সেই রাব্বির কণ্ঠে ‘স্বার্থ ছাড়া হয় না মানুষ’

কামরুজ্জামান রাব্বি। ছবি: সংগৃহীত

নতুন গান প্রকাশিত হলো শিল্পী কামরুজ্জামান রাব্বির। গত সপ্তাহ থেকে ‘স্বার্থ ছাড়া হয় না মানুষ’ শিরোনামে গানটির সংগীতচিত্র পাওয়া যাচ্ছে ইউটিউবে। এর আগে ২০১৮ সালে রাব্বি পরিচিতি পান ‘আমি তো ভালা না’ গানের মাধ্যমে। ভীষণ জনপ্রিয় হয়েছিল তাঁর এ গান। নতুন গানটিও লোকজ ধাঁচের। রাব্বির বিশ্বাস ছিল, এ গানটিও পছন্দ করবেন শ্রোতারা। কিন্তু প্রকাশের সপ্তাহ পেরিয়ে গেলেও তেমন সাড়া মেলেনি।

২০১৮ সালে ‘আমি তো ভালা না’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান কামরুজ্জামান রাব্বি। আর গানটি এত জনপ্রিয় হয়, অনেকেই কাভার করতে শুরু করেন। একপর্যায়ে গানের স্বত্ব নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। শিল্পীকে কপিরাইট অফিসের শরণাপন্ন হতে হয়। এত জনপ্রিয় গান যাঁর ঝুলিতে, তাঁর নতুন গান কেন সাড়া ফেলল না, এ নিয়ে এতটুকু চিন্তিন নন রাব্বি। তিনি বলেন, ‘এসব দর্শকের ওপর নির্ভর করে। এ ধরনের গান একদিনে আলোচনায় আসে না, আস্তে আস্তে আসে। তবে যাঁরা গানটি শুনেছেন, সবাই প্রশংসা করেছেন।’

কামরুজ্জামান রাব্বি। ছবি: সংগৃহীত

সম্প্রতি সিলেট অঞ্চলের জনপ্রিয় লোকসংগীত ‘আইলো রে নয়া দামান’ নতুন করে গেয়েছেন রাব্বি। চলছে ভিডিও নির্মাণের কাজ। একটি প্রতিষ্ঠিত সংগীত প্রযোজনা সংস্থার ইউটিউবে প্রকাশিত হবে সেই ভিডিও। রাব্বি বলেন, ‘বহু বছর আগে পণ্ডিত রামকানাই দাস গানটি গেয়েছিলেন। মূল গানের সুর ও বেশির ভাগ কথা ঠিক রেখেই গানটি করেছি আমি।’

কামরুজ্জামান রাব্বি। ছবি: সংগৃহীত

মূলত লোকগানে পথচলা কামরুজ্জামান রাব্বির। প্রায় সাড়ে তিন বছর ছায়ানটে লোকসংগীতে প্রশিক্ষণ নিয়েছেন তিনি, শেষ করেছেন কোর্স। এ পর্যন্ত গেয়েছেন ১৫৪টি মৌলিক গান। সেসবের মধ্যে আছে ‘না ফেরার দেশে’, ‘বামুন হইয়া’, ‘সখী’, ‘সাধু কানা’, ‘গুরু’, ‘একখান পান’। এই শিল্পী বলেন, ‘ছোটবেলা থেকেই গানের সঙ্গে আমার বেড়ে ওঠা। ২০১৪ সালে তিন মাস রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে গানের অনুশীলন করেছি। এরপর ঢাকায় এসে ২০১৬ সালে ভর্তি হই ছায়ানটে। লোকসংগীত নিয়ে কাজ করে যেতে চাই।’

রাব্বির গাওয়া ‘স্বার্থ ছাড়া হয় না মানুষ’ গানটির কথা ও সুর আকাশ নিবিরের। সংগীত পরিচালনা করেছেন দীন ইসলাম শাহরুখ।