বাবু এবার নীল ডাকাত
নাইট কোচে ডাকাতির কথা একসময় প্রায়ই শোনা যেত। সে রকম এক নির্মম ডাকাতের ভূমিকায় দেখা গেল অভিনেতা ফজলুর রহমান বাবুকে। আজ রোববার সন্ধ্যায় চরকির ফেসবুক পাতায় প্রকাশিত হয়েছে ‘লাল কাতান নীল ডাকাত’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ট্রেলার।
অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ পরিচালিত ছবি ‘লাল কাতান নীল ডাকাত’। এখানে গতানুগতিক চরিত্র থেকে বেরিয়ে ভিন্ন এক চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। চরকির অ্যাপ ও ওয়েবসাইটে কাল সোমবার রাত থেকেই স্বল্পদৈর্ঘ্যটি দেখা যাবে।
‘লাল কাতান নীল ডাকাত’-এর গল্প প্রসঙ্গে পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘ঢাকা থেকে দূরের গন্তব্যে যাওয়ার পথে ডাকাতের খপ্পরে পড়ে একটি যাত্রীবাহী বাস। এই নিয়েই গল্প। এক যাত্রীর কাছ থেকে একটি কাতান শাড়ি কেড়ে নিতে চান ডাকাত চরিত্রের ফজলুর রহমান বাবু। বাংলাদেশে বাসে ডাকাতির গল্প অনেকেই শুনেছেন, অনেকের অভিজ্ঞতাও রয়েছে। এ গল্পের সঙ্গে তাই অনেকেই নিজেদের শোনা গল্প বা অভিজ্ঞতা মেলাতে পারবেন। মজার এ গল্পের শেষে আছে একটি বার্তা, যা দর্শককে আনন্দের পাশাপাশি দেবে ভাবনার খোরাক।’
আত্মপ্রকাশের পর চরকিতে থাকছে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, সিরিজসহ ফিল্ম, ফান, ফুর্তির নানা আনন্দ আয়োজন। এ ছাড়া ফেলে আসা দিনের আলোচিত ও প্রশংসিত সব সিনেমা ও সিরিজও দেখা যাবে।