নীলকুঠির যৌনপল্লির গল্প নিয়ে মিথিলার ‘মন্টু পাইলট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতায় বেশ আলোচিত দেবালয় ভট্টাচার্যর ‘মন্টু পাইলট’ সিরিজটি। এর প্রথম সিজন প্রচার শেষ হয়েছে। এরই মধ্যে আট পর্বের দ্বিতীয় সিজনও তৈরি শেষ। দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। সিরিজটি এখন প্রচারের জন্য প্রস্তুত। তার আগে গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে সিরিজে মিথিলার প্রথম পোস্টার লুক।
এবারই প্রথম কলকাতার ওয়েব সিরিজে অভিনয় করলেন বাংলাদেশের এই অভিনেত্রী। চরিত্রের নাম বন্নি। প্রথম লুক পোস্টার প্রকাশে উচ্ছ্বসিত মিথিলা বলেন, ‘চেনা–অচেনা অনেকেরই পছন্দ হয়েছে আমার চরিত্রের পোস্টার লুকটি। এই কয়েক দিন ফেসবুক কমেন্ট, ইনবক্স, ফোনের এসএমএসসহ নানাভাবে ভালো ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। ভালো লাগছে। লুকটি নীলকুঠির যৌনপল্লির লুক। সিরিজটি প্রচারের আগে আরও কয়েকটি লুক দেখা যেতে পারে আমার চরিত্রের।’

নীলকুঠির যৌনপল্লির গল্প নিয়ে ‘মন্টু পাইলট’। মিথিলা জানান, এটি তাঁর একটি পছন্দের কাজ। সিরিজে তাঁর চরিত্রটির দুটি ভাগ আছে। এখনই তা খোলাসা করতে চাননি। বলেন, ‘চরিত্র নিয়ে এখনই কিছু বলব না। শুটিং করার সময় মনে হয়েছে, ভালো একটি কাজ হতে পারে এটি। তবে চরিত্রটি নিয়ে আমার কাছে বাড়তি চাপও আছে। কারণ, এর প্রথম সিজনটি দারুণ জনপ্রিয় হয়েছে কলকাতায়।’

রাফিয়াত রশিদ মিথিলা

সিরিজটিতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন সৌরভ দাস। মিথিলা জানান, আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মে মাসে হইচই প্ল্যাটফর্মে কলকাতা ও বাংলাদেশ থেকে একসঙ্গে প্রচারিত হবে ‘মন্টু পাইলট’ সিরিজটি। এরই মধ্যে কলকাতার জনপ্রিয় ‘সানন্দা’ ম্যাগাজিন পত্রিকায় মিথিলা ও তাঁর মেয়ে আইরাকে নিয়ে প্রচ্ছদ করা হয়েছে।

মিথিলা
ইনস্টাগ্রাম

এ ব্যাপারে মিথিলা বলেন, ‘এ নিয়ে দুবার সানন্দায় আমাকে নিয়ে প্রচ্ছদ হলো। আইরার প্রথম এটি। এটি কলকাতার জনপ্রিয় ম্যাগাজিন। বাংলাদেশি একজন অভিনেত্রী হিসেবে আমার জন্য এটি সম্মানের।’ এদিকে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ ছবিতে অভিনয় করবেন মিথিলা। তিনি জানান, ঈদুল ফিতরের পরপর তাঁর অংশের শুটিং শুরু হবে। এ ছাড়া ‘মায়া’ ও ‘নীতিশাস্ত্র’ নামে কলকাতার দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে মিথিলার। ‘মায়া’ ছবিটি পরিচালনা করেছেন রাজর্ষি দে। আর ‘নীতিশাস্ত্র’ অরুণাভ খাসনবিশ।