জোরে মারো টান!
‘পাপ করে কে? পায় কে শাস্তি? কে যে ধরে কার কান/লাভ নাই এত্ত ভাবনা ভাইবা, সব ভুইলা জোরে মারো টান…’। গানটির শেষে লাইন দুটি এমনই। রাসেল মাহমুদের লেখা ও জাহিদ নিরবের সুরে গানটি গেয়েছেন মাহমুদুল হাসান। সপ্তাহ শেষে দর্শকদের দারুণ এই চমক দিয়েছে চরকি।
চরকি তাদের ফেসবুক পেজে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুক্তি দিয়েছে দারাজ নিবেদিত চরকি অরিজিনাল সিনেমা ‘টান’-এর একটি টিজার। যেখানে র্যাপ গানের তালে তালে দেখা যাচ্ছে সিয়াম আর বুবলীকে। এখানে সিয়াম-বুবলীর উপস্থিতি দর্শকদের রুদ্ধশ্বাস পরিস্থিতির দিকে টেনে নেয়। দেখে ঠিক বোঝা গেল না, আসলে কী ঘটতে যাচ্ছে তাঁদের জীবন
তবে সাজসজ্জা, গান, সিনেম্যাটোগ্রাফি, পরিকল্পনা ও লোকেশন—সব মিলিয়ে মাত্র ৫৩ সেকেন্ডের একটি ভিডিও দিয়ে অন্যরকম এক টান টান উত্তেজনা ছড়িয়ে দিলেন সিয়াম আহমেদ ও শবনম বুবলী।
প্রথমবারের মতো চরকির জন্য জুটি বেঁধেছেন হালের ব্যস্ততম এই নায়ক-নায়িকা। তাঁদের দুজনের লুকও ছিল বেশ চোখে পড়ার মতো। রায়হান রাফি পরিচালিত ‘টান’ সিনেমাটি চিত্রনায়িকা বুবলির প্রথম ওয়েব ফিল্ম। চরকির সঙ্গে রাফির এটি দ্বিতীয় সিনেমা।
টিজারে দেখা মিলেছে বর্তমানের আরেক আলোচিত ও দক্ষ অভিনেতা সোহেল মণ্ডলের। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, ‘টান’ হতে চলেছে এ বছরের অন্যতম আলোচিত কনটেন্ট। অবনী-রাশেদ দুজনই হৃদয়ের টানে পালিয়ে যায় দূরান্তে। টোনাটুনির সুখ-দুঃখের প্রেম বাস্তবতায় হঠাৎ ঘটে যায় এক বীভৎস দুর্ঘটনা। এরপর বের হয়ে আসতে থাকে অন্য এক অদ্ভুত গল্পের উপাখ্যান।
এমনই গল্প নিয়ে বানানো হয়েছে চরকি অরিজিনাল সিনেমা ‘টান’। আর হ্যাঁ, ‘টান’ কবে মুক্তি পাচ্ছে, তা জানতে চোখ রাখুন চরকির পর্দায়।