লাইটস, ক্যামেরা…অবজেকশন: প্রতিবাদের জোরালো এক গল্প

ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সালেহ সোবহান পরিচালনা করেছেন ‘লাইটস, ক্যামেরা…অবজেকশন’প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবন থেকে নেয়া’খ্যাত নির্মাতা জহির রায়হান এবার পর্দায় আসছেন। ক্যামেরার পেছনের গল্পে ‘জহির রায়হান’ থাকবেন পুরো সময় পর্দাজুড়ে।
এবার একটু খুলে বলা যাক। ১৯৭০ সাল। পাকিস্তানের সেন্সর বোর্ড কালজয়ী নির্মাতা জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’ সিনেমাটি আটকে দেয়। সিনেমাটি ঘিরে শিল্প এবং শিল্পীদের ওপরে নেমে আসে পাকিস্তানি কড়া শাসনের নিয়ন্ত্রণ। হার মানার পাত্র ছিলেন না জহির রায়হান। শুরু হয় পরিচালক বনাম পাকিস্তান সেন্সর বোর্ডের কর্মকর্তাদের তর্ক-বিতর্ক। সেই ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সালেহ সোবহান পরিচালনা করেছেন ‘লাইটস, ক্যামেরা…অবজেকশন’। নগদ নিবেদিত ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’র দ্বিতীয় পর্বটি মুক্তি পাবে ১৬ ডিসেম্বর। বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে চরকির বিশেষ আয়োজন ‘জাগো বাহে’।

এই গল্পের বেশ কিছু চরিত্র কাল্পনিক। আর জহির রায়হানের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্‌ওয়ার। কথা হয় তাঁর সঙ্গে। জানালেন, জহির রায়হানের মতো এমন ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করতে হবে শুনেই টেনশনে পড়ে যান তিনি। জহির রায়হান সম্পর্কে কমবেশি সবাই জানেন। তাঁর কর্ম এখনো প্রাসঙ্গিক—এমন একজন মানুষের ভূমিকায় অভিনয় করা কঠিন ছিল। এ জন্য মন্ওয়ারকে খুঁজে বের করতে হয়েছে জহির রায়হানকে নিয়ে লেখা ও সাক্ষাৎকার। দেখতে হয়েছে তাঁর সিনেমা।

‘লাইটস, ক্যামেরা…অবজেকশন’ এর একটি দৃশ্যে অপর্ণা ঘোষ
প্রথম আলো

তিনি বলেন, ‘এটা একটি চেম্বার ড্রামা। পুরোটাই একটা ডিবেট ছিল। যৌক্তিকতা দিয়ে অযৌক্তিকতা খণ্ডন করা। এগুলো অনেক চ্যালেঞ্জিং ছিল। আমাদের গল্প রুমের মধ্যে হলেও, এখানে আপস অ্যান্ড ডাউন আছে। থ্রিল ব্যাপারটা আছে। এ জন্য আমাকে এক মাসের বেশি সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে। শুটিংয়ে সারাক্ষণ একটি বিষয় ভেবেছি, কীভাবে চরিত্রে ডায়মেনশন আনা যাবে। পুরো গল্পটি দর্শকদের আটকে রাখবে।’

‘লাইটস, ক্যামেরা…অবজেকশন’-এ বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত। তিনি বলেন, ‘ইতিহাসনির্ভর যেকোনো কাজ করতেই আমি তাড়না পাই। এখানে জহির রায়হান, আমজাদ হোসেনের মতো উল্লেখযোগ্য চরিত্র আছে। আমার কাছে গল্পটি একদমই ভিন্ন মনে হয়েছে। এ ধরনের গল্পে অভিনয় করতে আমি ভয় পাই। যারা ভয় পায় না, তারা সেরা অভিনেতা। আমরা সবাই একনিষ্ঠভাবে কাজটির সঙ্গে জড়িয়ে ছিলাম। প্রোডাকশন ডিজাইন, গল্পের ডায়মেনশন, সবই আমাদের সত্তরের সেই সময়ে নিয়ে গিয়েছিল।’

রাও ফরমান আলীর চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার
প্রথম আলো

ঐতিহাসিক পটভূমির গল্পটি নিয়ে নির্মাতা সালেহ সোবহান বলেন, ‘ সিনেমাটি সংলাপনির্ভর। সিনেমাটি ব্যক্তিগতভাবে খুব পছন্দের। সিনেমার আইডিয়া থেকে শুরু করে স্ক্রিপ্টিং পর্যন্ত লেখকেরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আর সব মিলিয়ে অভিনেতারা শুটিংয়ের সময় খুব বড় সাপোর্ট দিয়েছেন। আমরা চেষ্টা করেছি ১৯৭০ সালের নির্মম একটি সত্যকে তুলে ধরতে। যার সঙ্গে অন্যায় হচ্ছিল।’

চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’র প্রথম পর্ব মুক্তি পায় ৯ ডিসেম্বর। সেটি মুক্তির পর থেকেই দর্শকের মধ্যে বেশ সাড়া পড়েছে বলে জানান চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘জাগো বাহে’ সিরিজের দ্বিতীয় পর্ব ‘লাইটস, ক্যামেরা…অবজেকশন’ দর্শকদের জন্য স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে উপহার। সাংস্কৃতিক মুক্তি আন্দোলনের জোরালো প্রতিবাদের এ গল্প আমাদের নতুন করে ভাবাবে।’

জহির রায়হানের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্‌ওয়ার
প্রথম আলো

গল্পে আমজাদ হোসেন, রাও ফরমান আলীর ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন মীর নওফেল আশরাফি জিসান ও ইন্তেখাব দিনার। এ ছাড়া আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অশোক ব্যাপারী, অপর্ণা ঘোষ, হায়াতুজ্জামান খান, অপূর্ব মজুমদার প্রমুখ।