মে মাসে দেখতে পারেন এই ৭ সিনেমা–সিরিজ
মে মাসে মুক্তি পেয়েছে বা মুক্তির অপেক্ষায় একাধিক সিনেমা ও সিরিজ। এর মধ্য থেকে প্রেক্ষাগৃহ, ওটিটির সাত বিদেশি সিনেমা ও সিরিজ নিয়ে এই আয়োজন।
প্রেক্ষাগৃহ
‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’
একটা সিনেমার সিক্যুয়েলের জন্য দুই দশক অপেক্ষা! ২০০৬ সালে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা। মাত্র ৩৫ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ৩২৭ মিলিয়ন ডলার। অবশেষ গত শুক্রবার সারা বিশ্বের সঙ্গে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে সিনেমাটির সিক্যুয়েল। ডেভিড ফ্রাঙ্কেলের সিনেমার প্রধান আকর্ষণ হলিউডের তিন তারকা মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে ও এমিলি ব্লান্ট। আরও অভিনয় করেছেন স্ট্যানলি টুচি, জাস্টিন থেরো, কেনেথ ব্রানা, ট্রেসি থমাস।
‘মরটাল কমব্যাট ২’
‘মরটাল কমব্যাট’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি এবং ২০২১ সালে মুক্তি পাওয়া ‘মরটাল কমব্যাট’ সিনেমার সিক্যুয়েল। মার্শাল আর্টস–ফ্যান্টাসি সিনেমাটি পরিচালনা করেছেন সাইমন ম্যাককুয়েড। আর্থরিয়েলমের রক্ষকেরা এবার ‘শাও কান’-এর অন্ধকার শাসনের বিরুদ্ধে চূড়ান্ত ও মরণপণ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ জনপ্রিয় চরিত্র জনি কেজ, যে ভূমিকায় অভিনয় করেছেন দ্য বয়েজ অভিনেতা কার্ল আরবান। এ ছাড়া আছেন লুইস টান, মেহকাদ ব্রুকস ও সিসি স্ট্রিংগার। নির্মাতা জানিয়েছেন, এবারের কিস্তিটি প্রথমটির চেয়ে অনেক বড় পরিসরে নির্মিত হয়েছে। এটি মুক্তি পাবে ৮ মে। ছবিটি একই দিনে ঢাকাতেও মুক্তি পাওয়ার কথা।
‘স্টার ওয়ারস: দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’
ডিজনির ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজি ও ‘দ্য ম্যান্ডোলোরিয়ান’ সিরিজের অংশ এই সিনেমা। জন ফাভরো পরিচালিত তারকাবহুল সিনেমাটিতে অভিনয় করেছেন পেড্রো প্যাসকল, জেরেমি অ্যালেন হোয়াইট, সিগুর্নি ওয়েভার। ডিন ডিজারিন ও তার ছোট শিষ্য গ্রোগু নতুন মিশনে বের হয়; কিন্তু কাজটা সহজ না, পদে পদে তাদের জন্য অপেক্ষা করে আছে নতুন বিপদ। তবে এসব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করতে গিয়ে ডিন ও গ্রোগুর সম্পর্ক আরও মজবুত হয়। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২২ মে।
ওটিটি
‘সিটাডেল ২’
প্রায় তিন বছর বিরতির পর আবারও ফিরছে স্পাই থ্রিলার সিরিজটি। দ্বিতীয় কিস্তির সাত পর্ব মুক্তি পাবে ৭ মে, অ্যামাজন প্রাইম ভিডিওতে। রুশো ভ্রাতৃদ্বয়ের সিরিজটিতে অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, স্ট্যানলি টুচি। সিরিজের মূলে রয়েছে একটি গোপন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা সিটাডেল, যা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পরিবারের নিয়ন্ত্রিত একটি ছায়া সংগঠনের হামলায় ধ্বংস হয়ে যায়। নতুন মৌসুমের গল্প সিটাডেল ধ্বংস হওয়ার আট বছর পরের পটভূমিতে নির্মিত হয়েছে। এবার দেখা যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পুরোনো এজেন্টদের স্মৃতি মুছে ফেলা হয়েছে। কিন্তু হঠাৎ করে নতুন একটি ভয়ংকর হুমকি সামনে আসে। তখন আবারও মাঠে নামে পুরোনো এজেন্টরা। এবার কি তারা পারবে?
‘দ্য পানিশার: ওয়ান লাস্ট কিল’
মার্ভেল কমিকসের জনপ্রিয় চরিত্র পানিশারকে নিয়ে নির্মিত সিরিজটি মুক্তি পাবে ১২ মে। ডিজনি প্লাসের সিরিজটি ভারতীয় দর্শকেরা জিওহটস্টারে দেখতে পাবেন। আবারও এক ‘শেষ মিশন’ সম্পন্ন করতে ফিরে আসে ফ্র্যাঙ্ক ক্যাসল ওরফে পানিশার। কিন্তু মিশনটা শুধু অপরাধ দমনের নয় বরং নিজের ভেতরের অন্ধকার, ট্রমা আর সহিংসতার নেশার সঙ্গেও তার লড়াই। রেইনাল্ডো মার্কাস গ্রিন পরিচালিত সিরিজটিতে পানিশারের চরিত্রে অভিনয় করেছেন জন বার্নথাল।
‘কর্তব্য’
নেটফ্লিক্সের এই নতুন ওয়েব সিনেমায় আবার পুলিশের চরিত্রে সাইফ আলী খান। একই প্ল্যাটফর্মে এর আগে ‘সেক্রেড গেমস’ সিরিজে পুলিশের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন অভিনেতা। এবারের সিনেমায় তিনি অভিনয় করেছেন এমন এক পুলিশের চরিত্রে, যার লড়াই শুধু অপরাধীদের সঙ্গে নয়। বিপদের মুখে তার পরিবার, চারদিক থেকে ঘনিয়ে আসছে হুমকি আর দায়িত্ব পালনের পথে তাকে নিতে হচ্ছে কঠিন ও অস্বস্তিকর সিদ্ধান্ত। পুলকিত পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রসিকা দুগল, সঞ্জয় মিশ্র, সৌরভ দ্বিবেদী, জাকির হুসেন ও মনীশ চৌধুরী। সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ১৫ মে।
‘প্রপেলার ওয়ান–ওয়ে নাইট কোচ’
এই ফ্যামিলি অ্যাডভেঞ্চার সিনেমাটি দিয়েই পরিচালনায় অভিষেক হচ্ছে অভিনেতা জন ট্রাভোলটার। ২৯ মে অ্যাপল টিভি প্লাসে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির সহপ্রযোজকও তিনি। ছবিটি কান উৎসবে ক্যামেরা দ’অর বিভাগেও মনোনয়ন পেয়েছে। ১৯৯৭ সালে জন ট্রাভোলটার লেখা একই নামের উপন্যাস অবলম্বনে এটি তৈরি হয়েছে। এতে অভিনয় করেছেন ক্লার্ক শটওয়েল, কেলি এভিস্টন–কুইনেট, এলা ব্লেউ, ওলগা হফম্যান। এক মা ও সন্তানের সাধারণ এক ভ্রমণ কীভাবে অদ্ভুত এক অ্যাডভেঞ্চারে রূপ নেয়, তা নিয়েই সিনেমাটির গল্প।