ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিন ধরে চলবে ‘তাবুলা রাসা’
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় মঞ্চে আসছে নতুন নাটক ‘তাবুলা রাসা’। এটি রচনা করেছেন হেনরিক ইবসেন। আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন অধ্যাপক আহমেদুল কবির।
নির্দেশক জানান, নাটকটি তাঁদের জন্য বিশেষ একটি প্রযোজনা। কারণ, হেনরিক ইবসেনের সরাসরি কোনো নাটক থেকে চিত্রনাট্য তৈরি করে মঞ্চায়ন করছেন না। ইবসেন রচিত ‘আ ডল’স হাউস’, ‘পিয়ার গিন্ট’ ও ‘ওয়াইল্ড ডাক’—এ তিনটি নাটকের নির্বাচিত অংশ থেকে ‘তাবুলা রাসা’র চিত্রনাট্য তৈরি করা হয়েছে।
আহমেদুল কবির বলেন, ‘শিক্ষণপ্রক্রিয়ার অংশ হিসেবেই আমরা নাটকটি মঞ্চায়ন করতে যাচ্ছি। হেনরিক ইবসেনের অনেক নাটক আমাদের পাঠ্য ছিল। নাটকের অনেক কিছুই আমাদের মনে দাগ কেটেছে। তাঁর নাটকের ভেতর জীবন, বাস্তবতা, প্রকৃতি, মানুষে মানুষে সম্পর্ক, নারী নির্যাতন, রাজনৈতিক বাস্তবতা, সামাজিক অবস্থাসহ যেসব বিষয় মনে দাগ কেটেছে, সেটাই আমরা তুলে ধরেছি।’
নাটকগুলো মূল থিম ঠিক রেখেই চিত্রনাট্য সাজানো হয়েছে বলে জানালেন নির্দেশক। ‘তাবুলা রাসা’ নাটকের এই নামটি লাতিন ভাষা থেকে গৃহীত। নামের আক্ষরিক অর্থ হলো পরিষ্কার প্লেট। নির্দেশক বলেন, ‘আমরা শূন্য একটি স্লেট বা শূন্য শরীর নিয়ে কাজ করছি। সংলাপ ছাড়াও শরীর কীভাবে রিঅ্যাক্ট করে, শারীরিক অ্যাকটিভিটি দিয়ে কীভাবে একটি ভাষা তৈরি হয়, সেই বিষয়গুলো এই প্রযোজনার মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করছি।’
নির্দেশক মনে করেন, নতুন চিন্তা ও সৃজনশীলতার বিকাশের প্রয়োজনে পৃথিবীর সব ভাষা ও সংস্কৃতির ভান্ডার থেকেই সমৃদ্ধ হওয়া যায়। সেগুলোর সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর জন্যই এ উদ্যোগ। তিনি জানালেন, নাটকটি প্রযোজনা করছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীই অভিনয় করবেন।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার—তিন দিন চলবে এই মঞ্চায়ন। সবশেষে নির্দেশক বললেন, ‘নাটকটি দেখলে দর্শকের মধ্যে নানা ইমেজ তৈরি হবে। দর্শকেরা বর্তমান সময়ের নারীর প্রতি সহিংসতা, মানুষের মধ্যে বৈষম্য—এমন বহু বিষয়ের মিল পাবেন।’