‘জ্ঞানবুদ্ধি হওয়ার পর আমি এমন কাজ কখনো করিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চরকির পেজে অভিনেতা আফরান নিশোর নতুন লুক

গতকাল রোববারের কথা। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির অফিশিয়াল ফেসবুক পেজে দেখা মিলল নতুন একটি ছবি। সেখানে অভিনেতা আফরান নিশোর নতুন লুকের একটি পোস্টার। নিশোর ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে ছবিটি।
এর আগে বছরের প্রথম দিনেই চরকির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি লাইভ করা হয়েছিল। সেখানে দেখা গেছে, নিশো সেলুনে বসে চুল কাটছেন। ৮ মিনিট ৫৬ সেকেন্ডের সেই লাইভের প্রথমেই নিশো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দেন। তারপর জানান, তিনি একটা বিপদে আছেন। দর্শকদের কাছ থেকে বুদ্ধিও চেয়েছিলেন। কিছুক্ষণ পর নিজেই জানান, তিনি কনফিউজড হয়ে বছরের প্রথম দিনেই সেলুনে গেছেন। একপর্যায়ে তিনি বলেই ফেলেন, ‘জ্ঞানবুদ্ধি হওয়ার পর আমি এমন কাজ কখনো করিনি।’

ভিডিওর সাড়ে পাঁচ মিনিটের দিকে দেখা যায়, নিশো নিজেই টিমার দিয়ে নিজের চুল কেটে ফেলছেন। পুরো ন্যাড়া হয়ে যাওয়ার কথাও বলেন তিনি। কী লুক নেবেন, তা জানতে চেয়ে দর্শকের সাজেশনও চান।
লাইভের শেষের দিকে নিজের ও পরিবারের জন্য দোয়া চেয়ে ভিডিও শেষ করেন আফরান নিশো। কিন্তু কেন? কেন এমন ভিডিও চরকির পেজে লাইভ করা হলো?

আবার এক দিন পরে কেন এমন লুকের একটি ছবি পোস্ট করা হলো? এমন অনেক প্রশ্ন দর্শকের মনে উঁকি দিতেই পারে। আফরান নিশোকে সঙ্গে নিয়ে নতুন চমক দিয়ে বছরের শুরুতেই হাজির হয়েছে চরকি। প্রতিষ্ঠানটির পক্ষে জানানো হয়েছে, নিশো নতুন চমক দিচ্ছেন, কেন নিশো এমন করলেন, সেসব প্রশ্নের জবাব অবশ্যই পাবেন। সে জন্য নজর রাখতে হবে ফিল্ম, ফান, ফূর্তির প্ল্যাটফর্ম চরকিতে।

মরীচিকার একটি দৃশ্যে আফরান নিশো

গত বছর চরকি প্রকাশ করেছিল তারকাবহুল ওয়েব সিরিজ ‘মরীচিকা’। আট পর্বের সিরিজটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। সিরিজটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো।