণ: চলমান
কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর জীবন নিয়ে তৈরি এ সিরিজে উঠে এসেছে বক্সিং রিংয়ে তাঁর অসাধারণ সাফল্য, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবং বর্ণবৈষম্যের বিরুদ্ধে অবস্থান। ৪ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে আট পর্বের এ জীবনীভিত্তিক ড্রামা সিরিজ। তখনো তিনি মোহাম্মদ আলী হয়ে ওঠেননি, ১৯৬০ সালের রোম অলিম্পিকে স্বর্ণজয়ী তরুণ বক্সার ক্যাসিয়াস ক্লেকে ঘিরে শুরু হয় গল্প। অলিম্পিকের সাফল্যের পর তাঁর লক্ষ্য হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন হওয়া। এ লক্ষ্য অর্জনের পথে চলতে গিয়েই খ্যাতি, পারিবারিক দ্বন্দ্ব, আত্মবিশ্বাসের সংকট এবং আমেরিকার বর্ণবৈষম্যমূলক সামাজিক বাস্তবতার মুখোমুখি হতে হয় তাঁকে।
সিরিজে রিংয়ের লড়াইয়ের পাশাপাশি মোহাম্মদ আলীর পরিচয় ও বিশ্বাস প্রতিষ্ঠার সংগ্রামও তুলে ধরা হয়েছে। কাহিনি এগিয়েছে ১৯৬৪ সালে সনি লিস্টনকে হারিয়ে তাঁর হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত। সিরিজটির নির্মাতা ও শোরানার বেন ওয়াটকিনস। প্রথম দুই পর্ব পরিচালনাও করেছেন তিনি। মোহাম্মদ আলী/ক্যাসিয়াস ক্লের চরিত্রে অভিনয় করেছেন জালেন বেস্ট। তাঁর বাবা ক্যাসিয়াস ক্লে সিনিয়রের ভূমিকায় ওমারি হার্ডউইক, মা ওডেসা ক্লের চরিত্রে ডানা গুরিয়ের, বক্সার সনি লিস্টনের চরিত্রে আমিন জোসেফ এবং প্রশিক্ষক অ্যাঞ্জেলো ডান্ডির ভূমিকায় জিওভান্নি রিবিসি। এ ছাড়া ম্যালকম এক্সের চরিত্রে আছেন মাইকেল ইলি।
‘হাইওয়ান’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: চলমান
দৃষ্টিশক্তিহীন শ্যাম রানে (সাইফ আলী খান) মুম্বাইয়ের একটি আবাসিক ভবনে কাজ করে। অন্ধত্ব তার কাছে কোনো প্রতিবন্ধকতা নয়। শ্রবণশক্তি, ঘ্রাণশক্তি আর উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সে বিপজ্জনক অপরাধীর মোকাবিলা করে। অবসরপ্রাপ্ত বিচারক প্রধান (বোমান ইরানী) ও দণ্ডপ্রাপ্ত অপরাধী পরশুরাম গোখলের (অক্ষয় কুমার) মধ্যেকার দ্বন্দ্বে জড়িয়ে তার জীবন বদলে যায়। বিচারক থাকাকালে খুনের দায়ে পরশুরামকে একবার কারাগারে পাঠিয়েছিলেন প্রধান। মুক্তি পেয়ে পরশুরাম প্রতিশোধের নেশায় বিচারক ওতাঁর পরিবারের পেছনে লাগে। বিচারকের মেয়ে নন্দিনীকে রক্ষার দায়িত্ব শ্যামের ওপর পড়ে। ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। আরও অভিনয় করেছেন শ্রীয়া পিলগাঁওকর, সাইয়ামি খের, রাজপাল যাদব, শরিব হাশমি ও প্রয়াত অভিনেতা আসরানি। এটি ২০১৬ সালের মালয়ালম থ্রিলার \Iওপ্পম\I-এর হিন্দি সংস্করণ।