যতই নেটফ্লিক্স আসুক, মণিহার থাকবে

১৯৮৩ সালের ডিসেম্বর মাসে চার বিঘা জমির ওপর নির্মিত হয় মণিহার সিনেমাছবি: জিনাত শারমিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মণিহার সিনেমা হলে পৌঁছাতে না পৌঁছাতেই শুরু হয়ে গিয়েছিল ‘রাজনীতি’। শাকিব খান আর অপু বিশ্বাস অভিনীত ২০১৭ সালের সিনেমা। ভেতরে দর্শক নেই বললেই চলে। টিকিটের দাম ৬০, ৮০, ১০০ টাকা। ১ হাজার ৪০০ আসনের হল, অথচ ওপর–নিচ মিলিয়ে এদিন দর্শক মাত্র ২৮ জন!

মণিহার দেশের সবচেয়ে পুরোনো সিনেমা হলগুলোর একটি। বলা হয়ে থাকে, আসনসংখ্যার দিক থেকে দেশের সর্ববৃহৎ হল এটি। বাংলার সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’ দেখিয়ে বহু টাকা আয় করেছিল এই প্রেক্ষাগৃহ। আজ সেখানে দর্শকের খরা। ভেতরে ঢুকে দেখা যায়, করিডোরের পাশে বসে কফি খাচ্ছেন প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী জিয়াউল ইসলাম। জানালেন, শরীর ভালো, তবে মন ভালো নেই। কারণ জানতে চাইলে বলেন, ‘সিনেমা হল খুললে কী হবে, নতুন সিনেমা নেই। পুরোনো ছবি “রাজনীতি” চলছে, যদিও এর আগে দুই দফা ছবিটি চালানো হয়েছিল এখানে।

৩৭ বছরের পুরোনো হলটি দেখতে আসেন অনেকেই
ছবি: জিনাত শারমিন

১০ জন দর্শক সিনেমা দেখলে যে খরচ, ১ হাজার দর্শক দেখলেও একই খরচ।’ জানালেন, বিদ্যুৎ বিলবাবদ মাসে খরচ হয় দেড় লাখ টাকা।
বাংলাদেশের চলচ্চিত্রের জৌলুশ আর ঐতিহ্যের সাক্ষী মণিহার আজ ৩৭ বছর পূর্ণ করল।

১৯৮৩ সালের ডিসেম্বর মাসে স্থপতি মো. হানিফের নকশায় চার বিঘা জমির ওপর নির্মিত হয় মণিহার সিনেমা। প্রথম সিনেমা জসিম, সোহেল রানা, রোজিনা, সুচরিতা অভিনীত ‘জনি’।

প্যাঁচানো সিঁড়ি বেয়ে মণিহারের তৃতীয় তলায় উঠলেই খাবারের দোকান
ছবি: জিনাত শারমিন

৩৭ বছরের পুরোনো হলটি দেখতে আসেন অনেকেই, হলটিকে পেছনে রেখে ছবি তোলেন, টিকিট কেটে ছবি দেখেন না। ধুলা আর মাকড়সার জালের উপস্থিতি বলে দেয়, হলটি নিয়ে হতাশ এর তত্ত্বাবধায়কেরা। ভেতরের দেয়ালে সাজানো ফ্রেমবন্দী দেশ–বিদেশের তারকাদের ছবি। সিনেমার বিরতির সময় দেখা যায়, অনেক দর্শক বেরিয়ে যাচ্ছেন। তাঁদের একজন নয়ন, পেশায় টেইলারিং মাস্টার। সিনেমা দেখার অভিজ্ঞতা জানিয়ে বললেন, ‘সিনেমা দেখতে এখন আর ভাল্লাগে না। পাঁচ বছর পর হলে আইলাম। বন্ধু ফোন দিছে, তাই বেরিয়ে যাচ্ছি।’
মণিহারের গেটম্যান শহীদুল ইসলামেরও দুঃখ অনেক। বললেন, ‘২০১২ সালে মাহি আর বাপ্পী আসছিল, “ভালোবাসার রঙ” সিনেমা নিয়ে। তারপর আর কোনো নায়ক–নায়িকা আসেননি।’ তাঁদের প্রিয় নায়ক কে? হলের চার কর্মচারীর কাছে আলাদা আলাদা করে জানতে চাইলে এক শব্দে সবাই বলেন, ‘মান্না!’ একজন মান্নার সঙ্গে নিলেন রাজ্জাকের নামও।
হল নিয়ে কথা বলতে গিয়ে সেটার নিচের অংশের দায়িত্বে থাকা কাজী শরিফুল ইসলাম স্মৃতিকাতর হয়ে যান। বলেন, ‘মান্না, রাজ্জাক, শাবানা, ইলিয়াস কাঞ্চন, শাবনূরদের আমলের সেই মাপের ছবি কই? “আঁখি মিলন”। আহা! কী ছবি।

প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী জিয়াউল ইসলাম
ছবি: জিনাত শারমিন

রোজিনা, সুচরিতা যা অভিনয় করেছেন, ওইগুলা মাধুর্য।’ পাশ থেকে ক্যানটিনের কর্মচারী হৃদয় মণ্ডল দর্শক কম হওয়ার কারণ জানিয়ে বলেন, ‘এখন তো ইন্টারনেটে সার্চ দিলেই সব পাওয়া যায়। প্রথমে ভিসিআর, পরে ডিশলাইন আর এখন ইন্টারনেটের জন্যি মানুষ হলে ঢোকে না। এই যে “রাজনীতি” ভিতরে চলতিছে, ইন্টারনেটে লিখলিই চলে আসবেনে।’ তবে তিন বছর ধরে এই হলে কাজ করা মাসুমের সব ছবিই ভালো লাগে। মাঝেমধ্যে মা–বাবাকেও হলে বেড়াতে নিয়ে আসেন তিনি। তবে তাঁরা সিনেমা দেখেন না।

‘বেদের মেয়ে জোসনা’ দেখিয়ে বহু টাকা আয় করেছিল এই প্রেক্ষাগৃহ

প্যাঁচানো সিঁড়ি বেয়ে মণিহারের তৃতীয় তলায় উঠলেই খাবারের দোকান। পাশে এস এম আবদুর রবের ছোট স্টেশনারির দোকান। ১৯৮২ সাল থেকে তিনি কাজ করেন হলটির প্রতিষ্ঠাতা জিয়াউল ইসলামের বাবার সঙ্গে। হলের ভেতরের ছোট্ট দোকান চালিয়ে বড় করেছেন তিন ছেলেকে। তাঁরা এখন প্রতিষ্ঠিত।

মণিহারের সঙ্গে দীর্ঘ স্মৃতি হাতড়ে জানালেন, উদ্বোধনের সময় মণিহারে টিকিটের দাম ছিল ১০ টাকা। তখন মিডনাইট শো ছিল। রাতে পাড়ার মাস্তানরা টিকিট ছাড়া জোর করে হলে ঢুকতে চাইলেও তিনি ঢুকতে দিতেন না। একবার নাকি তারা গুলিও চালিয়েছিল। সেই ঘটনার সাক্ষী জানালার ভাঙা কাচ আঙুল তুলে দেখান আবদুর রব। অনেক কিছু সংস্কার করে আধুনিক করা হলেও সেই জানালা এখনো স্মৃতি ধরে রেখেছে। সেই ঘটনার পর প্রায় বছরখানেক বন্ধ ছিল হল।

সিনেমা মানুষ শেষ পর্যন্ত হলে বসেই দেখতে চায়

করোনাকালেও হল বন্ধ ছিল। তখন প্রায় অর্ধশত কর্মীর পাশে ছিলেন হলমালিক। পুরোটা না পারলেও বেতন বন্ধ হয়নি তাঁদের। আলাপের শুরুতে হতাশ শোনালেও পরে আশাবাদী শোনায় জিয়াউল ইসলামের কণ্ঠ। নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মকে সিনেমা হলের জন্য হুমকি মনে করেন না তিনি। তিনি বলেন, সিনেমা মানুষ শেষ পর্যন্ত হলে বসেই দেখতে চায়। এই আবহ, এই অভিজ্ঞতা অন্য কিছুতে নেই। যতই নেটফ্লিক্স আসুক, মণিহার থাকবে। ভালো সিনেমা এলেই হলের এই চেহারা বদলে যাবে।

ভেতরের দেয়ালে সাজানো ফ্রেমবন্দী দেশ–বিদেশের তারকাদের ছবি