আফসানা মিমির ওয়েব অভিষেক
‘কোনো এক ছুটির দিনের দুপুর। হঠাৎ করে যদি দেখেন আপনার পরিবারের প্রিয় মানুষটি নিখোঁজ, তখন কী করবেন?’ এমন স্ট্যাটাস দিয়ে গত শনিবার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ফেসবুক পেজে উন্মুক্ত হয়েছে অরিজিনাল সিরিজ নিখোঁজ–এর টিজার। স্ট্যাটাস পড়েই বোঝা যায়, আবার রহস্য, থ্রিলার, সাসপেন্সে ঘেরা পারিবারিক ড্রামা নিয়ে আসছে চরকি, যেখানে দেখা যাবে ১৯৯৯ সালের মার্চ মাসের একদিন হঠাৎ নিখোঁজ হন ফারুক আহমেদ। এই চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। গল্পে তাঁর নিখোঁজ হওয়ার দুই দশক কেটে গেলেও সেই ঘটনার আড়ালে ঘটতে থাকে আরও অনেক ঘটনা। এ সিরিজের মধ্য দিয়ে আফসানা মিমি অনেক দিন পর আবারও পর্দায় ফিরছেন। ‘নিখোঁজ’-এর মাধ্যমেই ওয়েব দুনিয়ায় অভিষেক হবে তাঁর।
ছয় পর্বের তারকাবহুল এই ওয়েব সিরিজ পরিচালনা করেছেন রিহান রহমান। নিখোঁজ তাঁর ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করেন রিহান। তিনি বলেন, ‘চরকিতে কাজ করে আমার অন্য রকম একটা অভিজ্ঞতা হয়েছে। আমি একটা ব্যতিক্রম গল্প বলার চেষ্টা করেছি। নিখোঁজ দিয়ে নতুন আবহের একটি গল্প দর্শকদের উপহার দিতে চেয়েছি, যেখানে দর্শক সমসাময়িক একটি মানবিক সংকট দেখতে পাবেন। প্রতিনিয়ত আমাদের সমাজে এমন ঘটনার মুখোমুখি হতে হয় অনেক পরিবারকে।’ চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এ বছরে চরকির প্রথম সিরিজ শাটিকাপ যেমন আওয়াজ তুলেছিল, আশা করছি দ্বিতীয় সিরিজ নিখোঁজ দেখেও মানুষ কথা বলবে। নিখোঁজ-এ গল্পই হিরো।’
সিরিজে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, অর্চিতা স্পর্শিয়া, শ্যামল মাওলা, খায়রুল বাসার, শিল্পী সরকার অপু, দীপান্বিতা মার্টিন, মাসুম রেজওয়ান প্রমুখ। ১৭ মার্চ রাত ৮টা থেকে চরকিতে দেখা যাবে ‘নিখোঁজ’।