‘ভাইরাল হলেই কী, এটা জাস্টিফাই করে সে ভালো শিল্পী’

পয়লা বৈশাখ উপলক্ষে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে পার্থ শেখ অভিনীত ওয়েব ফিল্ম চা গরম। ঈদে আলো, মন থেকে মনসহ পাঁচটির মতো নাটক প্রচারিত হয়েছে। অভিনেতার সিনেমার কাজসহ ব্যস্ততার খবরাখবর জানাচ্ছেন মনজুরুল আলম
পার্থ শেখ। ছবি: শিল্পীর সৌজন্যে

প্রায় দেড় যুগ আগে একবার বৈশাখী মেলায় হারিয়ে গিয়েছিলেন পার্থ শেখ। অনেক চেষ্টার পর নিজেই বাড়ি খুঁজে বের করেছিলেন। সেই পার্থ এখন পর্দার মানুষ। জানালেন, এখনো প্রায়ই হারিয়ে যান। তবে এই হারিয়ে যাওয়ায় আনন্দ আছে। কারণ, এই হারিয়ে যাওয়া পছন্দের কোনো কাজে হারিয়ে যাওয়া। এবার বৈশাখ উপলক্ষে চা গরম ওয়েবের মিঠু চরিত্রটি তেমনই একটি পছন্দের কাজ। যে কাজের মধ্যে নিজেই হারিয়ে গিয়েছিলেন।

চা গরম–এ পার্থর কেয়ারলেস স্বভাবের চরিত্রটি দর্শক পছন্দ করেছে। মজা করে তিনি বলেন, ‘সবকিছু নিয়েই সে ড্যাম কেয়ার। সবাই যেভাবে জীবন নিয়ে ভাবে সেখানে মিঠু (পার্থ) অতোটা সচেতন নয়, চালাক নয়।’ দর্শক এখন চরিত্রের খুঁটিনাটি নিয়ে কথা বলছেন। সেখানে একটি দৃশ্য ছিল চা ভর্তা খাওয়া। তাঁকে নাকি সেটাও খেতে হয়েছে।  শুটিংয়ের অভিজ্ঞতা ভাগাভাগি করে তিনি আরও বলেন, ‘চা–বাগানের এমন একটা লোকেশনে আমরা শুটিং করেছি, যেখানে ছিল না নেটওয়ার্ক, সে এক অন্য দুনিয়া।  স্থানীয় অনেকেই চা গরম–এ অভিনয় করেছেন। তাদের অভিনয়ও অসাধারণ।’

পার্থ শেখ। ছবি: শিল্পীর সৌজন্যে

‘আমার গল্পই নায়ক’
শুধু ভাইরাল হওয়ার জন্য আর কোনো কাজ করতে চান না পার্থ শেখ। দর্শকদের মনে জায়গা করে নিতে না পারলে শিল্পী হিসেবে সব চেষ্টাই ব্যর্থ, মনে করেন তিনি। পার্থর মতে, ‘দেখুন, আমার কথাই যদি বলি, ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’ বাংলা নাটকের একটি কাল্ট ক্ল্যাসিক। এগুলো দর্শকদের মনে দাগ কাটে। এমন আরও অনেক নাটক রয়েছে। গল্পপ্রধান এমন নাটকই খুঁজছি, যে নাটক ক্যারিয়ারে প্রাপ্তি ঘটাবে।’

অল্প সময়ের ক্যারিয়ারে অনেক নাটকে অভিনয় করেছেন পার্থ শেখ। কাজগুলো থেকে শিখলেও বেশির ভাগ কাজই তাঁকে সন্তুষ্ট করেনি। সেই ধারায় আর হাঁটতে চান না। যে কারণে এবার ঈদের অনেক নাটকে নাম লেখাননি। ‘দিন শেষে আমরা একটা কাজ থেকে ফলাফল পেতে চাই। কিন্তু সেটা ওয়ার্ক না করলে শুধু শুধু আমি কেন সংখ্যা বাড়াব। আমি এখন নায়ক খুঁজছি। আমার এই নায়ক গল্প। সেখানে আমার চরিত্র গৌণ, এতে আমার সমস্যা নেই। ইতিমধ্যে সেই গল্পগুলো নিয়ে তৈরি হচ্ছি। নিজেকেও এ জন্য সময় দিচ্ছি। এখন যদি আমাকে কেউ বলে খুব বেশি কাজ করছি না কেন, তাহলে বলব, আমি কোয়ালিটি মেইনটেইন করার জন্যই ব্যাকফুটে আছি। তবে খুব শিগগির একের পর এক পছন্দমতো কাজ নিয়ে আসব,’ বলেন পার্থ।

পার্থ শেখ। ছবি: শিল্পীর সৌজন্যে

‘ভাইরালের দরকার নেই’
‘ভাইরাল হয়ে কী করব, কাজটিই যদি ভালো না হয়। আর ভাইরাল হলেই কী, এটা জাস্টিফাই করে সে ভালো শিল্পী? মূলত ভাইরাল একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, কিছুদিন চলে। দর্শক আবার সেটা ভুলে যায়। আমি এভাবে লাইমলাইটে আসতে চাই না। আমার ভাইরালের দরকার নেই,’ কথাগুলো বলেন অভিনেতা পার্থ। কিছুটা সময় নিয়ে বলতে শুরু করেন, ‘আমি ভালো শিল্পী হতে চাই। ভালো মানুষ হতে চাই। শৈল্পিক চর্চা আর আদর্শের মধ্যে থাকতে চাই। আমি আরও অনেক কিছু শিখতে চাই। যেন দর্শকদের কাছে শিল্পী হতে পারি।’

আরও পড়ুন
‘চা গরম’–এর পোস্টার থেকে। চরকির সৌজন্যে

বিয়ের পর...
এই জানুয়ারিতে বিয়ে করেছেন অভিনেতা পার্থ। অভিনয়শিল্পী হিসেবে বিয়ের আগে থেকেই নিজেদের মধ্যে বোঝাপড়া ছিল; যে কারণে স্ত্রী তাঁকে সব সময় সহায়তা করেন, ‘শিল্পী হিসেবে একটা স্বাধীনতা অবশ্যই দরকার। সেখানে যে চাওয়া ছিল, সেটা আমি পেয়েছি। আমার স্ত্রী আমাকে সব সময় অভিনয়ে সহায়তা করে। বলা যায়, অনেক সময় ফিডব্যাকও দেয়। ভুলগুলো ধরিয়ে দেয়। সে–ও ক্রিয়েটিভ মানুষ, যে কারণে আমাকে বুঝতে পারে। সংসার অভিনয় নিয়ে ভালো সময় কাটছে। এখন ভালো কিছু কাজ নিয়ে ডুবে থাকতে চাই।’