পরীমনির ‘বিয়ে’ থেকে রুনা লায়লা, জুলাইয়ের ৫ ঘটনা
গত জুলাই মাসে রাজধানীতে ছিল বেশ কিছু সাংস্কৃতিক আয়োজন। নাটক, গান, সিনেমার প্রদর্শনীতে ভালো সাড়া মিলেছে। অন্যদিকে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমও ছিল সরগরম।
বিশ্বকাপ ও পরীমনির ‘বিয়ে’
গত ১৯ জুলাই অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপের ফাইনাল। খেলা নিয়ে মাসজুড়েই সরগরম ছিল অন্তর্জাল। প্রিয় দলের পক্ষে জার্সি পরে ছবি পোস্ট করেছেন তারকারা, হার–জিতের পর নানা রকম পোস্ট করেছেন; অন্য তারকার সঙ্গে জড়িয়েছেন মজার বিতর্কে। তবে শেষ দিকে এসে বিশ্বকাপ নিয়ে আলোচনায় চলে আসেন পরীমনি। কারণটা আর কিছুই নয়, ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে জেতার পর আর্জেন্টিনা সমর্থক পরী ঘোষণা দেন, ফাইনালে আর্জেন্টিনা জিতলে তিনি আবার বিয়ে করবেন।
মজা করে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজার হাজার শেয়ারে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। ফাইনাল শেষে আর্জেন্টিনার পরাজয়ের প্রতিক্রিয়ায় পরীমনি মজার ছলে বলেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ এটা নিয়েও বেশ কয়েক দিন আলোচনায় ছিলেন ঢাকাই ছবির এই নায়িকা। সেটার রেশ কাটতে না কাটতেই ফেসবুকে অনুসারীর দিক থেকে সাকিব আল হাসানকে টপকে যান পরী। বর্তমানে পরীমনির ফেসবুক অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে দেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় এখন সবচেয়ে এগিয়ে পরীমনি। আবার খবরের শিরোনাম হন পরী।
আলোচিত গানের অনুষ্ঠান
একটা সময় বর্ষাকালে গানের অনুষ্ঠান সেভাবে হতো না। বছর কয়েক হলো বর্ষাকালেও নিয়মিত হচ্ছে কনসার্ট, সংগীতানুষ্ঠান। অনুমতি জটিলতা, ভেন্যু সংকটসহ নানা সমস্যা কাটিয়ে আবার বর্ষায় নিয়মিত হচ্ছে গানের অনুষ্ঠান। পুরো জুলাই মাসে ছিল নানা আয়োজন। এর মধ্যে গত ১০ জুলাই ‘ওভারলোড ফেস্টিভ্যাল’–এ পারফর্ম করে অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেইট, পাওয়ারসার্জ, নেমেসিস, লেভেল ফাইভ ও রকসল্ট। প্রায় দেড় বছর পর নতুন লাইনআপ নিয়ে মঞ্চে ফেরে অর্থহীন।
পুরো কনসার্টটি তরুণদের মধ্যে আলোচিত হয়। এ ছাড়া গত ২৪ জুলাই পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্টও সাড়া ফেলে। তবে সবচেয়ে আলোচিত ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান। এ দিন তাঁকে সম্মাননাও জানানো হয়। বন্যার্তদের সহায়তার জন্য অনুষ্ঠানে টিকিটের ব্যবস্থা ছিল, যা ছাড়ার প্রায় সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক আগ্রহ ছিল ভক্তদের। পরে রুনা লায়লা ঘোষণা দেন, ভবিষ্যতে বড় পরিসরে গানের অনুষ্ঠান করবেন তিনি। গানের নানা আয়োজনের মধ্যে মন খারাপ করা খবরও ছিল। আজ ঢাকায় একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল ভারতীয় সংগীতশিল্পী অনুপম রায়ের। কিন্তু শেষ মুহূর্তে সরকারি নির্দেশনায় তা স্থগিত করা হয়। এ নিয়ে দেড় মাসের মধ্যে দুইবার অনুপমের গানের অনুষ্ঠান স্থগিত হলো।
ভেনিসে প্রথমবার
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক কোনো বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিল বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা। মর্যাদাপূর্ণ এ উৎসবের অরিজোন্তি বিভাগে মনোনয়ন পেয়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। গত ২৩ জুলাই এই ঘোষণা আসে। এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ৭২০ ডিগ্রিজ ভেনিস চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছিল। সে চলচ্চিত্রটিও প্রযোজনা করেছিল রুবাইয়াতের খনা টকিজ। দ্য ডিফিকাল্ট ব্রাইড-এরও বাংলাদেশি সহপ্রযোজক খনা টকিজ। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। সিনেমায় আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
বিদায় মুস্তাফিজুর রহমান
গত ২৬ জুলাই মারা যান মুস্তাফিজুর রহমান। তিনি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সোনালি সময়ের অন্যতম প্রধান নির্মাতা ও প্রযোজক। তিনি নানাভাবে যুক্ত ছিলেন ‘সময়-অসময়’, ‘এইসব দিনরাত্রি’, ‘পারলে না রুমকি’, ‘শঙ্খনীল কারাগার’সহ বহু নাটক ও চলচ্চিত্রে। পরবর্তী সময়ে বিটিভির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বাংলাভিশন ও গাজী টিভির (জিটিভি) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশের টেলিভিশন সম্প্রচারব্যবস্থার বিকাশে অনন্য অবদান রাখেন তিনি। তাঁর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
আলোচনায় দুই হলিউড সিনেমা
গত ১৭ জুলাই দেশে মুক্তি পায় ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’, গত ৩০ জুলাই পায় ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের ‘স্পাইডার–ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। দুটি সিনেমা নিয়ে সারা বিশ্বের মতো দেশি দর্শকদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়। দুটি সিনেমাই মাল্টিপ্লেক্সে ৫০টির বেশি শো পায়। ছাড়ার পরেই প্রথম কয়েক দিনের টিকিট শেষ হয়ে যায়। এর মধ্যে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে দেশে মুক্তি পায় আন্তর্জাতিক মুক্তির এক দিন আগেই।