স্বপ্নে কী করছেন ‘৭ নাম্বার ফ্লোর’-এর তারকারা
২৯ এপ্রিল উত্তরার ৩ ও ১১ নম্বর সেক্টরের স্বপ্ন আউটলেটে পরিচালক রায়হান রাফি, অভিনেত্রী তমা মির্জা, নবাগত নায়ক রাজ মানিয়াকে দেখা গেল। সেখানে কী করছেন তাঁরা, কেনাকাটা? পরে জানা গেল, নতুন ছবি ‘ফ্লোর নম্বর ৭’-এর প্রচারে তাঁরা ঘুরছেন স্বপ্নের বিভিন্ন আউটলেটে।
এই ঈদে চরকিতে মুক্তি পেতে যাচ্ছে স্বপ্ন নিবেদিত চরকি অরিজিনাল সিনেমা ‘৭ নাম্বার ফ্লোর’। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন সিনেমার পরিচালক ও তারকারা।
সেখানে লিফলেট বিতরণ, চরকির সাবস্ক্রিপশন উপহার দেওয়াসহ সাধারণ মানুষের সঙ্গে তাঁদের সিনেমা নিয়ে কথা বলেন তারকারা। পাশাপাশি দর্শককে তাঁরা ছবিটি দেখার জন্য আহ্বান জানান। ওই প্রচারণায় স্বপ্নের পক্ষ থেকেও তারকাদের উপহার দেওয়া হয়।
‘৭ নাম্বার ফ্লোর’-এর নবাগত নায়ক রাজ মানিয়া বলেন, ‘এটি আমার অভিনীত প্রথম সিনেমা। এর আগেও ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, কিন্তু এ রকম অভিজ্ঞতা কখনো হয়নি। সিনেমাটি আমাকে দর্শকের সামনে নতুন করে পরিচয় করিয়ে দেবে। আজ (২৯ এপ্রিল) প্রমোশনের জন্যই মূলত স্বপ্নতে আসা। আপনারা আমাদের সিনেমাটা দেখে অবশ্যই জানাবেন কেমন লেগেছে।’
‘৭ নাম্বার ফ্লোর’-এ পাখি চরিত্রে দেখা মিলবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জার। সিনেমার প্রচারে এসে তিনি বলেন, ‘এটা একদম নতুন একটা অভিজ্ঞতা হলো। এটি আমার আরেকটা মনের মতো একটি কাজ। আমরা সবাই চেষ্টা করেছি এই সিনেমার মধ্য দিয়ে দর্শককে নতুন কিছু উপহার দেওয়ার। এই ঈদে অবশ্যই চরকিতে চোখ রাখুন “ফ্লোর নম্বর ৭” দেখার জন্য।’
সিনেমাটির পরিচালক রায়হান রাফি বলেন, ‘আমার প্রতিটা সিনেমা আমার কাছে সন্তানের মতো। “ফ্লোর নম্বর ৭”-এর গল্প, সেট, অভিনেতা-অভিনেত্রী সবকিছু মিলিয়ে সিনেমাটা নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শক বলতে পারবেন।’
‘৭ নাম্বার ফ্লোর’ সিনেমায় চিত্রনায়িকা বুবলীসহ বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন জয়। সেই সঙ্গে সুমন আনোয়ারসহ আরও অনেককেই দেখা যাবে সিনেমাটিতে।
ঈদ উৎসবে চরকি ‘এল মুভির ঈদ’-এ ‘ফ্লোর নম্বর ৭’ ছবিটিসহ সুপার হিট আরও অনেক সিনেমা দেখার সুযোগ করে দিয়েছে।