কী দেখবেন, কোথায় দেখবেন
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহের নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
'স্কুটি'
ধরন: স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
মধ্যবিত্ত পরিবারের মেয়ে অণু। গণপরিবহনে তিনি আসা–যাওয়া করেন। যাতায়াতের পথে প্রায়ই হয়রানির শিকার হন অণু। সেটা সহ্যের সীমা ছাড়িয়ে গেলে অণু একটি স্কুটি কিনে ফেলেন। শুরু হয় তার আরেক লড়াই। অণু চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি।
'মারান'
ধরন: চলচ্চিত্র
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার ছবি। তামিল নায়ক ধানুশ ছবিতে অভিনয় করেছেন এক অনুসন্ধানী সাংবাদিক হিসেবে। শুধু তা–ই নয়, এই ছবিতে দেখা যাবে ভাই–বোনের একটা শক্তিশালী সম্পর্কও। ছবিটিতে বোনের চরিত্রে অভিনয় করেছেন মালভিকা মোহনান। পরিচালনায় কার্তিক নরেন।
'ক্ল্যাপ'
ধরন: চলচ্চিত্র
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: চলমান
তেলেগু ও তামিল ভাষার স্পোর্টস ড্রামা ঘরানার ছবি এটি। কীভাবে খেলার সঙ্গে রাজনীতির যোগ থাকে, সেটি তুলে ধরা হয়েছে এতে। পাশাপাশি সফল হওয়ার পথে পদে পদে কীভাবে বাধা টপকে যেতে হয়, তার চমৎকার গল্প দক্ষিণ ভারতীয় এই ছবির কাহিনি। অভিনয়ে আধি পিনিশেটি, নাসার, প্রকাশ রাজ প্রমুখ।
'কবুল হ্যায়'
ধরন: ওয়েব সিরিজ
স্ট্রিমিং: আহা
দিনক্ষণ: চলমান
এটি ওয়েব সিরিজ কিন্তু গল্পে উঠে এসেছে নানা বিষয়ের। বাল্যবিবাহ, মানব পাচার, যৌনতা ও অপরাধের মতো বিষয় নিয়ে সাজানো হয়েছে সিরিজটি। স্থান হিসেবে রাখা হয়েছে ভারতের হায়দরাবাদ শহরকে। প্রণব পিঙ্গেল রেড্ডি পরিচালনা করেছেন এটি।
'অ্যাডাম প্রজেক্ট'
ধরন: চলচ্চিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
সায়েন্স ফিকশন ঘরানার ছবি এটি। ২০১২ সালে টম ক্রুজকে সঙ্গে নিয়ে ছবিটি তৈরির পরিকল্পনা করা হয়। কিন্তু সেটি আলোর মুখ দেখেনি। পরে নেটফ্লিক্স ছবিটি পরিবেশনার দায়িত্ব নেয়। ছবির গল্প একজন টাইম ট্রাভেলিং পাইলটকে নিয়ে। অভিনয়ে রায়ান রেনল্ডস, মার্ক রাফালো, জেনিফার গার্নার প্রমুখ।