নতুন ছবি লুট করে নেয় সাইবার অপরাধীরা
তিন দিন আগে হঠাৎ চাউর হয় রেহানা মরিয়ম নূর ছবিটির পাইরেসির খবর। পরিচালক ও প্রযোজকের মাথায় যেন বাজ পড়ে। দ্রুত তাঁরা ছুটে যান পুলিশের সাইবার অপরাধ বিভাগ কার্যালয়ে। অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় ছবির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও নির্বাহী প্রযোজক এহসানুল হক ভীষণ মর্মাহত। খোঁজ নিয়ে জানা যায়, ১৬ আগস্ট সকাল থেকে নানা লিংকে ছবিটি ঘুরছিল। কেউ কেউ বলছেন, মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালে অনলাইনে ছবিটির প্রদর্শনের পরদিনই পাইরেসি হয়ে যায়।
বাংলাদেশি সিনেমায় পাইরেসি শব্দটি নতুন না। আগে প্রেক্ষাগৃহ থেকে সিনেমা পাইরেসি হতো। কখনো মুক্তির প্রথম দিনেই এ হাত–ও হাত ঘুরে বাজারে চলে যেত নতুন ছবির ভিএইচএস, সিডি বা ডিভিডি। সময় বদলেছে। এখন আর প্রেক্ষাগৃহ পর্যন্তও ছুটতে হয় না। ডিজিটাল দুনিয়া থেকেই নতুন ছবি লুট করে নেয় সাইবার অপরাধীরা।
পাইরেসি একজন প্রযোজক ও পরিচালককে পথের ফকির বানিয়ে দেয়। আমরা আসলে সিনেমাশিল্পের লোকজন একেবারে সুরক্ষিত না। তবে বিটিআরসির উচিত, এই মুহূর্তে পাইরেসির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা। না হলে অনেক কিছু ধ্বংস হয়ে যাবে। তথ্য মন্ত্রণালয়কেও এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।
রেহানা মরিয়ম নূর–এর ক্ষেত্রেও এমনটাই ঘটেছে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। তাই সিনেমা নিয়ে ঝুঁকিটাও এখন অনেক বেশি। কেউ বলছেন, রাষ্ট্রের প্রযুক্তি বিশেষজ্ঞ ইউনিট চাইলে কঠোরভাবে পাইরেসি নিয়ন্ত্রণ সম্ভব। কেউ বলছেন, অসম্ভব, দরকার সচেতনতা।
কেউ বলছেন, রাষ্ট্রের প্রযুক্তি বিশেষজ্ঞ ইউনিট চাইলে কঠোরভাবে পাইরেসি নিয়ন্ত্রণ সম্ভব। কেউ বলছেন, অসম্ভব, দরকার সচেতনতা।
রেহানা মরিয়ম নূর-এর মতোই পাইরেসির শিকার হয়েছিল আয়নাবাজি। চমকে ওঠার মতো তথ্য দিলেন এই ছবির পরিচালক অমিতাভ রেজা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সেভাবে কোনো সাহায্য নাকি পাননি তিনি। অমিতাভ বললেন, ‘তখন আমরা শুধু স্ট্রাইক করে লিংক বন্ধ করেছি। আমরা আয়নাবাজি ব্যাটলফিল্ড বলে একটা টিম তৈরি করেছিলাম। দিনরাত পরিশ্রম করে তারা ফেসবুক ও ইউটিউব মিলে তিন হাজারের মতো লিংক বন্ধ করে। জিডিও করছিলাম, লাভ হয়নি। আমার অভিজ্ঞতায় বলে, এটা পুলিশও বন্ধ করতে পারবে না।’
আমরা আয়নাবাজি ব্যাটলফিল্ড বলে একটা টিম তৈরি করেছিলাম। দিনরাত পরিশ্রম করে তারা ফেসবুক ও ইউটিউব মিলে তিন হাজারের মতো লিংক বন্ধ করে। জিডিও করছিলাম, লাভ হয়নি।
কেন এমনটা মনে করছেন, জানতে চাইলেন অমিতাভ বললেন, ‘সত্যি বলতে কি, এই যুগে পাইরেসি নিয়ন্ত্রণ সম্ভব না। কেউ পাইরেটেড সিনেমা দেখলে বা বিক্রি করলে যদি গ্রেপ্তার করা যায়, হয়তো তাহলে প্রবণতা কমবে, কিন্তু বন্ধ হবে না। আমাদের ছবি তো প্রায় সবাই পাইরেসি করে লাইভ করা শুরু করে। এখন তো দেখি, বিভিন্ন ওটিটির ওয়েব সিরিজ ও সিনেমার ডিভিডিও পাওয়া যায়। প্রকাশ্যে বিক্রি হয়। আসলে মানুষের চরিত্রগত পরিবর্তন আনতে হবে। নিজেদের সচেতন হতে হবে। এটা ছাড়া পাইরেসি বন্ধ করা কষ্টসাধ্য। পাশাপাশি প্রশাসনকেও স্ট্রং হতে হবে।’
অমিতাভ রেজার সঙ্গে একমত পরিচালক অনন্য মামুনও। তিনিও মনে করেন, ডিজিটাল যুগে পাইরেসি প্রোটেকশনের নিরাপত্তা কেউ দিতে পারবে না।
তিনি বলেন, ‘আগে তো সিনেমা হল থেকে ছবি পাইরেসি হতো। ওই পদ্ধতিতে পাইরেসি নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও বর্তমানে কোনো অবস্থাতেই সম্ভব না। এটা নিজেদের দায়িত্ববোধের ব্যাপার। মানুষকে সচেতন হতে হবে। না হলে ছবির পাইরেসি রোধ করা অসম্ভব। যতই সংস্থা থাকুক, পারবে না। বিশ্বের কেউ এখনো এটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি, পারবেও না। কমানোও সম্ভব না। বিষয়টা হচ্ছে, পাইরেসি করা সিনেমা আমরা দেখব না, এই মানসিকতা তৈরি করতে হবে।’
পাইরেসি করা সিনেমা আমরা দেখব না, এই মানসিকতা তৈরি করতে হবে।
শাকিব খান প্রযোজিত ও অভিনীত হিরো দ্য সুপারস্টার ছবিটিও পাইরেসির কবলে পড়ে। এই নায়কের রাজনীতি, নবাবসহ আরও অনেক সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই পাইরেসি হয়ে যায়। একইভাবে অন্য অনেক নায়ক–নায়িকার সিনেমাও পাইরেসি হয়।
পরিচালক কাজী হায়াতের সঙ্গে কথা হলে জানালেন, তাঁর পরিচালিত ইতিহাস ছবিটি মুক্তির চার দিনের মাথায় পাইরেসি হয়ে যায়। তিনি মনে করেন, সরকার আন্তরিক হলে এবং বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলটরি কমিশন (বিটিআরসি) সক্রিয় হলে পাইরেসি নিয়ন্ত্রণ করা সম্ভব।
অমিতাভ রেজা ও অনন্য মামুনের সঙ্গে কাজী হায়াৎ দ্বিমত প্রকাশ করে বলেন, ‘পাইরেসি একজন প্রযোজক ও পরিচালককে পথের ফকির বানিয়ে দেয়। আমরা আসলে সিনেমাশিল্পের লোকজন একেবারে সুরক্ষিত না। তবে বিটিআরসির উচিত, এই মুহূর্তে পাইরেসির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা। না হলে অনেক কিছু ধ্বংস হয়ে যাবে। তথ্য মন্ত্রণালয়কেও এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আমি মনে করি, খুব সহজেই কন্ট্রোল করা যায়।’
শুধু চলচ্চিত্রই নয়, নিয়মিত পাইরেসি হয়ে যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর কনটেন্টও। এ বিষয়ে চরকির প্রধান পরিচলন কর্মকর্তা রেদওয়ান রনি বললেন, ‘কনটেন্ট পাইরেসি করার চেষ্টা প্রতিনিয়ত হয়। তবে আমাদের শক্তিশালী একটি টিম আছে, যারা কনটেন্ট প্রোটেকশন দেয়। তবে এটাও ঠিক, এই সময়ে পাইরেসির ঝুঁকি যদিও বেশি, আমরা সার্বক্ষণিক মনিটরও করছি এবং একটি নতুন প্রযুক্তির মাধ্যমে প্রতিরোধও করছি। তবে দর্শকের দায়বোধ এখানে বেশি জরুরি, সচেতন হয়ে তাঁদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা পাইরেসি হওয়া সিনেমা দেখব না।’
সিনেমা পাইরেসি হওয়ার বিষয়টি নিয়ে কপিরাইট নিবন্ধক জাফর রাজা চৌধুরীর সঙ্গে কথা হলে তিনি বললেন, ‘সিনেমা নির্মাণ করতে গিয়ে প্রযোজকেরা কোটি কোটি টাকা খরচ করেন, কিন্তু এর সুরক্ষা নিশ্চিতের জন্য কপিরাইট নিবন্ধনটা পর্যন্ত করেন না।
সাড়ে চার বছর আগে আমি যখন এখানে যোগদান করি, তখন আয়নাবাজি মুক্তি পায়। খুব পাইরেসি হচ্ছিল। খোঁজ নিয়ে জানতে পারি, ছবিটির কপিরাইটই করা হয়নি। যার কপিরাইট নিবন্ধনই নেই, তাকে আমরা কপিরাইট সুরক্ষা দিতে পারি না। কারণ, কপিরাইট নিবন্ধন নেই মানে তো এর মালিকানাই নিশ্চিত করেনি। সিনেমা তৈরির পর কপিরাইট নিবন্ধন করা হলে এরপর কেউ অভিযোগ করলে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এবং বিটিআরসির মাধ্যমে সাইটগুলো ব্লক করে দিই।’