ফারুকের খোঁজ আজ পাওয়া যাবে কি

নিখোঁজ–এর একটি দৃশ্যে শ্যামল ও আফসানা মিমি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কদিন ধরেই ফেসবুকে খোঁজা হচ্ছিল ফারুক আহমেদকে। তাকে খুঁজছিলেন নির্মাতা আদনান আল রাজীব, রেদওয়ান রনি, অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, অর্চিতা স্পর্শিয়া, খাইরুল বাসাররা। এ ছাড়া ফেসবুকের বিভিন্ন পেজ থেকে স্ট্যাটাস লেখা হয়েছে, একটি নিখোঁজ সংবাদ। পত্রিকায় একটি বিজ্ঞাপন ছাপা হয়েছে 'ফারুক আহমেদকে খুঁজছে তার পরিবার'। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান, সত্বর যোগাযোগ করুন চরকিতে। এমন স্ট্যাটাসের কারণ বুঝতে বাকি নেই দর্শকদের। এটা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির নতুন চমক। আজ ১৭ মার্চ, ছয় পর্বের তারকাবহুল সিরিজটি মুক্তি পাচ্ছে। এখানে ফারুক আহমেদ চরিত্রে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ। অবশেষে নিখোঁজ ফারুক আহমেদকে আজ রাত আটটায় পাওয়া যাবে চরকিতে।

রহস্য, থ্রিলার, সাসপেন্সে ঘেরা পারিবারিক ড্রামাতে দেখা যাবে একদিন হঠাৎ নিখোঁজ পরিবারের প্রিয় মানুষ। আর ঘটতে থাকে অনেক রহস্যময় ঘটনা। চরকি অরিজিনাল সিরিজটি পরিচালনা করছেন রিহান রহমান। তিনি বলেন, 'নিখোঁজ–এর শুটিংয়ের আগে থেকেই কিছুটা চিন্তিত ছিলাম। কারণ নিখোঁজ একই সঙ্গে চরকির জন্য বানানো, আবার এটা আমার প্রথম সিরিজ। চরকিতে কাজ করে আমার অন্য রকম একটা অভিজ্ঞতা হয়েছে। এই সিরিজে একসঙ্গে এত গুণী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করে আমার সত্যি খুব ভালো লেগেছে। এটুকু বলব, দর্শক নতুন একটি গল্প পাবেন। আমাদের সিরিজটি আপনাদের ভালো লাগবে।'

আফসানা মিমি এই সিরিজের মধ্যদিয়ে ওটিটিতে কাজ শুরু করলেন

ব্যক্তিগত কারণে অভিনয় থেকে কিছুটা দূরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। দর্শকদের পছন্দের এই অভিনেত্রী এবার নতুন করে পর্দায় আসছেন। নিখোঁজ-এর মধ্য দিয়েই ওয়েব দুনিয়ায় অভিষেক হবে তাঁর। সিরিজটিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পরও দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তাই উল্টো প্রস্তাবের পর প্রশ্ন করেছিলেন, 'চরিত্রটা আমার সঙ্গে যাবে তো?' পরে চিত্রনাট্য পড়ে তিনি কাজটি নিয়ে আগ্রহ দেখান। শুধু নিজের চরিত্রই নয়, গল্প ও সবার চরিত্রই তাঁর কাছে ভালো লাগে। তিনি বলেন, 'কাজটা করতে গিয়ে মহড়া, আড্ডা—সবকিছু খুব আপন মনে হয়েছে। এখানে যাঁরা অভিনয় করেছেন, তাঁরাও সেরাটা দিয়েছেন। আর চরকি এমন সব কনটেন্ট মানে ধরাবাঁধা কনসেপ্টের বাইরে গিয়ে নতুন কিছু প্লট ও গল্প দর্শকদের দেখাচ্ছে, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।'

ওটিটি প্ল্যাটফর্মে অনেক আগেই নিজেকে প্রমাণ করেছেন শ্যামল মাওলা। ওয়েব ফিকশনের পর এবার প্রথমবারের মতো চরকির ওয়েব সিরিজে নাম লেখালেন। এ জন্য নিজেকে আলাদাভাবে তৈরি করেছেন। এই অভিনেতা বলেন, 'গল্পটা খুবই ভালো। পরিচালক রিহানের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। তাঁর কাজের ওপর আমার আস্থা রয়েছে। শুটিংয়ে যেমনটা চেয়েছি, ঠিক তেমনটাই হয়েছে। গল্পটি দর্শকদের খুবই ভালো লাগবে।' এই সময় মজার অভিজ্ঞতা ভাগাভাগি করে এই অভিনেতা বলেন, 'গল্পে আফসানা মিমির সঙ্গে অনেক দিন পরে দেখা হবে। বাস্তবেও আপার সঙ্গে অনেক দিন দেখা হয় না। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা একসঙ্গে মহড়া করিনি। একসঙ্গে সরাসরি শুটিংয়ে অংশ নিয়েছি। চরকির রহস্যঘেরা এই কাজটি দর্শকদের ভালো লাগবে।'

শতাব্দী ওয়াদুদ অভিনয় করেছেন ফারুক আহমেদ চরিত্রে

সিরিজটির ব্যতিক্রমী প্রচারণায় বেশ সাড়া পাচ্ছেন শতাব্দী ওয়াদুদ। তাঁকেই দেখা যাবে নিখোঁজ ফারুক আহমেদ চরিত্রে। এমন চরিত্রে কাজ করতে সব সময় অপেক্ষায় থাকেন। এ অভিনেতা বলেন, 'আমি এই চরিত্রটা করতে গিয়ে খুব নার্ভাস ছিলাম। শুধু মাথায় একটা কথাই ঘুরত, আমি ফারুক আহমেদকে ঠিকমতো ফুটিয়ে তুলতে পারছি তো। তবে আমাদের তরুণ ডিরেক্টর রিহান চমৎকারভাবে সবাইকে সাহায্য করেছেন।'

মাসুম রেজওয়ান

শাটিকাপ ওয়েব সিরিজের পর চরকির দ্বিতীয় ওয়েব নিখোঁজ নিয়ে আশাবাদী চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি বলেন, 'এ বছরে চরকির প্রথম সিরিজ শাটিকাপ যেমন আওয়াজ তুলেছিল, আশা করছি দ্বিতীয় সিরিজ নিখোঁজ দেখেও মানুষ কথা বলবে। নিখোঁজ-এর গল্পই হিরো; আপনারা দেখলেই বুঝতে পারবেন।' এই সিরিজে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, ইন্তেখাব দিনার, দীপান্বিতা মার্টিন, অর্চিতা স্পর্শিয়া, খায়রুল বাসার, মাসুম রেজওয়ানসহ অনেকে।