আমরা কাজটি ভালোবেসে করেছি
শুটিং মানেই পরিশ্রম। এটিকে কখনো আমলে নেন না অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর একটিই কথা, কাজকে কখনো ভয় পান না, বরং ভালোবাসা থাকে। সেই ভালোবাসায় পুরোটা পান কোনো প্রাপ্তিতে। এটিই গুণী এই অভিনেতার কাছে এ প্লাস পাওয়া। তবে কখনো এ প্লাস পাবেন ভেবে কাজ করেন না। তিনি ভাবেন, কাজটি ভালো করে করতে হবে। সম্প্রতি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ‘খাঁচার ভেতর অচিন পাখি’র জন্য সেরা অভিনেতা পুরস্কার পাওয়ার পরে কাজটি নিয়ে কথাগুলো বলেন এই অভিনেতা।
কাজের যেকোনো প্রাপ্তিই আনন্দ দেয় ফজলুর রহমান বাবুকে। এবারও পুরস্কার পেয়ে খুশি এই অভিনেতা। তবে দেশের বাইরে থাকায় পুরস্কারটি নিতে পারেননি তিনি। এই অভিনেতার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেছেন তাঁর স্ত্রী কাজী রোখসানা রুমা। ভারত থেকে বাবু বলেন, ‘ভালো কাজের সঙ্গে থাকাটাই আনন্দের। এটি অনুপ্রাণিত করে। চেষ্টা করি ভালো কাজের সঙ্গে থাকতে। সেই সুযোগ করে দেওয়ার জন্য চরকি ও “খাঁচার ভেতর অচিন পাখি”র নির্মাতা রায়হান রাফি ও কলাকুশলীদের কাছে কৃতজ্ঞ। সবাই শুটিংকে অনেক আপন করে নিয়েছিলেন। আমাদের কাজটি অনেক কষ্টসাধ্য ছিল। কাজের জন্য ফল পাওয়াটা অনেক আনন্দের। আমার পক্ষ থেকে স্ত্রী পুরস্কারটি নিয়ে খুবই খুশি। আমি থাকলে হয়তো আরও খুশি হতো।’
কাজটি কেন দুর্বোধ্য ছিল, এই প্রসঙ্গে বাবু বলেন, ‘আমরা পরিত্যক্ত একটি ভবনে শুটিং করেছি। ধুলাবালু, ফাঙ্গাস ছিল। এমন রিয়েল লোকেশনে কাজ করা কঠিন। কিন্তু আমরা কাজটি ভালোবেসে করেছি। কাজটি আমাদের সবাইকে টেনেছে। শুটিং ইউনিটের একজন প্রোডাকশন বয়ই পুরো জানপ্রাণ দিয়ে কাজটির সঙ্গে ছিলেন। সেই কাজের স্বীকৃতিস্বরূপ ফলাফল পেলাম। চরিত্র, গল্প, পরিচালক, দর্শকদের ভালোবাসা, স্বীকৃতি সবকিছুই ব্যাটে-বলে মিলে গেছে। এটি আমার কাছে প্লাস মার্ক পাওয়া। এটি আমাকে ভালো কাজের অনুপ্রেরণা দেবে। শুটিং ইউনিট, চরকি, যাঁরা পুরস্কৃত করেছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ।’
গত শুক্রবার রাতে জমকালো আয়োজনে আইসিটি চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০২১ সালে ডিজিটাল প্ল্যাটফর্মে অবদান রাখা ব্যক্তিদের ২১ ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ৮টি ক্যাটাগরিতে পুরস্কার পায় চরকি। তার মধ্যে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ শ্রেষ্ঠ চলচ্চিত্র (চরকি), শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য তমা মির্জা পুরস্কার পান। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি।