৬০ দিনেই কোটি ছাড়াল ‘রূপকথার জগতে’র ভিউ

‘নেটওয়ার্কের বাইরে’ ছবির ‘রূপকথার জগতে’ গানের দৃশ্যে জোনায়েদ বোগদাদী ও তাসনিয়া ফারিণছবি : চরকির সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে ‘রূপকথার জগতে’। এটি ‘নেটওয়ার্কের বাইরে’ ছবির গান। বন্ধুত্বের গল্প নিয়ে সিনেমাটি চলতি মাসেই চরকিতে মুক্তি পায়। আজ মঙ্গলবার রাতে গানটি কোটি ভিউয়ের এই মাইলফলক অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক মিজানুর রহমান আরিয়ান। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয় ২১ আগস্ট।
‘এক রূপকথার জগতে/ তুমি তো এসেছ আমারই হতে/ কোনো এক রূপকথার জগতে/ তুমি চিরসাথি আমার, জীবনের এই পথে’ এই কথায় গানটি লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। এই গানে কণ্ঠ দিয়েছেন রেহান রসুল ও অবন্তী সিঁথি। গানটির দৃশ্যায়নে আছেন মূলত তাসনিয়া ফারিণ ও জোনায়েদ বোগদাদী।

চরকি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’

গানটি প্রকাশের ১০ দিনের মধ্যেই ১০ লাখ ভিউয়ের মাইলফলক স্পর্শ করে। ৬০ দিনে এসে গানটি এক কোটিবার দেখা হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত গানটিতে লাইক পড়েছে ১ লাখ ৪৫ হাজার। গানটির সংগীত পরিচালক সাজিদ সরকার ফেসবুকে লিখেছেন, ‘যাঁরা আমার গান শোনেন, তাঁরাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। কৃতজ্ঞতা আপনাদের প্রতি এবং ধন্যবাদ “নেটওয়ার্কের বাইরের”সবাইকে।’
ইউটিউবে ‘রূপকথার জগতে’ গানের ভিডিওর প্রশংসা করছেন শ্রোতারা। ভারতের কলকাতা থেকে এম এ তুষার লিখেছেন, ‘আমাদের ভারতের পশ্চিমবঙ্গে এত সুন্দর মন ছুঁয়ে যাওয়ার মতো গান গত কয়েক বছরে তৈরি হয়নি। মন ভালো হয়ে যাওয়ার মতো একটা গান। যেমন লিরিক্স, তেমন সুর, তেমন সিনেমাটোগ্রাফি। আর সমুদ্র তো গানের সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে। অনেক ভালোবাসা রইল।’

নেটওয়ার্কের বাইরে ছবির একটি দৃশ্য

তাসনিম হোসেইন লিখেছেন, ‘এত সুন্দর সুর এত সুন্দর কথা। প্রতিটা সুর প্রতিটা কথা হৃদয় ছুঁয়ে যায়।’ কেয়া ভট্টাচার্য লিখেছেন, ‘উচ্চারণ, বাচনভঙ্গি, সাবলীলতা, লিরিক্স, ভয়েস, সুর সব মিলিয়ে গানটা একটা মাইলফলক হওয়ার অপেক্ষামাত্র।’ রায়হান ইসলাম লিখেছেন, ‘এ গান শুনলে যে জীবনে প্রেমেও পড়েনি, তার চোখেও যেন কিছু অস্পষ্ট ছবি এসে উঁকি দিয়ে যাবে।’ এ রকম ৭ হাজার ২০০–এর বেশি মন্তব্যে ভরে উঠেছে গানের কমেন্ট সেকশন।

গানটির অন্যতম শিল্পী অবন্তী সিঁথি গানের রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান ২০১২’-এ নবম হয়েছিলেন। ২০১৮ সালে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ থেকে পরিচিতি পান তিনি। অন্যদিকে রেহান রাসুল তাঁর ‘বাজে স্বভাব’ গানের মাধ্যমে শ্রোতাদের মধ্যে পরিচিত হয়ে ওঠেন।

চরকির প্রযোজনায় ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের একটি দৃশ্যে অর্ষা ও খাইরুল বাশার
ছবি:সংগৃহীত

‘নেটওয়ার্কের বাইরে’ চার বন্ধুর কাহিনি। একটি ভ্রমণের আয়োজন করে তারা, একত্রে এটিই তাদের প্রথম ভ্রমণ। তাদের ইচ্ছা, প্রতিবছর এমন একটা ভ্রমণে বের হবে তারা। কিন্তু হঠাৎ ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা।