শুক্রবার প্রেক্ষাগৃহে ‘গুণিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুণিন ছবির পোস্টার

‘গুণিন’ সেন্সর পেয়েছে গত ২০ ফেব্রুয়ারি। অপেক্ষার পালা শেষ। ১১ মার্চ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত চরকি অরিজিনাল সিনেমা ‘গুণিন’।

গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে ছবির গল্প। আধ্যাত্মিক ক্ষমতার কারণে গ্রামে তিনি অত্যন্ত প্রভাবশালী। তিন নাতি—রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পর দুই নাতির মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্প ছবির মূল উপজীব্য। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুনিন’ থেকে সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। সিনেমায় তাঁরা রমিজ ও রাবেয়া। এই সিনেমার শুটিং করতে গিয়েই দুজনের পরিচয়, প্রেম ও পরিণয়—সে কথা সবারই জানা।

ছবি মুক্তি প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘অবশেষে “গুণিন” মুক্তি পাচ্ছে। হলে সিনেমা মুক্তি নিয়ে সব সময় একটা উত্তেজনা কাজ করে। হলের পর ছবিটি আবার চরকিতে দেখতে পারবেন দর্শক। সিনেমায় যাঁরা অভিনয় করেছেন, প্রত্যেকে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সবার কাজে খুবই খুশি।’ চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের জন্য এ এক নতুন অভিজ্ঞতা। সবাইকে হলে গিয়ে “গুণিন” দেখার আমন্ত্রণ।’

চরকি অরিজিনাল ফিল্ম গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত গুনিন–এর সেটে বিয়ের একটি দৃশ্যে শরিফুল রাজ ও পরীমনি
ছবি: চরকির সৌজন্যে

‘গুণিন’ সিনেমায় আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।