৩ কোটি টাকার গাড়ির ওপর রাস্তায় খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্তিক আরিয়ান
ছবি: ইনস্টাগ্রাম

তিন কোটি টাকার ল্যাম্বরগিনি গাড়িতে চড়েন কার্তিক আরিয়ান। সম্প্রতি সেই গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে পড়েছিলেন রাস্তার খাবারের দোকানে। রাস্তায় দাঁড়িয়ে গাড়ির ওপর রেখে পথের সেই চাইনিজ খাবার খেলেন বলিউডের এই উঠতি তারকা। আজ ছবিগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনাটি মুম্বাইয়ের জুহুতে। সাগর স্ন্যাকস কর্নার নামের একটি দোকানের সামনে ল্যাম্বরগিনি গাড়ি থামিয়ে বনেটে কাগজ পেতে খাবারের পাত্র রেখে খাচ্ছিলেন কার্তিক। ভক্তরা সেটা দেখে যারপরনাই আমোদিত। সেই ছবি পোস্ট করে কার্তিক লিখেছেন, ‘ধামাকাদার চাইনিজ।’

ল্যাম্বরগিনি গাড়ি থামিয়ে বনেটে কাগজ পেতে খাবারের পাত্র রেখে খাচ্ছিলেন কার্তিক
ছবি: ইনস্টাগ্রাম

ধারণা করা হচ্ছে, কার্তিক আরিয়ান অভিনীত ‘ধামাকা’ হতে যাচ্ছে বেশ বিনোদনমূলক এক ছবি। ছবির টিজার এবং ট্রেলার সে কথাই বলছে। ছবিতে কার্তিকের সহশিল্পী ম্রুণাল ঠাকুর ও অম্রুতা সুভাষ। ছবির প্রচারণার জন্য নানা কিছু করে বেড়াতে হচ্ছে কার্তিককে।

সম্প্রতি কার্তিককে দেখা গেছে সালমান খানের রিয়েলিটি শো ‘বিগ বস’-এ। সালমান খান ইতিমধ্যে কার্তিকের ভক্ত হয়ে গেছেন। সেদিনের অনুষ্ঠানে সালমান খান বলেন, ‘এটা দেখে ভালো লাগছে যে তুমি ইতিমধ্যেই দুর্দান্ত সব ছবি করে ফেলেছ। তোমার ছবি নির্বাচন বেশ ভালো। আগেও তুমি ভালো ভালো ছবি বেছে নিয়েছিলে। অভিনয়ও করেছিলে বেশ। তবে এখন আগের চেয়ে আরও ভালো হচ্ছে।’

বিগ বস-এ সালমানকে আলিঙ্গন করছেন কার্তিক
ছবি: ইনস্টাগ্রাম

নভেম্বরের ১৯ তারিখ মুক্তি পাবে কার্তিকের ছবি ‘ধামাকা’। ছবিতে কার্তিককে দেখা যাবে একজন টিভি উপস্থাপকের ভূমিকায়। তাঁর চরিত্রের নাম অর্জুন পাঠক। ছবিটি পরিচালনা করেছেন রাম মাধবনী। এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।