পার্থর গানে 'আ কাপেলা'

সংগীতের ‘আ কাপেলা’ ধারাটি এ দেশে তেমন পরিচিত না। এখানে বাদ্যযন্ত্রের পরিবর্তে শিল্পী তাঁর মুখের ব্যবহার করেন। এবার এই ধারাটিকে নিজের জনপ্রিয় একটি গানে ব্যবহার করেছেন পার্থ বড়ুয়া। গানটি হলো ‘বৃষ্টি দেখে’। এই গানের অডিও তৈরির পাশাপাশি তৈরি হয়েছে মিউজিক ভিডিও। ভাবনাটি দারুণ পছন্দ হয়েছে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির। এবার ‘রবি আ কাপেলা’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আয়োজকদের কাছ থেকে জানা গেছে, রবির ৮৩৬৫৫ নম্বরে ফোন করে পার্থ বড়ুয়ার গান শুনবেন শ্রোতারা। এরপর ‘আ কাপেলা’ ধারায় নতুন একটি গান গেয়ে পাঠাতে হবে। তবে, একা নয়; গান তৈরি করতে হবে সংঘবদ্ধভাবে। দুই মাস চলবে এই প্রতিযোগিতা। সেই সব গান শুনবেন পার্থ বড়ুয়া। তিনি এর মধ্য থেকে তিনজনকে সেরা হিসেবে নির্বাচন করবেন। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার আর পার্থ বড়ুয়ার সঙ্গে ‘আ কাপেলা’ ধারায় গান গাওয়ার সুযোগ।
এ প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘আমাদের এখানে ‘আ কাপেলা’ ধারা নিয়ে কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি। আমরা এই ধারাটিকে পরিচিত করার পাশাপাশি জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছি।’ তিনি বলেন, ‘আশা করছি, নতুন ছেলেমেয়েরা এই ধারা নিয়ে কাজ করার ব্যাপারে আগ্রহী হবেন। এখানে লুকোচুরি কোনো সুযোগ নেই, কোনো প্রযুক্তি ব্যবহারেরও সুযোগ নেই।’
‘বৃষ্টি দেখে’ গানটি ‘আ কাপেলা’ ধারায় তৈরি করতে পার্থ বড়ুয়াকে সহযোগিতা করেছেন কেয়া। ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতায় সেরা আটে ছিলেন তিনি।
পার্থ বড়ুয়া আরও জানিয়েছেন, ‘আ কাপেলা’ জনপ্রিয় হলে সামনে এই ধারায় নতুন নতুন গান গাওয়ার ইচ্ছে আছে তাঁর।