টানা ২৬ গান!

শিল্পীর কাছে শ্রোতা-দর্শকেরা অনেক আপন, অনেক বড় আশীর্বাদ। দর্শক-শ্রোতারাই যুগ যুগ বাঁচিয়ে রাখেন শিল্পীদের। আবার এই এরাই যখন প্রিয় শিল্পী ও প্রিয় গানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যান, অনুষ্ঠান শেষ করা নিয়ে শিল্পীরাও ভুলে যান সময়কে। কীভাবে যে নির্ধারিত সময় পার হয়ে যায়, তা টেরই পান না শিল্পীরা। সম্প্রতি এমনই এক ঘটনার জন্ম দিয়েছে গানের দল এলআরবি। এ ধরনের ঘটনা এলআরবির সংগীত ক্যারিয়ারে হাতে গোনা তিন থেকে চারবারই ঘটেছে বলেই জানিয়েছেন ব্যান্ডটির অন্যতম সদস্য কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চু।
রাজধানী ঢাকার কমার্স কলেজের ২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল ব্যান্ডটি। অনুষ্ঠানের শেষ এবং প্রধান আকর্ষণও ছিল ব্যান্ড এলআরবির পরিবেশনা। মঞ্চে ওঠার আগে কয়টি গান গাইবে, তা ঠিক করা হলেও শেষ পর্যন্ত তাতে স্থির থাকতে পারেনি এলআরবি। গানের কারণে দর্শকেরা এতটাই নাকি আপ্লুত হয়ে উঠেছিলেন যে নির্ধারিত সময়ের কয়েকগুণ বেশি সময়ই সেদিন গান গাইতে হয়েছিল এলআরবির সদস্যদের।
এ প্রসঙ্গে প্রথম আলোকে আইয়ুব বাচ্চু বলেন, ‘অনুষ্ঠানে আমরাই ছিলাম শেষ ব্যান্ড। তাই সময় নিয়েও খুব একটা ভাবনা ছিল না। তবে আমাদের কিন্তু নিজেদের সেট ছিল। এত বেশি দর্শক। তাঁদের এত উম্মাদনা, গান শুনতে শুনতে তাঁরা যখন বাঁধনহারা, আমরাও তাঁদের আকুলতায় হয়ে গেলাম পাগলপারা। একটা পর্যায়ে মাইকে অনুষ্ঠান-সংশ্লিষ্টদের একজন ঘোষণাই করলেন যে ২৫ বছর পূর্তিতে এলআরবি এরই মধ্যে ২৬টি গান গেয়ে ফেলেছে।’