স্বপ্ন ছুঁতে চাওয়া তরুণদের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিম বক জুর স্বপ্ন একদিন ভারোত্তোলন করে স্বর্ণপদক জেতার। চ্যাম্পিয়ন হওয়ার জন্য তার চাই দিনরাত অনুশীলন। হঠাৎ প্রেমে পড়েন সে। কিন্তু প্রেমে সময় দিলে ভারোত্তোলনের কী হবে? কিম কি পারবে তার স্বপ্নকে ছুঁতে?
গল্পের কেন্দ্রে কিম বক জুর এ কাহিনি থাকলেও কৈশোর পেরোনো একদল খেলোয়াড়কে নিয়ে তৈরি করা হয়েছে দক্ষিণ কোরিয়ার সিরিজ ওয়েটলিফটিং ফেইরি কিম বক জু। ক্রীড়া বিদ্যালয়ের একদল শিক্ষার্থীর স্বপ্ন ছুঁতে পদে পদে বাধা ডিঙিয়ে যাওয়া, তাদের বন্ধুত্ব আর ভালোবাসার গল্প দিয়ে তৈরি হয়েছে সিরিজের গল্প। জানা গেছে, অলিম্পিকে স্বর্ণপদকজয়ী দক্ষিণ কোরীয় অ্যাথলেট ঝ্যাং মি রানের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে সিরিজটি।

২০১৬–১৭ সাল নাগাদ প্রচারিত এ সিরিজ এবার দেখা যাবে বাংলা ভাষায়। ভাষার মাসে সিরিজটি চরকি মুক্তি দিচ্ছে বাংলায় ডাবিং করে। আজ ২৪ ফেব্রুয়ারি রাত ৮টায় মুক্তি পাবে এটি। চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বাংলাদেশি তরুণ প্রজন্মের কাছে দক্ষিণ কোরীয় কনটেন্টের জনপ্রিয়তা বাড়ছে। সেই সঙ্গে এখানে খেলাও বড্ড ভালোবাসেন তরুণেরা। সে কথা মাথায় রেখে চরকি এবার কোরীয় এ ক্রীড়াকেন্দ্রিক সিরিজটি বাংলা ভাষায় প্রকাশ করছে।

হিয়োং জোং ওহর পরিচালনায় ওয়েটলিফটিং ফেইরি কিম বক জু সিরিজের প্রথম সাতটি পর্ব বিশ্বব্যাপী দেখা যাবে আজ থেকে। বাকি পর্বগুলো পরবর্তীকালে একে একে প্রকাশ করা হবে। সিরিজে অভিনয় করেছেন লি সাং কিওং, নাম জু হিয়াক, লি জেয় ইউন, কিউং সু জিনসহ আরও অনেকে।