শুধু অনলাইনে তিশমার গান

তিশমা
তিশমা

গত বছরের শেষ দিন মেসমোরাইজড নামের নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হন পপগায়িকা তিশমা। একক গানের ১২তম এই অ্যালবাম আপাতত সিডি আকারে প্রকাশিত হচ্ছে না। www.tishmaonline.com ওয়েবসাইটে গানগুলো শুনতে পারবেন শ্রোতারা।
ওয়েবসাইটে অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে তিশমা বলেন, ‘বর্তমান পরিস্থিতি মোটেও ভালো নয়। এ অবস্থায় সিডি আকারে অ্যালবাম প্রকাশ করাটা ভালো সিদ্ধান্ত নয় বলে আমি মনে করি। তাই ভিন্ন পথ বেছে নিতে হয়েছে। আগের কয়েকটি অ্যালবামও আমি এই পথে প্রকাশ করেছি। এটাই আমার কাছে সেরা উপায় মনে হচ্ছে।’
তিশমা বলেন, ‘আমাকে সবাই রক ধাঁচের গানের শিল্পী হিসেবেই বেশি চেনেন। এবারের অ্যালবামে রক ধাঁচের বাইরেও অন্য ধরনের গান করেছি। বলতে পারেন, ভিন্নধর্মী গান নিয়ে মেসমোরাইজড অ্যালবামটি সাজিয়েছি। খুব শিগগির অ্যালবামের বেশ কয়েকটি গানের ভিডিও প্রকাশ করার ইচ্ছাও আছে।’
তিশমার নতুন অ্যালবামের গানের কথা লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, রবিউল ইসলাম জীবন, ফয়সাল রাব্বিকীন, জাহিদ বাবুল প্রমুখ। আর সব গানের সুর ও সংগীত করেছেন শিল্পী নিজে। কয়েক বছর ধরেই নাকি তিনি এই কাজটি করছেন। কারণ হিসেবে জানালেন, ‘সংগীত পরিচালকেরা অকারণে সময় নষ্ট করেন। তাঁদের পেছনে এত সময় নষ্ট করতে ইচ্ছা করে না। আমি যেহেতু নিজেই সংগীত পরিচালনার ব্যাপারটি জানি, তাই নিজে কাজটি করে স্বাচ্ছন্দ্যবোধ করি।’