চরকিতে আজ মুক্তি পাবে ‘সাওয়ার অ্যাপলস’
তিন মেয়ে ও স্ত্রী নিয়ে মেয়র আজিজ ওজায়ের পরিবার। টানা দুবার মেয়র নির্বাচিত হয়ে তৃতীয়বার গিয়ে নির্বাচনে হেরে যায় আজিজ। তার ছোট মেয়ে মুয়াজ্জেজ। এক রাতে মুয়াজ্জেজ তাদের আপেলবাগান থেকে আপেল চুরির দায়ে ওজগুর নামের এক ছেলেকে হাতেনাতে ধরে ফেলে। সেই ছেলে দেখতে বেশ সুদর্শন। ওজগুর আর মুয়াজ্জেজের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আর সেখান থেকেই মেয়র পরিবারে নতুন নতুন কাণ্ডকারখানা ঘটতে থাকে।
টার্কিশ সিনেমা ‘সাওয়ার অ্যাপলস’–এর গল্প এটি। এই সিনেমার সংলাপগুলো দর্শকদের কখনো হাসাবে, কখনো কাঁদাবে। আজ বৃহস্পতিবার চরকির পর্দায় মুক্তি পাবে বাংলায় ডাব করা এ টার্কিশ সিনেমাটি। ১১৪ মিনিটের সিনেমাটি ৩ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে চরকিতে দেশব্যাপী দেখা যাবে।
‘সাওয়ার অ্যাপলস’ সিনেমাটি ইয়েলমাজ এরদোগানের পরিচালিত ও অভিনীত। ২০১৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমা তুর্কি আধুনিক দিনের শেক্সপিয়ারীয় কমেডি ড্রামা ঘরানার। ইয়েলমাজ এরদোগানের সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন ফারাহ জেয়নেপ আবদুল্লাহ, সঙ্গুল ওদেন, সুকরান অভালি, শেহের দেভরিম, ইয়াকুট, শুকরু অজিলদিজ, ফাতিহ আর্টমান, এরসিন করকুটসহ অনেকে।