অর্ণবের কনসার্ট থেকে ‘দেলুপি’ ছুটির দিনের যত আয়োজন

হালকা শীতের আমেজে আজ ছুটির দিনে রাজধানীতে রয়েছে গান, সিনেমাসহ নানা আয়োজন। জেনে নেওয়া যাক বাছাই কয়েকটি আয়োজনের কথা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হোক কলরব’–এর দুই দশক পূর্তিতে কনসার্ট
সহজ সুর আর কাব্যিক কথার জন্য তরুণদের মধ্যে সাড়া ফেলেছিল ‘হোক কলরব’। ২০০৬ সালে প্রকাশিত গানটি কারও মনে হয়েছিল রোমান্টিক, সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে সেটিই আবার হয়ে উঠেছে আন্দোলনের স্লোগান। আলোচিত হোক কলরব অ্যালবামের দুই দর্শক পূর্তি উপলক্ষে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বলরুমে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট। ‘হোক কলরব’ শিরোনামের আয়োজনটি করছে টুয়েন্টিজ কমিউনিকেশনস। অর্ণবের সঙ্গে মঞ্চে থাকবেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েক। অর্ণব গাইবেন ‘হোক কলরব’, ‘তোমার জন্য’সহ তাঁর জনপ্রিয় কয়েকটি গান। বিকেল পাঁচটায় শুরু হবে অনুষ্ঠান।

পাগলা কানাইকে উৎসর্গ
পাগলা কানাইকে উৎসর্গ করে লোকসংগীতের আয়োজন করেছে ছায়ানট। সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার ছায়ানট মিলনায়তনে শুরু হবে অনুষ্ঠান। পরিবেশিত হবে পাগলা কানাই, রমেশ শীল, কালু শাহ ফকির, কাঙাল হরিনাথ মজুমদার, রাধাবল্লভ সরকার, মহেশচন্দ্র রায়, মাতাল রাজ্জাক দেওয়ান ও কুটি মনসুরের গান। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। ছায়ানটের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

অর্ণব। ফেসবুক থেকে

দুই দিনের নজরুল উৎসব
বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে আজ ও আগামীকাল শনিবার গুলশান সোসাইটি লেক পার্কে বসছে ‘নজরুল উৎসব ২০২৬’। দুই দিনই বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫০ জনের বেশি নবীন শিল্পীর পাশাপাশি এতে অংশ নেবেন প্রতিষ্ঠিত নজরুলসংগীতশিল্পীরা। গান ছাড়াও থাকছে নৃত্য ও আবৃত্তি।

মেঘদলের গান ও আড্ডা
বনানীর বাতিঘর আর্ট স্পেসে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ‘রিভার্ব এক্স মেভারিক: মেঘদল’। এখানে মেঘদলের গান শোনার পাশাপাশি ব্যান্ডের সদস্যদের সঙ্গে সরাসরি আড্ডা দেওয়ার সুযোগ পাবেন দর্শক। উঠে আসবে তাঁদের গান তৈরির গল্প, সংগীতজীবনের অভিজ্ঞতা, নানা স্মৃতি ও সৃজনশীলতার পেছনের ভাবনা।

ওয়ারফেজের গান
আজ রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে হবে ‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসর। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ আয়োজন। তরুণদের অনুপ্রাণিত করতে দেশের বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিরা তাঁদের জীবনের গল্প, সংগ্রাম ও অভিজ্ঞতা তুলে ধরবেন। এ আয়োজনে গাইবে ব্যান্ড ওয়ারফেজ।

চার বছর পর ঢাকায় ওটিলিয়া
আবার ঢাকায় ‘বিলিওনেরা’ গেয়ে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া রোমানিয়ার পপ তারকা ওটিলিয়া ব্রুমা। আজ রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে ‘ওটিলিয়া রিটার্নস : বিলিওনেরা লাইভ ইন ঢাকা’। তাঁর সঙ্গে একই মঞ্চে থাকবেন বাংলাদেশের সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’। ইমেকার্স বাংলাদেশের আয়োজনে কনসার্টটি শুরু হবে বিকেল পাঁচটায়।

ওটিলিয়া। ফেসবুক থেকে

মুনের চোখে সংগীত ও মানুষ
আজ আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় বিকেল সাড়ে পাঁচটায় রয়েছে ফরাসি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও সাউন্ড এক্সপ্লোরার ভিনসেন্ট মুনের বিশেষ প্রদর্শনী। বিশ্বের নানা প্রান্তে ঘুরে বিভিন্ন জনগোষ্ঠীর সংগীত, ধর্মীয় আচার, ঐতিহ্যবাহী অনুষ্ঠান ও সমবেত পরিবেশনার দৃশ্যধারণ করেছেন তিনি।

চলচ্চিত্র প্রদর্শনী

‘দেলুপি’ ও অন্যান্য
যাঁরা মূলধারার বাইরের সিনেমা দেখতে ভালোবাসেন, তাঁদের জন্য ধানমন্ডির রাশিয়ান হাউসে আজ থাকছে ‘সিনে টোটেম স্ক্রিন’। বেলা তিনটা থেকে দেখানো হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র—দ্য চেঞ্জেলিং, দাঁড়কাক/র্যাভেন ও গালিকথন: আ টেল অব সোয়ার ওয়ার্ডস। বিকেল সাড়ে চারটায় প্রদর্শিত হবে দেলুপি ও সন্ধ্যা ছয়টায় রয়েড।
এ আয়োজনে সিনেমার পর নির্মাতাদের সঙ্গে প্রশ্নোত্তর ও আড্ডার সুযোগও থাকে।

জাহিদুর রহিম অঞ্জনকে স্মরণ, পর্দায় তাঁর সিনেমা
চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জন স্মরণে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রে চলবে এ আয়োজন। আজ বিকেল চারটায় আলোকচিত্র, চিত্রকর্ম ও অন্যান্য কাজের প্রদর্শনীর উদ্বোধন হবে। বিকেল পাঁচটায় শুরু হবে স্মরণসভা। একই অনুষ্ঠানে প্রদর্শিত হবে জাহিদুর রহিম অঞ্জনের ১৯৯০ সালে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মর্নিং-এর রিমাস্টার্ড সংস্করণ।

জাহিদুর রহিম অঞ্জন
কোলাজ

বানফ ফেস্টিভ্যাল
আজ রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে হবে বানফ মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল ওয়ার্ল্ড ট্যুর ২০২৬। উৎসবটির আয়োজন করেছে কেওক্রাডং বাংলাদেশ। এবারের প্রদর্শনীতে থাকছে কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র। শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ উৎসব।