‘মিস ইউ সাফা’, লাইভে সাফাকে বললেন ভক্ত
এবার বাংলা নতুন বছরটা সাফার জন্য নাকি আলাদা। কারণ, নতুন দিনটি শুরু হয়েছে ‘চা গরম’ দিয়ে। সেই ‘চা গরম’ নিয়ে এখনো মেতে আছেন। পাচ্ছেন ভক্তদের ভালোবাসা। সাফার এই ‘চা গরম’ ওয়েব ফিল্ম। এটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে প্রচারিত হয়েছে। সেই ওয়েব ফিল্ম নিয়ে শুটিংয়ে যাওয়ার পথে আজ সকালে ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আড্ডা দিলেন।
শুরুতেই ভক্তদের প্রশংসায় কিছুটা অপ্রস্তুত হলেন এই অভিনেত্রী। একের পর এক মন্তব্য, ‘আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে’, ‘আপনি অনেক কিউট’, ‘আজ আপনাকে অন্য রকম লাগছে’, ‘সাফা আপু আপনাকে মিস করি’—এমন অনেক বার্তা ভক্তদের। ভক্তদের মন্তব্য পড়তে গিয়ে একসময় বলেই ফেললেন, ‘আমাকে কি এতই সুন্দর লাগছে, এত প্রশংসা! আসলে আমি ঈদের কাজের শুটিংয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি, সেটা বলা যাবে না।’
তবে সাফা ভক্তদের মনে করিয়ে দিলেন ‘চা গরম’–এর কথা। সিনেমাটি কেমন লেগেছে, সেটা জানতে চান। লাইভে সাফা বলেন, ‘আমাদের সবারই চাওয়া ছিল, এই ফিল্ম যখন প্রচারিত হবে, তখন সবাই এটা দেখবেন, সিনেমাটির কথা বলবেন। এখন সেটাই দেখতে পাচ্ছি। সবাই এত ভালোবাসা দেখাচ্ছে যে হঠাৎ করেই লাইভে চলে আসলাম। সবার ভালোবাসা অসাধারণ লাগছে। আমি একটা কথাই বলব, সিনেমাটি দেখার পর হাসি নিয়ে বের হতে পারবেন। এটা সবার দেখা উচিত। জীবনের নানা ঘটনার সঙ্গে মিল পাবেন। ইমোশনের সঙ্গে কানেক্ট হবেন।’
এ সময় সাফা কবির মন্তব্যে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন। একজন জানতে চান, বৈশাখে কী কী করলেন, কীভাবে কাটল? সাফা জানান, তাঁর বৈশাখ দারুণ কেটেছে। সকালে উঠে সাজগোজ করেছেন। রান্না করেছেন। বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছেন। একসঙ্গে খেয়েছেন। সাফা বলেন, ‘দিন শেষে সিনেমাটি মুক্তির পর দর্শকদের রেসপন্স দেখার অপেক্ষায় ছিলাম। সবাই কী বলে, সেটা নিয়ে রাত থেকে ব্যস্ত হয়ে যাই। দারুণ সব মন্তব্য আসতে শুরু করল।’
এ সময় সাফা ভক্তদের বলেন, ‘আপনাদের মন্তব্য আমাকে সব সময়ই ভালো কাজে অনুপ্রাণিত করে। বুঝতে পারি আপনারা আমার কাজগুলো দেখেন। কাজগুলো পছন্দ করেছেন।’ এ সময় ভক্তদের পাল্টা মন্তব্য, ‘সাফার কেন সিনেমাটি পছন্দ হয়েছিল?’ “চা গরম” সব সময় আমার পছন্দের একটি কাজ হয়ে থাকবে। কারণ, এই কাজটা করার মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখেছি, জেনেছি। এ জন্য পরিচালক শঙ্খ দাশগুপ্তর কাছে কৃতজ্ঞ।’
ততক্ষণে হাজারের বেশি প্রশ্ন জমা হয়। সাফা চলে যান শেষ প্রশ্নে। সেখানে এক ভক্তের মন্তব্য, ‘মিস ইউ সাফা।’ সেই ভক্তের উদ্দেশে হেসে সাফা বলেন, ‘আমি তো এখানেই আছি। কেন মিস করছেন। যা–ই হোক, সবাইকে ধন্যবাদ, আপনারা “চা গরম” দেখে জানান কেমন লেগেছে।’
ওয়েব ফিল্মটি চরকিতে মুক্তি পেয়েছে ১৪ এপ্রিল, পয়লা বৈশাখে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় চরকি ও অক্সফ্যামের যৌথ প্রযোজনায় নির্মিত এই ওয়েব ফিল্ম। এতে আরও অভিনয় করেছেন পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতিসহ অনেকে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ।