কোথায় দেখবেন, কী দেখবেন
সময়টা এখন ওটিটির। বিশ্বজোড়া বৈচিত্র্যময় কনটেন্ট নিয়ে হাজির নানা প্ল্যাটফর্ম। প্রতি সপ্তাহেই আসছে নতুন নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোসহ নানা কিছু।
স্পার্কিং জয় উইথ মারি কন্ডো
ধরন: রিয়েলিটি মিনি সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ৩১ আগস্ট
ঘরবাড়ি অগোছালো? কোনমারি মেথড আছে না! একেবারে পরিপাটি হয়ে যাবে সব। নতুন মিনি সিরিজ নিয়ে নেটফ্লিক্সে হাজির জাপানের কোনমারি মেথডের জনক মারি কন্ডো। কোনমারি মেথড কী? ছোট্ট করে বললে, এলোমেলো ঘরকে সুন্দর করে সাজানো। ‘টাইডিং আপ’ সিরিজ দিয়ে এর আগেই বেশ সাড়া জাগিয়েছিলেন মারি কন্ডো। তিন পর্বের এই সিরিজে এবারও দেখা যাবে মারির চমক। দেখা যাবে কী করে এই মেথডের মৌলিক ব্যাপারগুলো ব্যবসা, সম্পর্ক ও কমিউনিটির ওপর প্রভাব ফেলে। দেখা যাবে মারির নিজের ঘর, তাঁর পরিবার এবং কী করে তিনি নিজের জীবনে আনন্দ ফুটিয়ে তোলেন।
ইঞ্জিনিয়ারিং গার্লস টু পয়েন্ট জিরো
ধরন: ওয়েব সিরিজ
স্ট্রিমিং: জি ফাইভ
দিনক্ষণ: ২৭ আগস্ট
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হোস্টেলকে ঘিরে ‘ইঞ্জিনিয়ারিং কলেজ ড্রামা’ভিত্তিক ওয়েব সিরিজ। ২০১৮ সালে সিরিজটির প্রথম মৌসুম প্রচারিত হয়। তখন বেশ জনপ্রিয় হয়েছিল। এবার মুক্তি পাচ্ছে দ্বিতীয় মৌসুম। বন্ধুত্ব, ফুর্তি, প্রেম আর বিশ্ববিদ্যালয়জীবনের শেষ বর্ষের দিনগুলো নিয়ে ওয়েব সিরিজ।
কাসাডা থাপারা
ধরন: অ্যান্থলজি
স্ট্রিমিং: সনি লাইভ
দিনক্ষণ: ২৭ আগস্ট
চিম্বু দেবান পরিচালিত অ্যান্থলজি ছবিটিতে ছয়টি গল্প। প্রতিটি গল্পের সঙ্গে আরেক গল্পের যোগসূত্র আছে। ছয়টি ছবিতেই ভিন্ন ভিন্ন কলাকুশলী কাজ করেছেন। চিত্রগ্রহণ, সংগীত পরিচালনা, সম্পাদনা—সব শাখায় ভিন্ন ভিন্ন লোক কাজ করেছেন। ছবিতে অভিনয় করেছেন শান্তনু ভাগ্যরাজ, সন্দীপ কিশান, হরিশ কল্যাণ, প্রিয়া ভবানী শঙ্কর, ভিঙ্কেট প্রবু, রেজিনা ক্যাসান্ড্রা, বিজয়লক্ষ্মী প্রমুখ। ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেছিলেন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় পরিচালক এ আর মুরুগাডোস।