শব্দের খোয়াব: গল্পটা জেগে ওঠার
দেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও সংগ্রামের ঐতিহাসিক পটভূমিকে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। দেশের ইতিহাস, ঐতিহ্য, বিজয়ের গল্পগুলো নিয়ে নগদ নিবেদিত ‘জাগো বাহে’ শিরোনামে তিনটি অ্যান্থলজি সিরিজ ডিসেম্বর মাসজুড়ে মুক্তি পাবে। এই ধারাবাহিকতায় আজ ৯ ডিসেম্বর রাত আটটায় মুক্তি পাবে ‘শব্দের খোয়াব’। এটি পরিচালনা করেছেন সিদ্দিক আহমেদ।
চরকির ব্যতিক্রমী এই আয়োজনের প্রশংসা করলেন ‘শব্দের খেয়াব’–এর অভিনেতা চঞ্চল চৌধুরী। ক্যারিয়ারে সব সময়ই দেশের ঐতিহ্য, ইতিহাস নিয়ে রুটিনমাফিক কাজে অভিনয় করেছেন। যে কারণে সব সময় একটা আফসোস থাকেই গেছে। এবার সেটা ঘুচল।
এই অভিনেতা বলেন, ‘বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ নিয়ে সারা বছরের কিছু নির্দিষ্ট দিনে রুটিনমাফিক কিছু কাজ হয়। ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ ছাড়া মুক্তিযুদ্ধের কাজ বলতে গেলে হয়–ই না। আবার ফেব্রুয়ারি ছাড়া ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে এসব কাজ শুধু টেলিভিশনেই প্রচারিত হয়। অনলাইনে আলাদা প্রচারিত হতে দেখা যায় না। কিন্তু এবারই প্রথম অনলাইনে (ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম) প্রচারের জন্য ভাষা আন্দোলনের ওপর কাজটি করেছি। এটি প্রচারিত হবে বিজয়ের মাসে। আমি মনে করি, সারা বছর দেশের ঐতিহাসিক পটভূমির কাজ হওয়া উচিত।’
১৯৫২ সাল। সেই সময় বাংলা ভাষার জন্য চারদিকে সোচ্চার দেশের মানুষ। এমন সময় একটি দপ্তরের সাধারণ কেরানির দৈনন্দিন গল্প মুখ্য হয়ে ওঠে। মালিকপক্ষের তৈরি দমবন্ধ পরিস্থিতিতে নির্বিবাদী ছাপোষা এই কেরানির ক্রমশ দ্রোহী হয়ে ওঠার আখ্যান। যেখানে দপ্তরটাই যেন হয়ে উঠেছে পুরো একটি দেশ। বাইরে ভাষার জন্য আন্দোলন চললেও একটি অফিসে ভাষার জন্য সোচ্চার মানুষের সংগ্রাম কেমন ছিল, সেই পরিস্থিতি পর্দায় ভিন্নতার সঙ্গে সুনিপুণভাবে উঠে এসেছে। চঞ্চল বলেন, ‘একজন মানুষ বা একজন শিল্পী হিসেবে আমি মনে করি, ভাষা আন্দোলন বা ইতিহাস নিয়ে অনেক অনেক আন্তর্জাতিক মানের কাজ হওয়া উচিত। ‘শব্দের খোয়াব’ সেই জায়গা সফল। এটা চমৎকার একটি প্রোডাকশন হবে। চরকির এমন একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লেগেছে। দর্শকদের এটুকু বলব, এটা কোনো দায়সারা কাজ নয়।’
আমরা শুরুটা করেছি ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে। কারণ, এটাই আমাদের প্রথম স্বাধীনতা আন্দোলনের সূচনা ছিল। আমাদের জেগে ওঠার প্রথম সূত্রপাত ঘটে ১৯৫২ সালে; যখন আমাদের ভাষার ওপর আঘাত আসে। আমরা শুধু একটি কথা বলব, চরকি সব সময় বৈচিত্র্যময় কনটেন্ট মুক্তির প্রতিশ্রুতি নিয়েই কাজ করে যাচ্ছে।
একজন মানুষ বা একজন শিল্পী হিসেবে আমি মনে করি, ভাষা আন্দোলন বা ইতিহাস নিয়ে অনেক অনেক আন্তর্জাতিক মানের কাজ হওয়া উচিত। ‘শব্দের খোয়াব’ সেই জায়গা সফল। এটা চমৎকার একটি প্রোডাকশন হবে।
একটি অফিসকেই দেশের রূপক অর্থে দেখানোর চেষ্টা করেছেন নির্মাতা সিদ্দিক আহমেদ। সিরিজে সেই সময়কে তুলে ধরাটাই ছিল তাঁর জায়গা থেকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই সময়ের মতো রাস্তাঘাট নেই। সেই সময়ের পোশাক, ভাষাসহ নানা বিষয় যথাযথভাবে তুলে ধরতে গবেষণা করতে হয়েছে। অনেক চলচ্চিত্র দেখার পাশাপাশি বই পড়তে হয়েছে। দিনের পর দিন অভিনয়শিল্পীদের সঙ্গে বসতে হয়েছে। তিনি বলেন, ‘ভিন্ন কিছু করার প্রয়াস থেকেই আমি ভাষা আন্দোলনের গল্পটি বলেছি। যা জাতি হিসেবে আমাদের জেগে ওঠার বা ক্রমশ প্রতিবাদী হয়ে ওঠার যাত্রাটা ধরতে চেয়েছি। আমি এখন যে ভাষায় কথা বলছি, সেটা ভাষা আন্দোলন ও বাঙালির ত্যাগের ফল। নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই গল্পটি বেছে নেওয়া।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বিজয়ের ৫০ বছর উপলক্ষে বাঙালির জেগে ওঠার, বিপ্লবের ও উত্থানের গল্প মনে করিয়ে দিতেই আমরা বিজয়ের মাসের জন্য বেছে নিয়েছি জাগো বাহের মতো সিরিজকে।
বাংলাদেশের ইতিহাসের তাৎপর্যপূর্ণ তিনটি বছর ’৫২, ’৭০ এবং ’৭১–এর তিনটি গল্প নিয়ে এই সিরিজ। আমরা শুরুটা করেছি ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে। কারণ, এটাই আমাদের প্রথম স্বাধীনতা আন্দোলনের সূচনা ছিল। আমাদের জেগে ওঠার প্রথম সূত্রপাত ঘটে ১৯৫২ সালে; যখন আমাদের ভাষার ওপর আঘাত আসে। আমরা শুধু একটি কথা বলব, চরকি সব সময় বৈচিত্র্যময় কনটেন্ট মুক্তির প্রতিশ্রুতি নিয়েই কাজ করে যাচ্ছে।’ অ্যান্থলজি এই সিরিজটিতে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ফারহানা হামিদ, এ কে আজাদ সেতু প্রমুখ।