চরকিতে ভরপুর আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উৎসবে বাড়তি আনন্দ যোগ করতে একগুচ্ছ কনটেন্ট নিয়ে হাজির ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সেখানে ঈদ উপলক্ষে আয়োজন করা হয়েছে নতুন সিনেমা, ট্রাভেল শো, ধ্রুপদি চলচ্চিত্রের প্রদর্শনী। ছুটির দিনগুলো চরকির এসব কনটেন্ট দেখে দারুণ কেটে যাবে। এ ছাড়া চরকির জনপ্রিয় সব পুরোনো কনটেন্ট তো আছেই।
এবার চরকির ঈদের অন্যতম চমক চরকি অরিজিনাল সিনেমা ‘৭ নাম্বার ফ্লোর’। শবনম ববুলী, তমা মির্জা ও নবাগত নায়ক রাজ মানিয়েকে নিয়ে এই ওয়েব ফিল্মটি বানিয়েছেন চিত্রপরিচালক রায়হান রাফি। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরিয়ার নাজিম জয়কে। ছবিটি নিয়ে বেশ আশাবাদী বুবলী।

তিনি বলেন, ‘চরকি হচ্ছে সেই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেখানে আমি প্রথমবার কাজ করি। আমার প্রথম কাজের নাম টান। সেই “টান”ই সব সময় চরকির প্রতি থাকবে। এই ছবিটা দিয়ে অডিয়েন্স আমাকে যেভাবে পেয়েছে, যে ভালোবাসা দিয়েছে, তা আমার জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট। চরকি সামনে আরও দারুণ কনটেন্ট দর্শকের জন্য উপহার হিসেবে নিয়ে আসুক। আপাতত এই ঈদে আপনারা  ‘৭ নাম্বার ফ্লোর’  দেখে ফেলুন।’

‘৭ নাম্বার ফ্লোর’–এর শুটিংয়ে রাজ ম্য়ানিয়া ও তমা মির্জা
চরকির সৌজন্যে

এবারের ঈদ রঙিন করতে চরকি নিয়ে আসছে আরও সাতটি সিনেমা। ‘অগ্নি’, ‘আশিকি’ ‘ট্রু লাভ’, ‘রোমিও জুলিয়েট’, ‘দেশা—দ্য লিডার’, ‘হিরো ৪২০’, ‘অঙ্গার’ ও ‘ভালোবাসা আজকাল’ সিনেমাগুলো ঈদের পরের দিন থেকে দেখা যাবে চরকিতে। ঈদের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন একটি করে সিনেমা প্রকাশিত হবে।

এ ছাড়া থাকছে ট্রাভেল শো ‘ঘুর ঘুর ঘূর্ণি’। এই ভ্রমণ শো আপনাকে নিয়ে যাবে তুরস্কের বিভিন্ন এলাকায়। সঞ্চালক হিসেবে থাকছেন জনপ্রিয় ভ্লগার জুটি শেহ্ওয়ার ও মারিয়া। ২৫ এপ্রিল প্রকাশিত পেয়েছে এই ট্রাভেল শোর প্রথম দুটি পর্ব। শোতে থাকছে এই দম্পতির মজার খেলা, স্থানীয় লোকদের সঙ্গে গল্প ও নানা অভিজ্ঞতা। ৬ পর্বের এই সিরিজ প্রকাশিত হবে দুটি পর্ব করে তিন ধাপে। ২৫, ২৮ এপ্রিল ও ২ মে রাত ৮টায় চরকিতে দেখা যাবে দুটি করে পর্ব।

প্রথমবার চরকিতে যুক্ত হয়েছে ট্রাভেল শো 'ঘুর ঘুর ঘূর্ণি উইথ শেহ্ওয়ার অ্যান্ড মারিয়া'
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের অমর নির্মাতা সত্যজিৎ রায়। তাঁর জন্মদিনকে চরকি উদ্‌যাপন করছে মাসব্যাপী ছবি দেখানোর মাধ্যমে। মে মাসজুড়ে আটটি সিনেমা দিয়ে সাজানো হয়েছে ‘সত্যজিৎ স্পেশাল’। ২ মে দেখানো হবে ‘হীরক রাজার দেশে’। ৯ মে দর্শক দেখতে পারবেন ‘অশনিসংকেত’ ও ‘সোনার কেল্লা’। তারপর একে একে প্রকাশিত হবে ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’, ‘অভিযান’, ‘চিড়িয়াখানা’ ও ‘জলসাঘর’।

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এটা চরকির প্রথম ঈদ। আমরা বলছি এল মুভির ঈদ। তাই ঈদটি নানান আয়োজনে সাজানো হয়েছে। অরিজিনাল সিনেমা ‘৭ নাম্বার ফ্লোর’, ট্রাভেল শো “ঘুর ঘুর ঘূর্ণি”, সাতটি ব্লকব্লাস্টার মুভিসহ আরও অনেক কনটেন্ট ঈদ উপলক্ষে চরকিতে মুক্তি দেওয়া হচ্ছে। সবার ঈদ ফিল্ম, ফান, ফুর্তিতে চরকির সঙ্গে কাটবে, এই কামনায় ঈদ মোবারক।’